Home আঞ্চলিক খুবিতে ক্লাস পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা: দাবি না মানা পর্যন্ত ক্লাসে ফিরছেন...

খুবিতে ক্লাস পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা: দাবি না মানা পর্যন্ত ক্লাসে ফিরছেন না

1


স্টাফ রিপোর্টার।।

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ক্লাস ও পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষার্থীরা। সোমবারও বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি বহাল রাখার ঘোষণা দিয়েছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ফল প্রকাশ ও পরবর্তী সেমিস্টারের কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতির কারণে ইতোমধ্যে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে শুরু করেছেন।

গত বুধবার রাতে বিজয়-২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণের সময় এক ক্যান্টিন কর্মীকে হাতেনাতে আটক করেন শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করাসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি স্কুলের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের টার্ম ফাইনালের কয়েকটি পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি। একই সঙ্গে বিভিন্ন বর্ষের ফল প্রকাশ বিলম্বিত হওয়ায় পরবর্তী একাডেমিক কার্যক্রমও আটকে আছে।

প্রথম বর্ষের শিক্ষার্থী নাঈমুল ইসলাম বলেন, ‘আমাদের টার্ম ফাইনালের কয়েকটি পরীক্ষা এখনও বাকি রয়েছে। আন্দোলনের কারণে সেগুলো অনুষ্ঠিত হচ্ছে না। ফলে পরীক্ষা কবে হবে, সেশন কীভাবে এগোবে এসব বিষয় নিয়ে আমাদের মধ্যে মানসিক চাপ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সহপাঠী বোনদের নিরাপত্তার বিষয়টি সবার আগে নিশ্চিত হওয়া প্রয়োজন।’

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাইমুল ইসলাম বলেন, ‘আমাদের টার্ম ফাইনালের পরীক্ষা অনেক আগেই শেষ হয়েছে, কিন্তু এখনও ফল প্রকাশ হয়নি। ফলে পরবর্তী একাডেমিক কার্যক্রমও শুরু করা যাচ্ছে না। তবে স্থায়ী নিরাপদ পরিবেশ নিশ্চিত হওয়ার বিষয়টি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই দাবি না মানা পর্যন্ত ক্লাসে ফেরার সিদ্ধান্ত থেকে আমরা সরে আসছি না।’

এদিকে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন বলেন, ‘ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে একাধিক জরুরি সভা হয়েছে। সেসব সভায় শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের, তদন্ত কমিটি গঠন, সংশ্লিষ্ট ক্যান্টিনের বরাদ্দ বাতিল, ছাত্রী হলে কর্মচারীদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ, ক্যান্টিন পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন এবং ভবিষ্যতে ওই দুই ছাত্রী হলে কোনো পুরুষ কর্মী নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্রী হলের ওয়াশরুমের ভেন্টিলেটারে অস্বচ্ছ (নন-ট্রান্সপারেন্ট) গ্লাস স্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজ শুরু হয়েছে।