Home খেলাধুলা গা ঘামাতে ম্যাচে নামছেন মেসি

গা ঘামাতে ম্যাচে নামছেন মেসি

3

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপ ধরে রাখার মিশনে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সাইডবেঞ্চে ছিলেন লিওনেল মেসি। ঝুঁকি এড়াতে ম্যাচে তাঁকে খেলাননি স্কালোনি। পুরো ফিট হয়ে উঠেছেন মেসি। বিশ্বকাপের আগেই এবার গা গরম করতে নামবেন মাঠে।

বাংলাদেশ সময় আগামী (১০ জুন) বুধবার সকাল ৭টায় আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মেসিকে কিছু সময় মাঠে দেখা যাবে। আর্জেন্টাইন কিংবদন্তিকে শুরুর একাদশেই রাখার পরিকল্পনা স্কালোনির। টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

শুধু মেসির ফিট হয়ে ওঠাই নয়, স্কালোনিকে স্বস্তি দেবে নিকো পাজ, গনজালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনার অনুশীলনে ফেরা। বেশ কয়েকদিন ধরে চোট শঙ্কায় থাকা তিন ফুটবলার এই প্রথম দলের সঙ্গে অনুশীলন করেছেন। এর আগে গত শনিবার বড় ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। অনুশীলনে পাওয়া মাংসপেশির চোটে বিশ্বকাপ শেষ হয়েছে লিওনার্দো বালের্দির। এরপর টিওয়াইসি স্পোর্টস জানিয়েছিল, আরও তিন ফুটবলারকে নিয়ে শঙ্কা আছে।

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে চূড়ান্ত দলে যে পরিবর্তন আসতে পারে, সে ইঙ্গিতও দিয়েছিলেন স্কালোনি। নিকো পাজকে নিয়ে অনিশ্চয়তা তুলনামূলক বেশি ছিল। কোমোতে খেলা ২১ বছর বয়সী এ তারকা হাঁটুতে পাওয়া চোটে গত ১০ মের পর থেকে মাঠের বাইরে ছিলেন। সব শঙ্কার মেঘ কাটিয়ে দলের সঙ্গে অনুশীলন করেন তিনি।

ইএসপিএন জানিয়েছে, আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য পুরোপুরি ফিট নিকো পাজ। এবারের বিশ্বকাপে স্কালোনির ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন তরুণ এ অ্যাটাকিং মিডফিল্ডার। বল পায়ে দক্ষতা ও সৃষ্টিশীলতার জন্য তাঁকে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মন্তিয়েল পুরোপুরি ফিট হয়ে না উঠলেও দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন এবং তাঁকে বল নিয়ে কাজ করতে দেখা গেছে।

আগামী সপ্তাহজুড়ে স্কালোনির কোচিং স্টাফ অনুশীলনে চাপ আরও বাড়িয়ে দেবে, যাতে বিশ্বকাপের শুরুতে তাদের পুরো ফিট অবস্থায় পায়। স্বস্তির পাশাপাশি কিছু উদ্বেগের জায়গাও আছে স্কালোনির জন্য। পেশির চোটে পড়া লিয়ান্দ্রো পারেদেস এখনও ফিট হয়ে উঠতে পারেননি। আঙুলে চোট পাওয়া এমিলিয়ানো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। বুধবার আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

ওই ম্যাচের শুরুর একাদশে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে যারা খেলেননি বা খুব কম সময় খেলেছেন, তাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা কোচের।