স্পোর্টস ডেস্ক।।
সবকিছুরই শুরু আর শেষ আছে। তেমনি গতকাল পর্তুগালের হয়ে এক অধ্যায়ের ইতি টেনেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ২৩ বছরের পথচলা থামিয়ে দিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর বিদায়ের পর প্রথমবারের মতো দল ঘোষণা করেছে নতুন কোচ জর্জ জেসুস। নেশনস লিগের পরবর্তী দুই ম্যাচের জন্য ঘোষিত এই দলে ৭ পরিবর্তন এনেছেন কোচ। অভিষেকের অপেক্ষায় ৪ ফুটবলার।
২৭ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আলবার্তো কস্তা ও গুস্তাভো ভারেলা। আছেন রদ্রিগো মোরা ও জিওভানি কুয়েন্দাও। সাবেক কোচ রবার্তো মার্তিনেজের সময়ে জাতীয় দলে ডাক পেলেও এখনো মূল দলে অভিষেক হয়নি তাদের।
অন্যদিকে উয়েফার নিষেধাজ্ঞার কারণে দলে নেই ফ্রান্সিসকো কনসেইসাও।
নরওয়ের বিপক্ষে লাল কার্ড দেখায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। চোটের কারণে নেই পিএসজির ফুলব্যাক নুনো মেন্দেস। আর কোচের কৌশলগত সিদ্ধান্তে বাদ পড়েছেন গনসালো ইনাসিও।
রোনালদোর অবসরের পর পর্তুগালকে নেতৃত্ব দেবেন কারা তাদের নামও জানিয়েছেন জেসুস। আন্তর্জাতিক ম্যাচ খেলার সংখ্যার ভিত্তিতে এই দায়িত্ব পেয়েছেন বের্নার্দো সিলভা, রুবেন দিয়াস, জোয়াও কানসেলো, রুবেন নেভেস ও ব্রুনো ফার্নান্দেস।
নেশনস লিগে দারুণ ছন্দে আছে পর্তুগাল। প্রথম চার ম্যাচের প্রতিটিতে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। গ্রুপসেরা হতে প্রয়োজন মাত্র এক পয়েন্ট। আগামী ১৫ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে এবারের ফিফা উইন্ডোর প্রথম ম্যাচে মুখোমুখি হবে তারা। ফিরতি ম্যাচ ১৮ নভেম্বর ওয়েলসের বিপক্ষে।
পর্তুগাল স্কোয়াড
গোলরক্ষক : দিয়োগো কস্তা, রুই সিলভা, স্যামুয়েল সোয়ারেস।
ডিফেন্ডার : জোয়াও কানসেলো, দিয়োগো দালোত, আলবার্তো কস্তা, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, টমাস আরাউহো, অ্যান্তোনিও সিলভা, নুনো তাভারেস।
মিডফিল্ডার : রুবেন নেভেস, জোয়াও পলিনিয়া, ম্যাথিউস ফার্নান্দেস, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বের্নার্দো সিলভা।
ফরোয়ার্ড : পেদ্রো নেতো, রদ্রিগো মোরা, ফ্রান্সিসকো ত্রিনকাও, রাফায়েল লিয়াও, জিওভানি কুয়েন্দা, কার্লোস ফোরবস, জোয়াও ফেলিক্স, গনসালো রামোস, ফাবিও সিলভা, গুস্তাভো ভারেলা।











































