ঢাকা অফিস।।
‘নারীরা যদি ক্ষমতায়িত না হন, তাহলে কোনো সভ্যতাই পূর্ণতা পায় না’- এই দর্শনকে সামনে রেখেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “আজকে নানা সংকটের মধ্যেও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দল এবং দেশকে নেতৃত্ব দিচ্ছেন। কর্মসূচি ও রাষ্ট্রীয় দায়িত্ব সুচারুভাবে পালনের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন- একজন দেশপ্রেমিক ব্যক্তি ক্ষমতায় থাকলে জনগণের স্বার্থকেই বড় করে দেখেন।”
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “আগস্টে দেশের মূল্যস্ফীতি কমেছে। তবে, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দেশে গ্যাস ও জ্বালানি সংকট তৈরি হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহনে সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে গ্যাস আমদানির চেষ্টা করছে।”
তিনি বলেন, “মহেশখালীর গভীর সমুদ্রের গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাসের স্বাভাবিক প্রবাহে যে সমস্যা হয়েছিল, তা ঠিক হয়ে আসছে। জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রয়োজনে অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়ে জ্বালানি আমদানির উদ্যোগ নিচ্ছে।”
“আজকে নানা সংকটের মধ্যেও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দল এবং দেশকে নেতৃত্ব দিচ্ছেন। কর্মসূচি ও রাষ্ট্রীয় দায়িত্ব সুচারুভাবে পালনের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন- একজন দেশপ্রেমিক ব্যক্তি ক্ষমতায় থাকলে জনগণের স্বার্থকেই বড় করে দেখেন।”
রিজভী বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার বাজারে হস্তক্ষেপ করছে। বর্ষা শেষে সাধারণত শাকসবজি, চাল, ডাল, লবণসহ খাদ্যপণ্যের দাম বাড়লেও সরকারের কঠোর বাজার তদারকির কারণে এবার প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।”
সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, “জনগণের সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। খাল খননের মতো কর্মসূচির মাধ্যমেও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।”
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রসঙ্গে রিজভী বলেন, “ফ্যামিলি কার্ডের সুবিধা পরিবারের নারী অভিভাবকের হাতে দেওয়ার উদ্যোগ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিবারের অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীরা হাঁস-মুরগি ও ছাগল পালনসহ বিভিন্ন কাজে ভূমিকা রেখে পরিবারের আয় বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।”
শিক্ষাক্ষেত্রে নারীর অগ্রগতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। পরবর্তী সময়ে শিক্ষার সুযোগ আরো সম্প্রসারিত করা হয়েছে। এসব উদ্যোগ নারীর ক্ষমতায়নকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিএনপি সব নারীদের সম্মান করে। নারীর ক্ষমতায়ন, মর্যাদা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে বিএনপি ভবিষ্যতেও কাজ করে যাবে।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “কর্মসংস্থান একটি দেশের উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। বৈদেশিক কর্মসংস্থান বাড়াতেও সরকার কাজ করছে।” মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত করার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ অন্যান্য নেত্রীরা উপস্থিত ছিলেন।









































