Home জাতীয় নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : বিএফএসএ

নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : বিএফএসএ

7

ঢাকা অফিস।।

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সারা দেশে ধারাবাহিক অভিযান শুরু করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। গত এক সপ্তাহে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা আবুল হাসনাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপদ খাদ্য আইন, ২০১৩ বাস্তবায়নে ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলায় মোবাইল কোর্ট, মনিটরিং ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় পরিচালিত অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, ঢাকা ও মানিকগঞ্জের ৪টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

আইন প্রয়োগের পাশাপাশি সার্বিক খাদ্য ব্যবস্থা তদারকিতে মনিটরিং কার্যক্রম জোরদার করেছে সংস্থাটি। গত এক সপ্তাহে দেশের বিভিন্ন বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি ও খাদ্য প্রক্রিয়াজাতকারী মোট ১৩০টি প্রতিষ্ঠানে মনিটরিং পরিচালনা করা হয়।

জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে গত ১৪ আগস্ট জয়পুরহাটে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। সেমিনারে তিনি বিএফএসএ’র মোবাইল ল্যাবরেটরি ভ্যান পরিদর্শন করেন। এছাড়া বিটিভি ও বাংলাদেশ বেতারে ট্রান্সফ্যাট ও নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক বার্তা প্রচারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় প্রচারণা চালানো হচ্ছে।

সার্বিক বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। জনস্বার্থে আইন প্রয়োগ, মনিটরিং ও সচেতনতামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’