স্টাফ রিপোর্টার।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ৬টি আসনের মধ্যে ৫টিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে মনোনয়ন পেয়েছেন দলটির জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, যা তৃণমূল পর্যায়ে এক ধরনের চমক ও উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।
জানা গেছে, একদিন আগে তাকে খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়। এর একদিন পরেই কেন্দ্র থেকে তাকে খুলনা-৬ আসনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। দলের ভেতরে অনেকে এটিকে তরুণ নেতৃত্বকে মূল্যায়নের প্রতীক হিসেবে দেখছেন।
দলীয় সূত্রে জানা যায়, খুলনা-১, ২, ৩, ৪, ৫ ও ৬—মোট ৬টি আসনের মধ্যে ৫টিতে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। খুলনা-৬ আসনে মনিরুল হাসান বাপ্পির নাম ঘোষণার পর থেকেই পাইকগাছা ও কয়রার নেতাকর্মীরা ব্যাপক আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে অভিনন্দনের ঢল।
স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, মনিরুল হাসান বাপ্পি দীর্ঘদিন ধরে খুলনা অঞ্চলে দলের সংগঠন শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার প্রার্থিতা তরুণ ও নিবেদিতপ্রাণ কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
তৃণমূলে অনেকেই মনে করছেন, বাপ্পির প্রার্থিতা খুলনা-৬ আসনে বিএনপির জন্য নতুন রাজনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।











































