স্টাফ রিপোর্টার।।
মিসরের বিরুদ্ধে আর্জেন্টিনার জয়ের পর খুলনা শহরজুড়ে মেসি ভক্তদের উল্লাস ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে শিববাড়ি, সোনাডাঙ্গা থেকে দৌলতপুর এমনকি খালিশপুর থেকে খানজাহান আলী প্রতিটি এলাকায় চলে আনন্দ উৎসব আর বিজয় র্যালি।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই নগরীর বিভিন্ন এলাকায় শুরু হয় মোটরসাইকেল শোভাযাত্রা, আতশবাজি, ঢাক-ঢোলের তালে নাচ এবং বিজয় মিছিল। নীল-সাদা পতাকা হাতে হাজারো ফুটবলপ্রেমীর উচ্ছ্বাসে মধ্যরাতের খুলনা পরিচিতি পায় এক অন্যরকম নগরীতে। তরুণ-তরুণীদের পাশাপাশি এই উৎসবে অংশ নেয় নারী-শিশুরাও।
শহীদ হাদিস পার্ক, শিববাড়ি, সোনাডাঙ্গা, হাফিজনগর, নিরালা, ময়লাপোতা, টুটপাড়াসহ নগরীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখেন হাজারো দর্শক।
খেলার প্রথমার্ধে মেসি ভক্তদের মধ্যে কিছুটা নীরবতা লক্ষ্য করা গেলেও শেষ পর্যায়ে যখন ৩-২ গোলে বিজয়ের বাঁশি ফুঁকেন রেফারি তখনই উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনার সমর্থকরা।
অনেকের গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি, হাতে ছিল পতাকা। বিভিন্ন স্থানে গাড়ির বহরে বাজানো হয় সমর্থকদের প্রিয় গান, চলে স্লোগান।
উল্লাসের একপর্যায়ে নগরী শিববাড়ি এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল স্থবির হয়ে পড়ে।
এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয় যান চলাচল স্বাভাবিক করতে।









































