Home আন্তর্জাতিক বিজেপিতে যোগ দিলেন মমতা ঘনিষ্ঠ তিন সাবেক এমপি

বিজেপিতে যোগ দিলেন মমতা ঘনিষ্ঠ তিন সাবেক এমপি

1

অনলাইন ডেস্ক।।

তৃণমূল কংগ্রেসের দলীয় বিশৃঙ্খলার মধ্যে নতুন করে আরেক ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজ্যসভার সাবেক তিন এমপি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন।

সল্টলেকের কার্যালয়ে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের কাছে থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক ও সুখেন্দু শেখর রায়। সম্প্রতি তারা সংসদ সদস্য (এমপি) ও তৃণমূলের দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন।

এই তিন সাবেক এমপির আসনেই আগামী ২৪ জুলাই উপনির্বাচন হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, আসনগুলো এখন বিজেপির নিয়ন্ত্রণে যাবে। দলটির পক্ষ থেকে কাদেরকে প্রার্থী করা হবে তা নিশ্চিত করা হয়নি। তবে সদ্য বিজেপিতে যোগ দেওয়া তিনজনই মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন।

শমীক ভট্টাচার্য বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর বিশ্বাস রেখে তিনজন বিজেপিতে যোগ দিয়েছেন। এই মুহূর্তে তাদের একটাই পরিচয়, তারা বিজেপির কর্মী।