স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীতে দুর্বৃত্তরা সোনা মিয়া (৩৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। গত শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে সোয়া ১২টার দিকে নগরীর খালিশপুরের নয়াবাটি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সোনামিয়া নগরীর নয়াবাটি এলাকার জব্বার সরদারের ছেলে। তিনি জাতীয়তাবাদী তাঁতীদলের ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ’সোনা মিয়া নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে তিনজন দুর্বৃত্ত এসে দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর জখম অবস্থায় জীবন বাঁচাতে তিনি দৌঁড়ে পাশের একটি বাসায় আশ্রয় নেন। দুর্বৃত্তরা তার পিছু নিয়ে সেখানে গিয়েও তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় খালিশপুর ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ‘
হামলাকারী দুর্বৃত্তদের মধ্যে একজন হেলমেট ও অপর দুইজন মাক্স পরিহিত ছিল। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের ধারণা, ’রাজনৈতিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, কী কারণে ও কারা সোনা মিয়াকে হত্যা করা করেছে, তা এখনো বলা যাচ্ছে না। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী হত্যাকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেন। ওসি জানান, ’ঘটনাটি তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’









































