স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট তারকা ইমরান খানের দুই ছেলে কাসিম ও সুলেইমান খানের সাক্ষাৎকার সম্প্রচারের জেরে স্কাই স্পোর্টসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ব্রিটিশ বার্তাসংস্থা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন জানা গেছে, ঘটনাটি এতটাই উত্তেজনা তৈরি করে যে, লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম দিনের লাঞ্চের পর মাঠে ফিরতে অস্বীকৃতি জানানোর হুমকি দেয় পাকিস্তান দল।
লর্ডসে প্রথম দিনের খেলা সম্প্রচারের সময় স্কাই স্পোর্টসের উপস্থাপক মাইকেল আথারটনের সঙ্গে সাক্ষাৎকারে ইমরান খানের দুই ছেলে তাদের বাবার সঙ্গে পাকিস্তান সরকারের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা দাবি করেন, কারাবন্দি ইমরান খানকে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে এবং তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে।
কাসিম খান সাক্ষাৎকারে বলেন, ‘তারা কী করছে, তা খুব একটা পরিষ্কার নয়। তারা সেখানে তাকে স্পষ্টতই হত্যা করার চেষ্টা করছে। যতটা সম্ভব তাকে আটকে রেখে নীরব করে দেওয়ার চেষ্টা করছে।’
৭৩ বছর বয়সী ইমরান খান প্রায় তিন বছর ধরে কারাগারে রয়েছেন। সম্প্রতি সুপ্রিম কোর্টের এক রায়ের পর চিকিৎসার জন্য তাকে সাময়িকভাবে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
ইমরানের আইনজীবীরা তার কারাগারের জীবনযাপনকে ধীরগতির হত্যার সঙ্গে তুলনা করেছেন। তার বোনও দাবি করেছেন, কারাগারে তাকে নির্যাতন করা হয়েছে। আইনজীবীদের অভিযোগ, কারাগারের পরিবেশের কারণে তার ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়েছে।
আর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দীর্ঘদিনের সম্প্রচার সহযোগী স্কাই স্পোর্টস ইমরানের ছেলেদের এ সাক্ষাৎকার প্রচার করায় চটেছে পিসিবি। এমনকি স্কাই স্পোর্টসকে সাক্ষাৎকারটি প্রচার না করার জন্য চাপ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে স্কাই তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি।
বৃষ্টির কারণে খেলা বিলম্বিত হওয়ায় লাঞ্চ বিরতিতে সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়। এরপর পাকিস্তানি কর্মকর্তারা তাদের খেলোয়াড়দের মাঠে ফিরতে নিষেধ করার হুমকি দেন বলে জানা গেছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইসিবি কর্মকর্তারা পাকিস্তান দলের সঙ্গে আলোচনা করে বিষয়টি সামাল দেন। শেষ পর্যন্ত বিকেল ও সন্ধ্যার সেশন নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৬টার কিছু আগে খারাপ আলোয় দিনের খেলা বন্ধ হয়ে যায়।
তবে পিসিবির ক্ষোভ এখনো কাটেনি। বিষয়টি পাকিস্তান সরকারের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের কাছেও তোলা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত পাকিস্তান দলের সঙ্গে আলোচনা চলছিল। দ্বিতীয় দিন পাকিস্তান মাঠে নামবে বলে ইসিবিকে আশ্বস্ত করা হয়েছে।
ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার সম্প্রচারে পিসিবির আপত্তির পেছনে পাকিস্তান সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির সরকারি অবস্থানও আলোচনায় এসেছে।
এদিকে ইমরান খানের শারীরিক অবস্থার বিষয়ে বিশ্ব ক্রিকেটের সাবেক তারকারাও উদ্বেগ প্রকাশ করেছেন। সাবেক ইংল্যান্ড অধিনায়কসহ ২১ জন সাবেক ক্রিকেটার এর আগে ইমরান খানের মানবিক আচরণ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এই দলের মধ্যে সাবেক ভারতীয় অধিনায়ক কপিল দেব এবং অস্ট্রেলিয়ার সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্ট ও গ্রেগ চ্যাপেলও রয়েছেন। চলতি সপ্তাহে তারা আবারও ইমরানের স্বাস্থ্যের ‘পূর্ণাঙ্গ ও স্বাধীন মূল্যায়ন’ করার আহ্বান জানিয়েছেন, বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে।
তবে স্কাই স্পোর্টস, ইসিবি এবং পিসিবি- তিন পক্ষই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।










































