Home আঞ্চলিক প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে অবৈধ তদবিরের অভিযোগ, যুবক গ্রেপ্তার

প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে অবৈধ তদবিরের অভিযোগ, যুবক গ্রেপ্তার

1

বাগেরহাট প্রতিনিধি।।


বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম-পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে মো. কামরুজ্জামান টুকু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. কামরুজ্জামান টুকু (৩৫) হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে প্রযুক্তিগত কৌশল ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে রোববার রাত ১২টার দিকে মোংলা থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। অভিযানের সময় তার কাছ থেকে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি সংবলিত একটি সিল এবং স্ট্যাম্প জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে অবৈধভাবে প্রভাব খাটানো ও তদবির করার অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত শুরু হয়। উদ্ধার হওয়া সিল-স্ট্যাম্পসহ অন্যান্য আলামত যাচাই-বাছাই করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় কামরুজ্জামান টুকুর নাম উল্লেখ করে ঘটনার সঙ্গে জড়িত আরো দুইজনের নামে মামলা করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের সিল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মো. কামরুজ্জামান টুকু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত একটি সিল ও স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, তদন্তে অন্য কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।