Home আঞ্চলিক মণিরামপুরে লাগামহীন সবজির বাজার

মণিরামপুরে লাগামহীন সবজির বাজার

43

আনোয়ার হোসেন,মণিরামপুর (যশোর) ॥

হঠাৎ করেই মণিরামপুরে অস্থির হয়ে উঠেছে সবজির বাজার। পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ ও আলুর সাথে তাল মিলিয়ে চড়া দামে বিক্রি হচ্ছে শীতের আগাম সবজিসহ সব ধরণের সবজি। দামের বড় ব্যবধান রয়েছে পাইকারি এবং খুচরা বাজারেও। দোকানিরা যে যেমনি পারছেন হাতিয়ে নিচ্ছেন অধিক মুনাফা। বিক্রেতাদের চাহিদামত দাম দিতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা। ফলে নাভিশ্বাস উঠছে খেটে খাওয়া সাধারণ মানুষের।

গত একসপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, অতিবৃষ্টির কারণে শীতের আগাম সবজি অনেকাংশ নষ্ট হওয়ায় মৌসুমের শুরুতে দাম বেশ চড়া। আর মজুদ রেখে মোকাম থেকে বেশি দামে আলু বিক্রি হওয়ায় খুচরা বাজারে দাম বেশি।

সোমবার সরেজমিন মণিরামপুর বাজারে খুচরা দোকানঘুরে দেখা গেছে, আলু ৪৫-৫০ টাকা, কাঁচা মরিচ ১৮০-২০০ টাকা, পেঁয়াজ ৮০-৯০ টাকা, সিম ১২০ টাকা, রসুন ১০০ টাকা, টমেটো ৮০ টাকা, বেগুন ৭০ টাকা, কাঁচকলা ৫০ টাকা, করোলা ৭০ টাকা, পটল ৪৫ টাকা, পাতাকপি ৪০ টাকা ও পালংশাক ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গ্রাম অঞ্চলের হাটগুলোতে আরো বেশি দামে বিক্রি হচ্ছে সবজি।

কামালপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম বলেন, সবজিসহ সব জিনিসের দাম এমনভাবে বেড়েছে যে বাজার করতে আসলে হিমসিম খেতে হচ্ছে।

মণিরামপুর কাঁচা বাজার দোকান সমিতির সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, সব জিনিসই আমাদের চড়া দামে কিনতে হচ্ছে। অতিবর্ষার কারণে এবার শীতের আগাম সবজি নষ্ট হওয়ায় দাম খানিকটা বেশি। মণিরামপুর পাইকারি কাঁচা বাজারের ব্যবসায়ী শিপন হোসেন বলেন, মোকাম থেকে আলু না ছাড়ায় দাম বেড়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী বলেন, দ্রব্যমূল্যের বাজারদর নিয়ন্ত্রণ রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।