মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে ‘জনপ্রিয়’ মুড়িমিল মালিক নারায়ন চন্দ্র দাসকে (৭৫) ছুরিকাঘাত করে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে পৌর এলাকার তাহেরপুরে এঘটনা ঘটে। নারায়ন চন্দ্র ওই গ্রামের মৃত নকুল চন্দ্রের ছেলে।
গুরুত্বর আহত মিল মালিককে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহত মিল মালিকের স্ত্রী কানন বালা বলেন, দিনভর বিভিন্ন দোকান থেকে পাওনা সংগ্রহ করে ব্যাগভর্তি পাঁচলাখ টাকা নিয়ে আমার স্বামী মিল থেকে বাড়ি ফিরছিলেন। মিলের অদূরে আমাদের বাড়ি। বাড়ি আসার পথটি বেশ ফাঁকা। তিনি মিল ছেড়ে কিছুদূর আসলে মুখবাধা এক যুবক হানা দিয়ে ব্যাগ ছিনিয়ে নিতে চায়। ধস্তাধস্তির একপর্যায়ে যুবক আমার স্বামীর ডানপাশে পাজরের নিচে ও ডান হাতে ছুরি মেরে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে সবাই এগিয়ে এসে তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ডাক্তার যশোর সদর হাসপাতালে পাঠায়।
মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলমগীর হোসেন শিমুল বলেন, ছিনতাইকারী রোগীর ডানপাশে পেট ও বুকের মাঝামাঝি এবং ডান হাতে ছুরিকাঘাত করেছে। অবস্থা গুরুত্বর হওয়ায় রোগীকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। লোকমুখ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। স্বজনরা বলছেন ব্যাগে ৩০ হাজার টাকা ছিল।








































