বিনোদন ডেস্ক।।
সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে করা ২০০ কোটি রুপির অর্থ আদায়ের মামলায় সাক্ষী হিসেবে দিল্লির আদালতে হাজির হবেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ৬ নভেম্বর রাউস অ্যাভিনিউ আদালতে তার সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, গত ২ নভেম্বর মামলার শুনানিতে নোরার হাজিরা দেওয়ার কথা ছিল। তবে সেদিন তার আইনজীবী আদালতে উপস্থিতি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আগে থেকে পেশাগত ব্যস্ততা থাকায় নির্ধারিত দিনে হাজির হওয়া সম্ভব নয় বলে জানানো হয়।
এরপর আদালত নোরার অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। অতিরিক্ত দায়রা বিচারক গগনদীপ সিং জানান, সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত থাকা তার দায়িত্ব। পরে আজ (৬ নভেম্বর) তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে অভিযোগ, সরকারি কর্মকর্তা পরিচয়ে তিনি ফোর্টিস হেলথকেয়ারের সাবেক প্রমোটার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিংয়ের কাছ থেকে প্রায় ২০০ কোটি রুপি আদায় করেন। শিবিন্দর তখন একটি অর্থ পাচার মামলায় কারাগারে ছিলেন।
তাঁর জামিনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে অদিতির কাছ থেকে অর্থ নেওয়া হয় বলে অভিযোগ। এ মামলায় নোরা ফাতেহি অভিযুক্ত নন; তাকে সাক্ষী হিসেবে আদালতে ডাকা হয়েছে। মামলার তদন্তে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের নামও উঠে এসেছে।











































