Home বিনোদন আমার লেহেঙ্গাটা শাকিব খানের খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল: অপু বিশ্বাস

আমার লেহেঙ্গাটা শাকিব খানের খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল: অপু বিশ্বাস

1


বিনোদন ডেস্ক


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি অপু বিশ্বাস ও শাকিব খান-এর ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে। দীর্ঘদিন পর এক সাক্ষাৎকারে তাদের গোপন বিয়ের সময়কার নানা অজানা স্মৃতি তুলে ধরেছেন অপু বিশ্বাস, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
অপু বিশ্বাস জানান, বিয়ের দিন পরিবারের সদস্যদের পার্লারে যাওয়ার কথা বলে তিনি গুলশানে শাকিব খানের বাসায় যান। সেদিন বাসার বেশিরভাগ সদস্য পারিবারিক একটি অনুষ্ঠানে বাইরে থাকায় পরিবেশ ছিল শান্ত ও নিরিবিলি। সেই সুযোগেই কাজীর উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।


স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেত্রী বলেন, বিয়ের জন্য নির্ধারিত লেহেঙ্গাটি খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। এমনকি তার ব্যবহারের গয়নাগাটিও রাখা হয়েছিল একটি ব্যাগে, যেখানে শাকিব খানের ব্যক্তিগত পোশাক সংরক্ষণ করা হতো। পুরো আয়োজনই ছিল অত্যন্ত গোপনীয়, যাতে বিষয়টি কোনোভাবেই বাইরে প্রকাশ না পায়।

বিয়ে সম্পন্ন হওয়ার পরও সেদিন সন্ধ্যার আগেই নিজের বাসায় ফিরে যান অপু। কারণ পরিবারের কাছে দেওয়া সময়সীমার মধ্যে বাসায় পৌঁছানো জরুরি ছিল। এরপর দুজনই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। বিয়ের বিষয়টি গোপন থাকায় তারা আলাদাভাবেই বসবাস করতেন এবং স্বাভাবিকভাবে শুটিং চালিয়ে যেতেন।

অভিনেত্রীর ভাষ্য, একসঙ্গে বিভিন্ন আউটডোর শুটিংয়ে অংশ নেওয়া এবং পারস্পরিক আচরণের কারণে ধীরে ধীরে তার মায়ের মনে সন্দেহের সৃষ্টি হয়। যদিও শুরুতে পরিবারের কেউ বিষয়টি বুঝতে পারেননি। পরে বিভিন্ন ঘটনা ও পারিবারিক আলোচনার মাধ্যমে বিয়ের প্রায় ছয় মাস পর পরিবারের সদস্যরা তাদের সম্পর্কের বিষয়টি জানতে পারেন।

অতীতের স্মৃতিচারণের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও বলেন অপু বিশ্বাস। তার মতে, দীর্ঘদিন পর যদি তাকে এবং শাকিব খানকে নিয়ে একটি বিশুদ্ধ রোমান্টিক চলচ্চিত্র নির্মিত হয়, তবে তা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে পারে। তিনি মনে করেন, বর্তমানে শাকিব খানের অধিকাংশ সিনেমা অ্যাকশনধর্মী হলেও দর্শকদের একটি বড় অংশ এখনো তাদের রোমান্টিক জুটিকে পর্দায় দেখতে আগ্রহী।