স্টাফ রিপোর্টার।।
খুলনায় একটি মোবাইল ব্যাংকিংয়ের নম্বর ভাড়া নেন এক অটোচালক। পরে দেখা যায়, এই নম্বরে মাত্র তিন দিনে লেনদেন হয়েছে ২ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৮০১ টাকা। অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধ লেনদেন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে সিম মালিক মো. লিটন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এসব তথ্য জানান। গত বুধবার সিআইডি প্রধান কার্যালয়ে লিটনকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। তিনি খুলনার খালিশপুরের বড় বয়রা পালপাড়ার বাসিন্দা এবং বৈকালী এলাকার লিটন টি-স্টলের এজেন্ট। সিআইডি কর্মকর্তা ছুফি উল্লাহ বলেন, গত সেপ্টেম্বরের শুরুতে শেখ সাখির আহম্মেদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ১৪ জন দোকানদারের নাম প্রকাশ করেন। সেই সূত্র ধরে লিটনকে শনাক্ত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি কার্যালয়ে তলব করা হয়।
জিজ্ঞাসাবাদে লিটন জানান, নিজের নামে নিবন্ধিত বিকাশ/নগদের এজেন্ট সিম খুলনার বয়রা এলাকার হানিফ নামের এক অটোচালকের কাছে ১০ হাজার টাকায় তিন দিনের জন্য ভাড়া দিয়েছিলেন। সিমটির বিকাশ অ্যাকাউন্টের লেনদেন পর্যালোচনা করে দেখা যায়, গত ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত তিন দিনে ওই অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইন জুয়ার সাইটে ২ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৮০১ টাকা লেনদেন হয়েছে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে লিটন নিজের নামে নিবন্ধিত এজেন্ট সিম টাকার বিনিময়ে অনলাইন জুয়ার কাজে ভাড়া দেওয়ার কথা স্বীকার করেছেন। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি বিকাশ/নগদের এজেন্ট সিম জব্দ করা হয়।











































