স্টাফ রিপোর্টার।।
খুলনার খালিশপুরে পারিবারিক দ্বন্দ্বের জেরে সবুজ খান (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে নগরীর খালিশপুর হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মূল অভিযুক্ত নাজমাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
স্থানীয়রা জানান, নিহত সবুজের শ্যালিকা নাজমা ও তার ছেলেদের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সকালে বাজারে যাওয়ার সময় নাজমা ও তার ছেলেরা ধারালো অস্ত্র দিয়ে সবুজের ওপর হামলা চালায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শাহীনুর ও মেয়ে অভিযোগ করেন, আগের নিহতের প্রতিবন্ধী ছেলেকে কয়েকদিন আগে মারধর করে নাজমার ছেলেরা, পরবর্তীতে অন্য একটি ঘটনায় একজন নিরীহ লোককে তারা মারছিল, নিহতের ছেলে তাদের ছাড়িয়ে দেয়, এসবের জেরে নাজমা ও তার ছেলেরা পরিকল্পিতভাবে সবুজকে হত্যা করেছে। তারা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাজমা নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।











































