Home আন্তর্জাতিক সাদা ধোঁয়া জানান দিলো নির্বাচিত হয়েছেন নতুন পোপ

সাদা ধোঁয়া জানান দিলো নির্বাচিত হয়েছেন নতুন পোপ

18


খুলনাঞ্চল ডেস্ক
ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া উড়ছে। এর মানে হলো ভোটদান প্রক্রিয়া শেষ হয়েছে এবং কার্ডিনালরা পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নিয়েছেন। তবে এখনো জানানো হয়নি কাকে নতুন পোপ নির্বাচিত করা হয়েছে। তবে সিস্টিন চ্যাপেলের বারান্দায় যখন তিনি উপস্থিত হবেন তখনই সেটা জানা সম্ভব হবে। এক ঘণ্টার মধ্যে এটি স্পষ্ট হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সাদা ধোঁয়া উঠতেই ভ্যাটিকানে জড়ো হওয়া জনগণ উচ্ছ্বাসে ফেটে পড়েছে, সবাই সামনে এগিয়ে যাওয়ার জন্য দৌড়াচ্ছে। মানুষ আনন্দে লাফাচ্ছে, কেউ কেউ আকাশের দিকে মুখ তুলে প্রার্থনা করছে। গ্রিস থেকে আসা এক দম্পতি একে ‘জীবনে একবারের অভিজ্ঞতা’ বলে উল্লেখ করে বলেন, তারা ব্যালকনিতে নতুন পোপকে দেখার জন্য অপেক্ষা করবেন। জায়গাটিতে শব্দ এতটাই তীব্র যে ঘণ্টাধ্বনির গম্ভীর আওয়াজ চত্বরজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে, আর মানুষ উল্লাস ও চিৎকারে মেতে উঠেছে।
এ ছাড়া গাঢ় নীল পোশাক পরা একটি মার্চিং ব্যান্ড সঙ্গীত বাজাতে বাজাতে ভ্যাটিকানের ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছে। তাদের পাশে রয়েছে সুইস গার্ড, যারা তাদের নীল-হলুদ ডোরা পোশাকে সজ্জিত। ভিড়ের লোকজন করতালি দিচ্ছে এবং এই দৃশ্য ক্যামেরায় ধারণ করতে ফোন উঁচু করে ধরছে।
ভ্যাটিকানে জড়ো হওয়া জনগণের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ দেখা যাচ্ছে। পতাকা নাড়ানো হচ্ছে এবং মানুষ পরস্পরকে জড়িয়ে ধরছে। কারণ ক্যাথলিক চার্চের পরবর্তী নেতা অনুসন্ধান শেষ হয়েছে।
গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। তারই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেওয়ার বিষয়টি সামনে আসে।
বুধবার সকালে প্রার্থনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শুরু হয় পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা। এই আয়োজনে সভাপতিত্ব করেন ৯১ বছর বয়সী কার্ডিনাল ডিন জিওভান্নি বাতিস্তা রে। এবার ২৬৭তম পোপ নির্বাচন করলেন কার্ডিনালরা, যে নির্বাচন প্রক্রিয়াকে কনক্লেভ বলা হয়।
কালো ধোঁয়ার অর্থ হলো পোপ নির্বাচিত হননি। আর সাদা ধোঁয়া দেখার মানে হলো নতুন পোপ নির্বাচিত হয়েছেন।