Home জাতীয় সমাপ্ত হলো বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন

সমাপ্ত হলো বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন

0

ঢাকা অফিস।।

২৬টি কার্যদিবস শেষে সমাপ্ত হলো ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন (দ্বিতীয় অধিবেশন)। বুধবার (১৫ জুলাই) অধিবেশন শেষে সংসদ সচিবালয়ের সূত্রে এ তথ্য জানানো হয়।

অধিবেশনের সমাপনী দিনে জানানো হয়, এবারের বাজেটের ওপর সাধারণ আলোচনা চলে মোট ১৪টি কার্যদিবস। এতে সরকারি ও বিরোধী দলের ৩১৬ জন সংসদ সদস্য অংশ নেন এবং মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়।

এই অধিবেশনে গুরুত্বপূর্ণ ১০টি সরকারি বিল পাস হয়েছে। অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী মোট ৭১৫টি নোটিশ জমা পড়ে। এর মধ্যে ২৪টি নোটিশ গৃহীত হয় এবং ২২টির ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচিত হয়েছে। ১৩১ বিধি অনুযায়ী আলোচনা ও নিষ্পত্তি হয়েছে চারটি সিদ্ধান্ত প্রস্তাব।

প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য এ অধিবেশনে ২৭৮টি প্রশ্ন জমা পড়েছিল, এর মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপিত হয়েছে। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য জমা পড়ে পাঁচ হাজার ৩১টি প্রশ্ন। এর মধ্যে তিন হাজার ৪৭৪টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

অধিবেশন চলাকালে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিসহ মোট ১১টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়।