খুলনাঞ্চল রিপোর্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার, আবার বিপদে নিমজ্জিত করার জন্য অত্যন্ত সুচতুরভাবে নতুন চক্রান্ত শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদেরকে বিতর্কিত করা হচ্ছে।’
সোমবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির মহাসচিব এ কথা বলেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মহাসচিব বলেন, ‘জাতির বিবেক হিসেবে সাংবাদিকরা সব সময় দেশের সংকটময় মুহূর্তে সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জনগণকে সঠিক তথ্য দিয়ে তাদের সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। আজকে আমাদের প্রত্যাশা আপনারা আবারো সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিশেষ করে মিডিয়া সেলের কাছে আমাদের প্রত্যাশা বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রপাগাণ্ডা এখনো চলছে; এর বিরুদ্ধে আপনারা কাজ করবেন। তবেই গোটা জাতি রুখে দাঁড়াবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’









































