Home স্বাস্থ্য বিকেলের নাস্তায় থাকুক মজাদার আলুর নাগেট

বিকেলের নাস্তায় থাকুক মজাদার আলুর নাগেট

0

মিলি রহমান।।

বিকেলের আড্ডা কিংবা ছুটির দিনের অবসরে একটু মুখরোচক খাবার হলে মন্দ হয় না। বিশেষ করে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে যদি তৈরি করা যায় মজাদার কোনো নাশতা, তাহলে তো কথাই নেই।

এমনই একটি সহজ ও সুস্বাদু খাবার হলো আলুর নাগেট। বাইরে থেকে মুচমুচে আর ভেতরে নরম এই খাবারটি শিশু থেকে বড়, সবারই পছন্দ হতে পারে।

আলু দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই নাগেট। রান্নার ঝামেলাও তুলনামূলক কম।

প্রয়োজনীয় উপকরণ একসঙ্গে মিশিয়ে পছন্দমতো আকার দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বিকেলের সুস্বাদু নাশতা। চলুন, জেনে নেওয়া যাক আলুর নাগেট তৈরির সহজ রেসিপি।

তৈরি করতে যা লাগবে: আলু, ডিম, মরিচ গুঁড়া, লবণ, ধনেপাতা কুচি, কর্নফ্লাওয়ার, ময়দা, তেল ও ব্রেডক্রাম্বস।

যেভাবে তৈরি করবেন———————————————————————-

প্রথমে আলুগুলো ভালোভাবে সেদ্ধ করবেন। সেদ্ধ হলে খোসা ছাড়িয়ে আলুগুলো মিহি করে ম্যাশ করে নিন। এবার ম্যাশ করা আলুর সঙ্গে মরিচের গুঁড়া, লবণ ও ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এতে কর্নফ্লাওয়ার ও ময়দা যোগ করে সব উপকরণ একসঙ্গে মেখে নিন।

আলুর মিশ্রণ তৈরি হয়ে গেলে সেখান থেকে অল্প অল্প করে নিয়ে পছন্দমতো আকারে নাগেট তৈরি করুন। এবার প্রতিটি নাগেট প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে নিন। এরপর ব্রেডক্রাম্বসে ভালোভাবে গড়িয়ে নিন, যাতে চারপাশে সমানভাবে প্রলেপ পড়ে।

একটি কড়াইতে তেল গরম করুন। মাঝারি আঁচে নাগেটগুলো সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। গরম গরম আলুর নাগেট পছন্দের সসের সঙ্গে পরিবেশন করুন। বিকেলের নাশতা, অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে ছুটির দিনের আড্ডায় এই সহজ খাবারটি হয়ে উঠতে পারে দারুণ আয়োজন।