Home খেলাধুলা ভারত সিরিজের আশা জিইয়ে রেখে দরপত্র আহ্বান বিসিবির

ভারত সিরিজের আশা জিইয়ে রেখে দরপত্র আহ্বান বিসিবির

0

স্পোর্টস ডেস্ক।।

ভারতের বিপক্ষে সম্ভাব্য সিরিজকে সামনে রেখে সম্প্রচার ও ডিজিটাল মিডিয়া স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি ও আগামী বছর বাংলাদেশের কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজের বৈশ্বিক টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সেই তালিকার শীর্ষেই রয়েছে বাংলাদেশ-ভারত সিরিজ। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আসার কথা ভারতের।

যদিও সফরটি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবু বিসিবির দরপত্র আহ্বান সিরিজটি আয়োজনের সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

দরপত্রে বিসিবি জানিয়েছে, সংশ্লিষ্ট আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজগুলোর বৈশ্বিক টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া স্বত্বের জন্য আগ্রহপত্র (ইওআই) ও আর্থিক প্রস্তাব আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলো ২ জুলাই থেকে দরপত্রের নথি সংগ্রহ করতে পারবে। আর সিলগালা খামে অথবা নির্ধারিত ই-মেইলে প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় ২২ জুলাই।

ভারত সিরিজের পাশাপাশি এই দরপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে ২০২৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, ২০২৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট এবং পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের মিডিয়া স্বত্বও।

মূলত গত বছরই বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে সিরিজটি স্থগিত হয়ে যায়। সম্প্রতি বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, বাংলাদেশ সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ভারতের সরকারের পরামর্শ অনুযায়ী।

এর মধ্যেই বিসিবির দরপত্র আহ্বান দুই দলের বহুল প্রতীক্ষিত সিরিজটি মাঠে গড়ানোর সম্ভাবনায় নতুন করে আশার সঞ্চার করেছে।