Home বিনোদন নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান

নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান

3

বিনোদন ডেস্ক।।

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান৷ ঢাকার পাশাপাশি কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশে-বিদেশে অসংখ্য সম্মাননা আছে তার ঝুলিতে। বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমাতেও অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতায় মুক্তি পেয়েছিল জয়া আহসান অভিনীত ‘ওসিডি’। তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। এর আগে ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাতেও অনবদ্য অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত হন। ভারতীয় বাংলা সিনেমায় তার ধারাবাহিক সাফল্য শুধু ব্যক্তিগত অর্জনই নয়, বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও বয়ে এনেছে গর্ব।

সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার পশ্চিমবঙ্গসহ ভারতের কয়েকটি রাজ্যে মুক্তি পেয়েছে জয়া আহসানের নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। এটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ২০২৩ সালে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’–এর সিকুয়েল এই সিনেমাটি।

নতুন সিনেমার মুক্তি উপলক্ষে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া আহসান। প্রচার-প্রচারণা, গণমাধ্যমে সাক্ষাৎকার ও বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

কলকাতা গণমাধ্যমে জয়া বলেন, ‘খুব ভালো সময় কাটছে নতুন সিনেমা নিয়ে। এতদিন সিনেমাটি ছিল আমাদের, কিন্তু আজ থেকে এটি দর্শকদের। আশা করছি, তারা হলে গিয়ে সিনেমাটি দেখবেন এবং ভালোবাসায় সিক্ত করবেন।’

মুক্তির প্রথম দিনেই কয়েকটি হলে দর্শকদের ভালো সাড়া পাওয়ার খবরও তাকে আনন্দিত করেছে। জয়া বলেন, ‘শুনছি কয়েকটি হলে হাউজফুল যাচ্ছে। এটা সত্যিই আনন্দের খবর। দর্শক এভাবেই ভালোবাসা দেবেন—এটাই প্রত্যাশা। গল্পটা খুব সুন্দর। কৌশিকদা ভীষণ যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। আমরা যারা অভিনয় করেছি, সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

মুক্তির পর বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে দেখা করবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রচারে সময় দিচ্ছি। সব হলে যাওয়া হয়তো সম্ভব হবে না, তবে কয়েকটি হলে অবশ্যই যাব। আর প্রিমিয়ার শোতে তো থাকছিই।’

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকদের হৃদয় ছুঁয়েছিল সম্পর্কের টানাপড়েন আর মানবিক আবেগের গল্পে। সেই গল্পেরই নতুন অধ্যায় ‘আজও অর্ধাঙ্গিনী’। নতুন সিনেমাতেও সম্পর্কের জটিলতা, ভালোবাসা, বিচ্ছেদ ও জীবনের নানা অনুভূতির গল্প নিয়ে এগিয়েছে।

এ নিয়ে জয়া বলেন, ‘অর্ধাঙ্গিনীর জন্য দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছিলাম। বিশ্বাস করি, আজও অর্ধাঙ্গিনী দেখেও দর্শক তাদের ভালো লাগার কথা বলবেন। শুধু এটুকুই বলব, গল্প তাদের মন ছুঁয়ে যাবে।’

নতুন সিনেমায় জয়া আহসানকে দেখা যাবে মেঘনা চরিত্রে। তার সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগে প্রকাশিত ট্রেলারও দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। ফলে সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশাও বেশি।