Home আঞ্চলিক দেখা নেই খুলনার প্রাণের একুশে বইমেলার: ঈদের পরে আয়োজনের সম্ভাবনা

দেখা নেই খুলনার প্রাণের একুশে বইমেলার: ঈদের পরে আয়োজনের সম্ভাবনা

30

মো. মামুন হোসেন
দেশের রাজধানী ঢাকার বাইরে একমাত্র খুলনাতে দীর্ঘ বিশ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছিল অমর একুশে বইমেলা। প্রতি বছর বাংলা একাডেমি ঢাকার বইমেলার আয়োজন করার সাথে সাথেই পহেলা ফেব্রুয়ারি থেকে সারা মাসব্যাপী খুলনায় বসতো মহান একুশে বইমেলা। কিন্তু এবছর ভাষার মাসের অর্ধেক পেরিয়ে গেলেও দেখা নেই বইমেলার। ফলে বৃহত্তর খুলনা ও এর পাশ্ববর্তী জেলা সমূহের লেখক ও প্রকাশকেরা রয়েছে এক অতৃপ্ত আবেশে।


ভাষার মাস ফেব্রুয়ারির দুই সপ্তাহ পেরিয়ে গেলেও রাজধানী ঢাকায় বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলা আয়োজন না হওয়ার পাশাপাশি ঢাকার বাইরে একমাত্র খুলনাতেও বইমেলা আয়োজনের কোনো প্রকার প্রক্রিয়াই শুরু হয়নি।
দেশে অরাজনৈতিক সরকার আয়োজিত নির্বাচন ব্যবস্থা শেষ ও মুসলমানদের ইবাদতের মাস রমজান শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। ফলে খুলনা জেলা প্রশাসন একুশে বইমেলা আয়োজনে আগ্রহ না দেখালেও ঈদ পরবর্তী সময়ে খুলনাবাসীর প্রাণের বইমেলা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। খুলনায় রয়েছে ৯০টির অধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও রয়েছে একাধিক আবৃত্তি এবং নাট্য সংগঠন। মেলায় থাকে প্রায় অর্ধশত বইয়ের স্টল, খাবারের দোকান ও শিশুদের চিত্তবিনোদনের ব্যবস্থা। আরও থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবেশনা। মেলায় আগত দর্শনার্থীরা বই ক্রয়ের পাশাপাশি মঞ্চে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে থাকেন। তবে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হওয়ায় দিনে দুই বা ততোধিক প্রতিষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে থাকে।


জানা যায়, স্থানীয় কিছু লেখক ও প্রকাশক এবং সাহিত্য সংগঠক আবার ফেব্রুয়ারি মাসেই বইমেলা আয়োজনের পক্ষে। অপর পক্ষ চাইছে ঈদের পরে মাসব্যাপী বইমেলা আয়োজন করতে। ঈদের পরে আয়োজনের কারণ হিসেবে তারা বলছেন, নির্বাচন পরবর্তী রাজনৈতিক অবস্থা ও রমজান মাসে দিনে সিয়াম সাধনা করে সাধারণ পাঠকগণের মেলায় আগ্রহ কম থাকবে। ফলে ব্যবসায়ীরা আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।
বইমেলা প্রসঙ্গে বিশিষ্ট কবি ও ছোটগল্পকার মো. আশরাফুল আলম বলেন, একুশে বইমেলা বাঙালীর প্রাণের মেলা। এই মেলায় সকল বয়সী জনগণ অধিকাংশই স্বপরিবারে অংশ নিয়ে থাকেন। এছাড়াও এখানে শুধু বিনোদন হলেই হবেনা, ব্যবসায়িক দিকটিও মাথায় রাখতে হবে।


তিনি আরও বলেন, লেখক ও প্রকাশক তাদের লেখা বই ছাপাবেন পাঠকদের হাতে তুলে দেয়ার জন্য। কিন্তু জনতার বৃহৎ একটা অংশ সিয়াম সাধনা ও ইবাদতে থাকার জন্য মেলায় দর্শনার্থীদের সংখ্যা কমে যাবে। স্বাভাবিক ভাবেই বইয়ের বেঁচাকেনা কমে যাবে। ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। তাই রোজার পরে মেলা অনুষ্ঠিত হলেই ভালো হয়। সাহিত্য সংগঠন নতুন তারার সাইফুর মিনা বলেন, একুশে বইমেলা অনুষ্ঠিত হোক সেটা আমিও চাই। তবে ব্যবসায়িক দিকটাও দেখতে হবে। দেশে অনির্বাচিত সরকারের কারণে সবকিছুতেই একটা স্থবিরতা বিরাজ করছিলো। এখন নির্বাচিত সরকার আসছে। আবার ইবাদতের মাস রমজানও আসছে। তাই মেলায় আগত দর্শনার্থীদের অধিকাংশ সিয়াম সাধনায় থাকায় বই বিক্রয় কমে যাবে। আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবো। তবে ঈদের পরে মেলা অনুষ্ঠিত হলে মানুষদের পর্যাপ্ত পদচারণা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হবেন।


একুশে বইমেলা প্রসঙ্গে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার খুলনা’র প্রিন্সিপাল লাইব্রেরিয়ান কাম উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান দৈনিক খুলনাঞ্চলকে বলেন, বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলা রাজধানীতেই হয়ে থাকে ভাষার মাসে। কিন্তু ঢাকার বাইরে একমাত্র খুলনায় একুশে বইমেলা দীর্ঘ বিশ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। দেশের রাজনৈতিক অস্থিরতা এবং সিয়াম সাধনার মাস রমজান নিকটবর্তী। তাই বইমেলা ঈদের পরেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। মেলার বিষয়ে জেলা প্রশাসকের সাথে সমন্বয় সভায় আলোচনাও হয়েছে গত ১৫ ফেব্রুয়ারিতে।


অপর সূত্র জানায়, সংস্কৃতি মন্ত্রণালয় একুশে বইমেলা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে। তবে কবে নাগাদ বইমেলা নিশ্চিত ভাবে অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ঈদের পরেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশী।


উপ-পরিচালক হামিদুর রহমান আরও বলেন, আমাদের জায়গা থাকা সত্ত্বেও প্রতিবছরই স্বল্প পরিসরে মেলার আয়োজন করতে হয়। এখনকার ভবনটি অনেক পুরাতন। সংস্কৃতি মন্ত্রণালয় এই ভবনটি ভেঙে দুইশত কোটি টাকা ব্যয়ে পেছনের খালি জায়গা ও ভবনের কিছু অংশ নিয়ে দশ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে। তখন মেলার কলেবর আরও বৃদ্ধি পাবে।