Home খেলাধুলা আজ শুরু হচ্ছে নারী এশিয়া কাপ, ফাইনালে চোখ বাংলাদেশের

আজ শুরু হচ্ছে নারী এশিয়া কাপ, ফাইনালে চোখ বাংলাদেশের

0


স্পোর্টস ডেস্ক।।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) নারী এশিয়া কাপের দশম আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে থাইল্যান্ড ও হংকং, চীন।

আগের পাঁচ আসরের মতো এবারও টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ২০১৮ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপটিতে বাংলাদেশের সঙ্গে আছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং এবং চীন।

আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ৮ সেপ্টেম্বর, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, এবার তাদের প্রধান লক্ষ্য ফাইনালে ওঠা।

তিনি বলেন, ‘এবার আমাদের মূল লক্ষ্য ফাইনালে খেলা। এর আগে আমরা সেমিফাইনালে খেলেছি এবং সেখান থেকে বিদায় নিয়েছি। বারবার একই ঘটনা ঘটেছে। এবার আমরা সেই বাধা ভাঙতে চাই।’

গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে ভারত-পাকিস্তান লড়াই। আগামী ৫ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। এরপর ১৩ সেপ্টেম্বর হবে ফাইনাল।

টুর্নামেন্টের সব ম্যাচই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে।