আন্তর্জাতিক ডেস্ক
ভারত অপারেশন সিঁদুর ২.০’-র জন্য প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন দেশটি সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। আজ শনিবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
কয়েকদিন আগেও পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে উপেন্দ্র দ্বিবেদী বলেছিলেন, ‘ভারতবিরোধী কার্যকলাপে লাগাম না টানলে, চরম ফল ভুগতে হবে। কদিন না যেতেই আবার ইসলামাবাদকে কড়া বার্তা সেনাপ্রধানের।’
অপারেশন সিঁদুর এখনও চলছে জানিয়ে সংবাদ সংস্থা এএনআইয়কে ভারতের সেনাপ্রধান বলেন, বর্তমান পরিস্থিতিকে ‘শত্রুতার সাময়িক অবসান’। ভারতীয় সেনা ও তিনটি শাখাতেই অপারেশন ২.০-র প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে আমরা আমাদের পারস্পরিক সমন্বয় জোরদার করার দিকটা বিবেচনা করছি। পরবর্তী সংঘর্ষের জন্য নিজেদের প্রস্তুত করে চলেছে। তবে পাকিস্তানের নাম সরাসরি নেননি তিনি।
তিনি আরও বলেন, ‘রণক্ষেত্র এতটাই স্বচ্ছ যে প্রতিটি গতিবিধি অপরপক্ষের জানা। তাই আমাদের সেনা মোতায়েন, ব্যবহার এবং সীমান্ত এলাকার অসামরিক নাগরিকদের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে।’
প্রসঙ্গত, গত বছরের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান।
সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত ১১টি বিমানঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাকিস্তানি সেনা। শেষ পর্যন্ত সংঘর্ষবিরতিতে রাজি হয় ইসলামাবাদ-নয়াদিল্লি।











































