খুলনাঞ্চল রিপোর্ট
সুনামগঞ্জের তাহিরপুরে শহীদ মুক্তিযোদ্ধা সিরাজ লেকে (নিলাদ্রী লেক)’র পাশে পর্যটকবাহী একটি হাউসবোটে জেনারেটর বিস্ফোরণে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনা ঘটে। এ সময় নৌকায় অন্তত ১২ জন পর্যটক ছিলেন। আগুনে পুরো নৌযানটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন হাউসবোটে অবস্থানকারী ১২ পর্যটক। নৌকা পুড়ে ছাই হয়ে গেলেও তারা সুস্থ ও নিরাপদে আছেন।
এলাকাবাসী ও হাউসবোটের সংশ্লিষ্টরা জানান, উপজেলার পুটিয়া গ্রামের পাশের নদীতে ‘সুলতান’ নামের হাউসবোটটি নোঙর করা ছিল। শুক্রবার দুপুরে তাহিরপুর উপজেলা সদর থেকে ১২ জন পর্যটককে নিয়ে হাউসবোটটি টাঙ্গুয়ার হাওর ঘুরে টেকেরঘাট খনিজ প্রকল্প সংলগ্ন পুটিয়া গ্রামের পাশে ছোট নদীতে নোঙর করে।
রাত সাড়ে ৮টার দিকে পর্যটকরা নৌকায় বিশ্রাম নিচ্ছিলেন। এসময় রাতের খাবারের প্রস্তুতিও চলছিল। এসময় এক পর্যটক তার মোবাইল চার্জ দিতে মাল্টিপ্লাগে সংযোগ দিতে গেলে বিস্ফোরণের শব্দে আগুন লেগে যায়। মুহূর্তেই কাঠের তৈরি হাউসবোট নৌকাটি দাউ দাউ করে জ্বলতে থাকে। বিস্ফোরণের শব্দে দ্রুত পর্যটকরা বেরিয়ে এসে পাশের একটি নৌকায় আশ্রয় নেন এবং রক্ষা পান।
হাউসবোটের কর্মী মো. ইব্রাহিম খলিল জানান, একজন পর্যটক অসাবধানতাবশত জেনারেটরের মাল্টিপ্লাগে মোবাইল চার্জ দিতে গিয়ে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নৌকাটি জ্বলে গেলেও সবাই রক্ষা পেয়েছেন। তবে নৌকার ভেতর মূল্যবান জিনিসপত্রও পুড়ে নষ্ট হয়ে গেছে।
স্থানীয় লেদারবন্দ গ্রামের বাসিন্দা ফেরদৌস আলম বলেন, হঠাৎ বিস্ফোরণের শব্দ ও লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে আমরা ছুটে আসি। আমরা তাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসি।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, হাউসবোটে আগুনের খবর পেয়ে আমরা দ্রুত পুলিশ পাঠিয়েছি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পর্যটকরা সুস্থ ও নিরাপদে আছেন। জেনারেটর থেকেই আগুনের উৎপত্তি বলে আমরা জানতে পেরেছি।











































