শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি একালার লোকালয়সংলগ্ন খালে বিশাল আকৃতির কুমিরের ছাগল খাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি প্রকাশের পর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। আতঙ্ক দেখা দিয়েছে বনসংলগ্ন এলাকায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কুমিরে ছাগল ধরে খাওয়ার ঘটনাটি আজ শনিবার সকালের বলে নিশ্চিত করেছে বন বিভাগ। ভিডিওর বরাত দিয়ে চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির জানালেন, সকাল ১০টার দিকে বনের ঢাংমারী খালের লোকালয়ের পাড়ে ঘাস খাচ্ছিল একটি ছাগল। এ সময় খাল থেকে হঠাৎ করে বিশাল আকৃতির একটি কুমির উঠে ছাগলটির ওপর আক্রমণ করে খালে টেনে নিয়ে যায়। ছাগলটিকে পানিতে এপাশ-ওপাশ আছড়ে তার অঙ্গ-প্রত্যঙ্গ ছিড়ে খেতে থাকে। এমন সময় পাশ থেকে একটি নৌকায় করে যাওয়া লোকজন তাদের মোবাইলে বিরল এই দৃশ্যের ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছেড়ে দেন। মুহুর্তেই সেই ভিডিও দৃষ্টিতে পড়ে বন বিভাগের।
আজাদ কবির আরো জানান, সুন্দরবন সংলগ্ন লোকালয়ের খালপাড় থেকে ধরে কুমিরের ছাগল খাওয়ার ঘটনা এই প্রথম। এ ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বনসংলগ্ন এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বনের পাশের বাসিন্দাদের সতর্ক থাকা এবং তাদের গৃহপালিত প্রাণীগুলো সাবধানে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।











































