দর্শনায় কেরুজ শ্রমিক কর্মচারীর নবাগত সাধারণ সম্পাদক হাফিজের দায়িত্বভার গ্রহণ
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নতুন সাধারণ সম্পাদকের দায়িত্বভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় শ্রমিক- কর্মচারীর কার্যালয়ে চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (অর্থ) মোঃ আঃ সাত্তার,মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়া, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা।জিলবাংলা চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) মোহাম্মদ ইউসুফ আলী।এসময় প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসানের মাধ্যমে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জয়েন্ট সেক্রেটারী মোঃ হাফিজুর রহমান। উল্লেখ ১৭ অক্টোবর ৯ বারের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ চাকুরী হতে অবসর গ্রহন করলে সাধারণ সম্পাদক পদটি শূণ্য হয়।
দাকোপের বাজুয়ায় বিতর্কিত বিএনপি নেতাদের অপসারণের দাবিতে বিক্ষোভ
দাকোপ প্রতিনিধি
দখলদারিত্ব, চাঁদাবাজ ও প্রতারক সময়ের সুবিধা ভোগী এলাকার চিহ্নিত বিএনপি নেতাদের বিরুদ্ধে ফুঁসে ওঠেছে দাকোপের বাজুয়া এলাকার সাধারণ মানুষ। ১৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় চরম ঝড়,বৃষ্টি ও বজ্রপাতকে উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলমত নির্বিশেষে এলাকার সাধারণ মানুষ। তাদের শ্লোগান ও বক্তৃতায় জানা যায় বৈষম্য বিরোধী আন্দোলনের এক পর্যায় গত ৫ আগস্ট দেশের বিগত প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর একদল বিপদগামী বিএনপি নামধারী নেতারা এলাকায় ভাংচুর, লুটতরাজ ও দখলদারিত্বে মেতে উঠে। আন্দোলনকারীদের মধ্যে থেকে পথ সভার বক্তৃতায় মোঃ আরিফ শেখ বলেন চালনা পৌর বিএনপির আহবায়ক শেখ মোজাফফর হোসেনের নির্দেশে দাকোপ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দীপক কুমার সরদার, বাজুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খান মনিরুল ইসলাম মনি, বাজুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইমন গাজী ও তাদের অনুসারীরা কামারখোলা ইউনিয়নে শেখ হানিফ এর হ্যাচারী লুট, বাজুয়ার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, বাজুয়া খুটাখালি খেয়াঘাটে অবৈধ ভাবে টোল আদায়, বাজারে নির্মানাধীন ভবন মালিকদের কাছ থেকে চাঁদা আদায়, রামপালের তাপবিদ্যুৎ কেন্দ্রে লোহা ও তামার তার চোরদের মোটা উৎকোচের মাধ্যমে চুরি ও ব্যবসায় সহযোগিতা। বাজুয়ার খুটাখালি বাজারে সার ও তেল চোরাদের সাথে সক্ষতা। সম্প্রতি স্থানীয় রসুল নামের এক যুবকের বাড়িতে হামলা ও তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোভ সভা ও মিছিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে উল্লেখিত বিএনপি নেতাদের দ্রুত অপসারণের দাবি জানানো হয়।
লিডার্স এর দুর্যোগ সহনশীল টয়লেট বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
শনিবার সকাল ১০ ঘটিকায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে দাতা সংস্থা ফ্রান্সের খরঋঊ- ঙঘএ এর সহযোগিতায় “ঊসবৎমবহপু ডঅঝঐ জবংঢ়ড়হংব ঃড় ঈুপষড়হব জবসধষ অভভবপঃবফ চবড়ঢ়ষব রহ চধরশমধপযধ টঢ়ধুরষষধ ড়ভ কযঁষহধ উরংঃৎরপঃ” প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছা উপজেলায় দেলুটি ইউনিয়নে ১০০ দরিদ্র পরিবারের মাঝে দুর্যোগ সহনশীল টয়লেট বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুকুমার কবিরাজ, প্যানেল চেয়ারম্যান, দেলুটি ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রামচন্দ্র টিকাদার, পবিত্র কুমার সরদার, রিংকু রায়, পলাশ কুমার রায়। আরও উপস্থিত ছিলেন লিডার্স এর দেবব্রত কুমার গাইন, প্রকল্প সমন্বয়কারী, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন ও আবুল হাসান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকায় ১০০ দরিদ্র পরিবারের মাঝে লিডার্স যে দূর্যোগ সহনশীল টয়লেট বিতরণ করেছে তা প্রতিটি পরিবারে সুস্বাস্থ্য নিশ্চিত হবে এবং রোগমুক্ত থাকবে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছা উপজেলার লস্কর, সোলাদানা ও দেলুটি ইউনিয়নে সর্বমোট ২৫০ দরিদ্র পরিবারের মাঝে দুর্যোগ সহনশীল টয়লেট বিতরণ করা হবে।
রূপসায় ড্রীমলাইটের বৃক্ষরোপন
খবর বিজ্ঞপ্তি
খুলনার রূপসা উপজেলার নন্দনপুর এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ড্রীমলাইট।
শুক্রবার বিকালে উপজেলার নন্দনপুর গ্রামের বিভিন্ন স্থানে ফলজ বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ জাহিদ শেখ, বিশেষ অতিথি ছিলেন মোঃ শাকিম আহমেদ জোমাদ্দার ও শাহিন আহমেদ জোমাদ্দার। সার্বিক সহযোগিতায় ছিলেন নন্দনপুর একাদশ স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা কে এম রিয়াজ আহমেদ, সহ সভাপতি মেহেবুব হাসান মামুন সদস্য সজীব শেখ, ড্রীম লাইট এর সভাপতি এফ এম বুরহান। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ নাসিম উদ্দিন, মোঃ শাকিল গাজী, মোঃ শাহিন সরদার, আব্দুল কাদের, মোঃ কদর, সিয়াম গাজী, ফামিম, মোঃ সাজিদ, সাজিম , রাশেদ শেখ প্রমুখ।
জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলদারিত্ব ঘুষ বাণিজ্য, দূর্নীতি থাকবে না: আব্দুল হালিম
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য প্রতিদিনের হিসাব প্রতিদিনই দিতে হবে। সংগঠন ভুক্ত হয়ে কাজ করা এটা আমাদের উপর আল্লাহর অনুগ্রহ। আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করতে হবে। আল্লাহ তায়ালা ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর পথে সারিবদ্ধ হয়ে কাজ করে এবং লড়াই করে। তারা শীশা ঢালা প্রাচীরের ন্যায় অটল থাকে। তিনি বলেন, আমাদের জাতীয় নেতৃবৃন্দ কারো সাথে কোন আপোষ না করে আল্লাহর রাস্তায় হাসি মুখে জীবন বিলিয়ে দিয়েছেন। তিনি বলেন, রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য, চাঁদাবাজির জন্য নয়। রাজনীতি হবে মানুষের সেবার জন্য, দখল দারিত্বের জন্য নয়। জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুষ বাণিজ্য, দূর্নীতি থাকবে না । সকল মানুষ নিজেদের অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। শনিবার (১৯ অক্টোবর) সকালে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর আল ফারুক সোসাইটিতে অনুষ্ঠিত উপজেলা ও থানা কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম, মহানগরী নাযেবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদের জুলুম, অত্যাচার ও নির্যাতন এবং পুলিশী হয়রানীর কারণে আমরা আমাদের নিজস্ব ঘরে থাকতে পারতাম না। স্ত্রী সন্তান জন্ম দিয়েছে কিন্তু বাবা সন্তানকেও দেখতে পায়নি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশের মানুষ নতুন মুক্তি লাভ করেছেন। আমরা মুক্ত বাতাসে নি:শ^াস নিতে পারছি আলহামদুলিল্লাহ। আমরা দাড়ি, টুপি পড়ে চলতে পারতাম না। এখন চলতে পারছি। সবই ছাত্র-জনতার আন্দোলনের ফসল।
তিনি দেশের অর্থনীতির ধ্বংসের কথা উল্লেখ করে বলেন, আওয়ামী লীগের নেতারা দূর্নীতি করে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।
তিনি অন্তবর্তীকালীন সরকারকে সহযোগীতা করতে হবে উল্লেখ করে বলেন, বর্তমান রাজনীতিতে আমীরে জামায়াতের বক্তব্য ও সেক্রেটারী জেনারেলের বিবৃতি দৈনিক সংগ্রামের মাধ্যমে আমরা জানতে পারবো। দায়িত্বশীল সম্পর্কে গুজবে কোন কান দিবেন না। জামায়াত রাষ্ট্র গঠনে ১০ দফা কর্মসূচী দিয়েছে, তা জনগণের মাঝে প্রচার করতে হবে। বিগত দিনের প্রেক্ষাপটে মুর্খরা কেন্দ্র দখল করে নিয়ে ভোট বাণিজ্য করেছে। জামায়াতে ইসলামী দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে একটি সমৃদ্ধিশালী দেশ গড়তে চায়। জামায়াতে ইসলামীর এমপি হয় আল্লাহর রহমতে এবং জনগণের ভালবাসায়। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আরো ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ যখন সম্মান দিয়েছে এ সম্মান ধরে রাখতে হবে । আমাদের মাঝে যেন কোন অহংকার না আসে। মানুষের ভালোবাসা নিয়েই দেশের সেবা করতে হবে বলে তিনি দায়িত্বশীলদেরকে গভীর রাতে আল্লাহ তায়ালার কাছে ও দিনে জনগণের কাছে ধর্ণা দেওয়ার আহবান জানান। মো. আব্দুল হালিম আরও বলেন, ‘গত ১৫ বছর একটা সরকার জনগণের অধিকার দেয়নি। মেধাবীরা চাকরি পায়নি, শুধু দলের নেতারা চাকরি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সিট পায় না, ওখানেও চাঁদাবাজি চলে। জামায়াত ক্ষমতায় গেলে মেধা, যোগ্যতা, সততা অনুযায়ী চাকরি পাবে। এখানে কোনো বৈষম্য থাকবে না। যেই দলের হোক, যেই গ্রামের হোক, যেই ধর্মের হোক; মেধা, যোগ্যতা অনুসারে চাকরি হবে।’
সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, হাজারও প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এ বিপ্লব, এই পরিবর্তন এ আন্দোলনের সফলতা একে অবশ্যই আমরা পাহারাদারি করব। এর কোনো ধরনের অপমান এ জাতি সহ্য করবে না। এ আন্দোলন বিশেষ কোনো জনগোষ্ঠীর কিংবা সম্প্রদায়ের নয়। এ জন্য আপামর জনগণ রাস্তায় নেমে এসে সফল করেছেন। এর জন্য নির্দিষ্ট কোনো ধর্মের লোকেরা শুধু লড়াই করেনি। জাতি দল ধর্ম নির্বিশেষে আপামর ছাত্র-জনতার এ আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় তাহলে আবারো বাংলাদেশের ১৮ কোটি মানুষ তা রুখে দেবে। আমরা সেই ১৮ কোটি মানুষের সঙ্গে থাকব ইনশাআল্লাহ।
পাইকগাছায় মসজিদের দানের ছাগল বিক্রির ঘটনায় দু’পক্ষের মারামারিতে নিহত ১
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় মসজিদের দানের ছাগল ডাকে বিক্রি করার সময় দু’পক্ষের মারামারিতে লাঠির আঘাতে ১ নিহত ও ৩ জন আহত হয়। শুক্রবার জুম্মার নামাজের পরে উপজেলার কপিলমুনির শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে ওই ঘটনা ঘটে। থানায় মামলা হয়েছে। মৃতদেহের সুরতহাল শেষে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
জানা যায়,উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে একই এলাকার আবু বাক্কার শেখ একটি ছাগল দান করে। মসজিদের সভাপতি মমিন গাজী জানান, জুম্মার নামাজ শেষে দানের ছাগল প্রকাশ্যে ডাকে বিক্রয়ের করার সময় দুই পক্ষের মধ্য মারামারি বাধে। এ সময় ফজর আলী গাজী( ৫৫), শাহিন গাজী(৩৫), বুলবুল আহম্মেদ (১৯), মোস্তফা গাজী(৪৫) আহত হয়। আহতদের এলাকাবাসি পাইকগাছা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় আহত ফজর আলী মৃত্যবরণ করে। মৃতের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে এ ঘটনায় আহত মোস্তফা গাজী (৪৫) কে গ্রেফতার করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সবুজ গাজী। পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় কুমার মন্ডল জানান, আহত ৪ জনের মধ্য ফজর আলী গাজী( ৫৫)নামের এক জন মৃত বরন করে। বাকিরা চিকিৎসাধীন থাকলেও বুলবুল নামে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাস জানান, মারামারিতে মৃতের ঘটনায় মৃতের ছেলে ইসরাইল গাজী বাদী হয়ে থানায় মামলা করেছে। একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
কবরাস্থানের সাইনবোর্ড দিয়ে জমি দখলের চেষ্টা
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় কবরস্থানের সাইনবোর্ড দিয়ে আবারোও জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, ইতোপুর্বে ভাংচুর ও ক্ষয়ক্ষতির ঘটনায় আদালতে মামলা ও পুলিশের নোটিশ জারির পরেও প্রতিপক্ষরা বৃহস্পতিবার বিকেলে পেশিশক্তি বলে এ ঘটনা ঘটিয়েছে।
মামলা সুত্রে জানাগেছে, গত ২ মে ১৯ সালে উপজেলার চাঁদখালী ইউপি’র ফতেপুরে পিচের রাস্তার ধারে স্থানীয় লিয়াকত গাজী গংরা ৫ শতক জমি যৌথভাবে ক্রয় করে ঘর-বাড়ী বেঁধে দখলে আছেন। লিয়াকত গাজী ছেলে জমির মালিক ওমর আলী জানান, আমরা শান্তিতে বসবাস করেছিলাম। কিন্তু ৫ আগস্ট সরকার পতনের পর প্রতিপক্ষ ফতেপুরের আশরাফ সানা ও হাসানুর সানা গংরা আমাদের জমি দখল চেষ্টা চালায়। তিনি অভিযোগ করেন সর্বশেষ তারা ৩ অক্টোবর সকালে লাঠিয়াল বাহিনী নিয়ে বাড়ি-ঘর,দোকান ভাংচুর ও ক্ষতি করে রাস্তার নিচে ফেলে দেয়। এক পর্যায়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে দু’পক্ষকে যার-যার অবস্থানে থাকার নির্দেশনা দেন। ভাংচুর ক্ষয়ক্ষতির ঘটনায় ওসমান গাজী বাদী হয়ে প্রতিপক্ষ আশরাফ সানা,হাসানুর, সহ আনারুল, ১৪ ব্যক্তির বিরুদ্ধে ৭ অক্টোবর পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে। আদালত পিবিআই’কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এদিকে দ্বিতীয় দফায় দখল চেষ্টা করলে ওসমান গাজী বাদি হয়ে ৭ অক্টোবর পাইকগাছার নির্বাহী আদালতে প্রতিপক্ষদের বিরুদ্ধে ১৪৪ ধারার মামলা করেন। তিনি অভিযোগ করেন প্রতিপক্ষরা পুলিশের নোটিশ পেয়েও বৃহস্পতিবার বিকেলে আমাদের জমিতে কবরস্থানের সাইনবোর্ড দিয়ে দখল করার চেষ্টা করে। ওসি (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাস জানান,আদালতে নির্দেশনা উপেক্ষা করে কোন পক্ষ আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।
দর্শনার মদনায় ক্ষেতের মরিচ দেবার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনার থানা পুলিশ মদনায় শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে এসআই(নিঃ) অনুজ কুমার সরকার সঙ্গীয় অফিসার গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার মদনা গ্রামে অভিযান চালায়। এসময় ধর্ষণ মামলার আসামী জুড়ান মন্ডলের ছেলে আহম্মদ আলী(৫২)কে গ্রেফতার করে। উল্লেখ দুপুরে মদনা গ্রামের আঃ রহমানের ছেলে মোঃ নাজমুল হক (৩৫) থানায় এসে এক এজাহার দাখিল করে।এজাহারে সে জানায় তার মেয়ে মোছাঃ নাজিরা খাতুন (১২) শাপলা তোলার জন্য মদনা দক্ষিণ নসকদুয়া বিলে যাওয়ার পথে মোঃ আহম্মেদ আলীর মরিচ ক্ষেতে পৌছালে সে তাকে মরিচ দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশ্ববর্তী মোঃ মিজানুর আলীর হলুদ ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে।
থানা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন এস আই আব্দুল জলিল
পিরোজপুর প্রতিনিধি
ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পূর্ববর্তী সময় থেকেই জীবনের ঝুঁকি নিয়ে পিরোজপুরের ইন্দুরকানী থানা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন উপ-পরিদর্শক আব্দুল জলিল। সাহসী ভূমিকার কারণে পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের তাকে বিশেষ অর্থ সম্মাননা পুরস্কার প্রদান করেন।
জলিল জানান, ৫ আগষ্টের আগ থেকেই ইন্দুরকানী থানায় একাধিক বার হামলার চেষ্টা করে দুষ্কৃতিকারীদের একটি মহল। তবে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ও সহকর্মীদের সহযোগিতায় জীবনের ঝুঁকি নিয়ে তিনি নানা কৌশল অবলম্বন করে এবং নিজস্ব বুদ্ধিমত্তায় ইন্দুরকানী থানা রক্ষা করতে সক্ষম হন। ওই সময় স্থানীয় সুশীল সমাজের সার্বিক সহযোগিতা পেয়েছিলেন বলেও জানান তিনি। তবে তার এই সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠা সহকর্মী এবং উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে।
দুই সন্তানের জনক আব্দুল জলিল ঝিনাইদহ সদর উপজেলার কালিচরনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আনসার উদ্দিন মন্ডল এর ছেলে। ৫ ভাই ও ৫ বোনের মধ্যে জলিল নবম। তিনি ছাত্র জীবন থেকেই খেলাধূলার প্রতি আকৃষ্ট ছিলেন তিনি। পুলিশে যোগদানের পরে কাবাডি খেলায় বিশেষ অবদান রেখে বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সহ অধিনায়কের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জেলা কাবাডি দলের কোচ ও জেলা কাবাডি ফেডারেশনের রেফারির দায়িত্বও পালন করেন।
পুরস্কার প্রাপ্তির পর উর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ যারা থানা রক্ষায় সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জলিল বলেন, এ স্বীকৃতি তাকে আরও বেশি দায়িত্বশীল এবং সাহসী হতে উদ্বুদ্ধ করবে।
কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযান
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার ১৯ অক্টোবর দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সঙ্গে ছিলেন কাউখালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এম ইলিয়াস উদ্দিন ও পুলিশের একটি টিম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, মূল্য তালিকা প্রদর্শন না করায় উপজেলার বাস স্ট্যান্ড রোডের লিমন স্টোরকে ৩ হাজার টাকা, উত্তর বাজারের সজল স্টোরকে ১ হাজার টাকা, খোকন স্টোরকে ১ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য-পণ্য বিক্রি করার অভিযোগে উত্তর বাজারের মিতালী স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
গিলাতলা ইউনিয়নের আটরা শেখপাড়ার মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক বদরী সদস্য সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের আটরা শেখপাড়া মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক বদরী সদস্য সভা গতকাল বেলা সাড়ে ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শেখপাড়া মসজিদ কমিটির সভাপতি শেখ নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মাদ্রাসা পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব দীন মোহাম্মাদ। মাদ্রাসার মুহতামিম মুফতি তরিকুল ইসলাম গাওহারীর সার্বিক তত্ত্বাবধায়নে এবং শেখ শওকাত আলী খোকন এর পরিচালনায় বক্তৃতা করেন, শেখপাড়া মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ আলী আহমেদ, শেখ মহসিন উদ্দিন, হাফেজ হাফিজুর রহমান, মাওলানা মেহেদী হাসান, হাফেজ মাওলানা মুফতি ইস্তিয়াক হোসেন, আলহাজ্ব ক্বারী মোঃ নাসির উদ্দিন, হাফেজ মাওলানা আব্দুল্লাহ প্রমূখ। এছাড়া এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শের নাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। এদেশ আমাদের। এদেশ কাউকেও ইজারা দেয়া যাবে না। জীবন দিয়ে হলেও আমাদের অধিকার রক্ষা করব, ভোটাধিকার রক্ষা করব। বাংলাদেশ সত্য প্রতিষ্ঠা ও ন্যায় ইনসাফের জন্য দাওয়াত দিচ্ছে। একটি সমৃদ্ধি ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। খুলনা মহানগরীর দৌলতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় মিনাক্ষি হল অডিটরিয়ামে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
থানা সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর কর্ম পরিষদ সদস্য হাফেজ মোকাররম বিল্লাহ আনসারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, খুলনা অঞ্চল টিম সদস্য আজিজুর রহমান, জামায়াতে ইসলামীর দৌলতপুর থানা আমীর মাওলানা ফোরকান উদ্দিন মিঠু, থানা সহকারি সেক্রেটারি মোশাররফ হোসেন আনসারী, আড়ংঘাটা থানা আমীর আশরাফ হোসেন, ব্যবসায়ী থানার সহ-সভপতি আজিজুর রহমান স্বপন, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক এস এম মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ডাক্তার সাইফুজ্জামান, দপ্তর সম্পাদক আল হাফিজ সোহাগ, আড়ংঘাটা থানা সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহিনুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল খালেক হাওলাদার। এ সময় শ্রমিক নেতা আনিসুর রহমান, দবির উদ্দিন মোল্লা, আফতাব উদ্দিন, মাহবুবুর রহমান জুনায়েদ, কামরুল ইসলাম, আব্দুল হাকিম, রফিকুল ইসলাম, দ্বীন ইসলাম, হাসানুল বান্না, আব্দুল হাকিম, তাজমুল হাসান, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি আরও বলেন, সরকার-রাষ্ট্র শ্রমিকদের মূল্য দেয় না। ফলে শ্রমিকেরা আজকে বঞ্চিত হচ্ছে। শ্রমিকেরা অধিকার হারা হচ্ছে। শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে মালিকদের দালাল শ্রমিকনেতারা। এসব দালালদের চিহ্নিত করতে হবে। আজকে শ্রমিকেরা অর্ধাহারে-অনাহারে, খেয়ে না খেয়ে কাজ করে। কিন্তু তাদের মানবিক মর্যাদা দেওয়া হয় না। তাদের বেতন-ভাতা ঠিকমতো দেওয়া হচ্ছে না।’ তিনি বলেন, দালালদের দিয়ে শ্রম আইন করা যাবে না। শ্রম আইন করতে হবে শ্রমিক সংগঠন ও শ্রমিকদের দিয়ে। আজকে গার্মেন্টস ও ওষুধশিল্প নিয়ে ষড়যন্ত্র করছে। আমাদের ষড়যন্ত্রকারীদের প্রতি নজর রাখতে হবে। তাদের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া যাবে না।’ তিনি আরও বলেন, শ্রমিকনেতারা ঐক্যবদ্ধ হলে শ্রমিকদের দুর্দশা লাঘব করা যাবে। মেহনতি শ্রমিকদের জন্য শ্রমিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হতেই হবে। শ্রমিকদের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া যাবে না। শ্রমিকদের মানবিক মর্যাদা ও পূর্ণ অধিকার আদায়ে আমরা সদা সজাগ থাকব।’ তিনি বলেন, ‘শ্রমিকেরা কাজ করে জীবন বাঁচানোর জন্য। শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের জন্য কাজ না করে আজ বিষফোড়া হয়ে গেছে। আজকে শ্রমিকদের প্রতারিত করা হচ্ছে। এ ধারা বন্ধ করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি সকলকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ছায়া তলে এসে সংগঠনকে আরো শক্তিশালী করার উদাত্ত আহবান জানান।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাধারণ মানুষকে নির্যাতন করা হয়েছে, ইসলামী আন্দোলনের কর্মী ভাইদের উপর নির্যাতন করা হয়েছে। মামলা দেয়া হয়েছে। গণমাধ্যম কর্মীরা সত্য কথা লিখলে তাদেরকে মামলা দেয়া হয়েছে, মামলার হুমকি দেয়া হয়েছে। এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে স্বৈরচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে উল্লেখ করে বলেন, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আর যারা পঙ্গু ও আহত হয়ে খুবই কষ্টে জীবন যাপন করছেন তাদেরকে আল্লাহ তায়ালা দ্রুত সুস্থতা দান করুন। অবিলম্বে এ সব পরিবারকে ক্ষতিপুরণ দেওয়ার জন্য সরকারের প্রতি তিনি আহবান জানান।
ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ঘেরাবেড়া দিয়ে প্রতিপক্ষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর ছয়টার দিকে টিপনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় লিখিত অভিযোগ ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের টিপনা এলাকার মতিয়ার রহমান গাজীর সাথে একই এলাকার আনন্দ অধিকারীর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে ঘটনার দিন ভোরে মতিয়ার গাজী তার দলবল নিয়ে আনন্দ অধিকারি ও তার তিন সহোদরের বাড়ি থেকে বের হওয়া একমাত্র রাস্তা ঘেরাবেড়া দিয়ে আটকিয়ে দেয়। এতে অবরুদ্ধ হয়ে পড়ে ওই চার পরিবার। এতে বাঁধা দিলে তাদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে বলে তারা জানান। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক তার নির্দেশে গ্রামপুলিশ দিয়ে ঘেরাবেড়া অপসারণ করে দেয়। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মতিয়ার গাজী বলেন, উল্লেখিত আমার নামীয় জমি আমি দখলে ছিলাম। কিন্তু বিগত সরকারের আমলে ক্ষমতার দাপটে প্রতিপক্ষ দখল করে নেয়। তাই আমার জমিতে আমি গিয়েছি। ঘটনা প্রসঙ্গে ওসি শাহিনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কালিগঞ্জে আদালতের আদেশ উপেক্ষা করে পাকাঘর নির্মানের অভিযোগ করেছেন ফাতিমা
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জর পল্লীতে জামায়াত নেতার মেয়ের ক্রয়কৃত দখলীয় জমি জবরদখল করে পাকা ঘর নির্মানের অভিযোগ উঠেছে। প্রতিকার ও নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন থানা পুলিশ।
থানায় দায়েরকৃত অভিযোগ ও সরেজমিন সূত্রে জানাগেছে, উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামের আহম্মদ আলীর স্ত্রী ও উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল গফফার সাহেবের মেয়ে কোহিনূর ফাতিমা (৪৪) এর নিজ নামীয় সম্পত্তিতে গতকাল (১৮ অক্টোবর) সকালে পরিকল্পিতভাবে ইট, বালু ও খোয়া ফেলতে থাকে অলিউল ইসলাম (৪০)। সে জাফরপুর গ্রামের মৃত আব্দুল জব্বার সানার ছেলে। এই অলিউল ইসলাম বেশকিছু দিন ধরে ঐ জমি জবরদখল ও ঘরবাড়ি বাঁধবে বলে হুমকী ধামকী দেওয়ায় কোহিনুর ফাতিমা বাদী সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জজ আদালতে মামলা দায়ের করেন যার নং ২৮৬/ ২৪। বিজ্ঞ আদালত গত ২/৯/২৪ তারিখে নালিশি তফসিল সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেন। আদালতের আদেশ উপেক্ষা করে ১৮ ও ১৯ অক্টোবর-২০২৪ তারিখে পূর্ব পরিকল্পিত ভাবে বে আইনে দলবদ্ধ হয়ে পাকাঘর নির্মান কাজ শুরু করে। বাঁধা দিতে গেলে মারপিট ও খুন যখমের হুমকি দেওয়ায় নিরাপত্তা হীনতায় থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে অলিউল ইসলাম তার নিজ যায়গায় ঘর নির্মান করছে বলে জানান। এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার প্রদীপ কুমার রায় এর সাথে কথা হলে তিনি জানান একটি অভিযোগ পেয়েছি, ঘটনার যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কালিগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি
ছাত্র, শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই, এই প্রতিপাদকে সামনে রেখে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কালিগঞ্জ উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ঈদুর দমন অভিযান অনুষ্ঠিত হয়। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ- পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতি সভাপতি শেখ আনোয়ার হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালিগঞ্জের কৃষিবিদ মানবিকা (শীলা) এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার ১২টি ইউনিয়নের কৃষক ও সূধীবৃন্দ। এ সময়ে ঈদুর নিধনে ভুমিকা রাখায় কালিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ ৩জন কৃষককে জাতীয় ইঁদুর দমন অভিযানে সন্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
কয়রায় হত্যার হুমকি দিয়ে জমি দখলের অভিযোগ সাত্তার বাহিনির বিরুদ্ধে, থানায় জিডি
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলার ৪ নং কয়রা গ্রামে ০.১৩ একর জমি বসত ভিটা দখলের অভিযোগ উঠেছে সাত্তার বাহিনির বিরুদ্ধে। এর আগে বিভিন্ন সময় এই জমির ওয়ারিশদের সাত্তার ও তার লোকজন হুমকি দিয়েছিলেন তারা। এ বিষয়ে ভুক্তভোগী অহিদুজ্জামান ১৮ অক্টোবর কয়রা থানায় আঃ সাত্তার গাজী, আব্দুল গফফার গাজী, আঃ সামাদ গাজী ও মাহবুবুর রহমানের নামে সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নম্বর ৭২৬। শনিবারে অহিদুজ্জামানের একটি সাধারণ ডায়েরি সাংবাদিকদের হাতে এলে বিষয়টি সবার নজরে আসে।
সাধারণ ডায়েরি ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার ৪ নং কয়রা গ্রামে তার দাদার খরিদ করা ওয়ারিশ সূত্রে ০.১৩ একর জমি প্রাপ্ত হইয়া বসতবাড়ি করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন অহিদুজ্জামান ও তার পরিবার। এই ০.১৩ একর জমির মধ্যে সাত্তার গাজীর জমি আছে বলে সাত্তার বাহিনি প্রায় সময় আমার বাস্ত ভিটর জমি দখল করিবার জন্য অপচেষ্টা চালায়। তারই ধারাবাহিকতায় ১৭ অক্টোবর ভোর আনুঃ ৬ টার সময় আঃ সাত্তার গাজী, গফফার গাজী দেশীয় অস্ত্র সস্ত্র নিয়া আমার বাস্তভিটার সীমানায় আসিয়া বাস্তভিটায় ঘেরাবেড়া কাটিয়া বাস্তভিটা দখলের অপচেষ্টা চালাইলে বাঁধা প্রদান করিলে বিবাদিগন আমাকে এবং আমার বড় ভাই গোলাম রসুল লিটন ও আমার আব্বা নুর আলী গাজীকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে মেরে ফোলা জখম করে। তখন আমার হাঁকচিৎকারে আশে পাশের লোকজন এসে আমাদের উদ্ধার করে। সাত্তার বাহিনি ঘটনাস্থল হইতে চলে যাওয়ার সময় পুনরায় যে কোন সময় আমাকে এবং আমার পরিবারকে মারপিট করিয়া খুন জখম করবে বলে হুমকি দিয়ে চলে যায়। আহত অহিদুজ্জামানের ভাই গোলাম রসুল ও আব্বা নুর আলী গাজীকে কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে, নুর আলী গাজীকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপালে পাঠানো হয়েছে।
এছাড়া সাধারণ ডায়েরিতে অহিদুজ্জমান তার নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
কয়রা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহ আলম জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সভাপতি নাহিদ হাসানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী
খবর বিজ্ঞপ্তি
গত ১৫ অক্টোবর মঙ্গলবার সাধারণ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলার বিপ্লবী সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নাহিদ হাসানকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে। কিছু দুস্কৃতিকারী নাহিদ হাসানকে শারীরিক লাঞ্ছিত করে কল্পিত অভিযোগ করে হেনস্থা করার জন্য এ মামলা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদ-এর সহ-সভাপতি সবুজ হোসেন দুর্জয় ও সাধারণ সম্পাদক সুদীপ্ত মণ্ডল এবং মহানগর কমিটির আহ্বায়ক শান্তা নিবেদিতা, তনুশ্রী তনুসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ অনতি বিলম্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ছাত্রনেতা নাহিদ হাসানের বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তি দাবী করেন।
পানখালী ইউনিয়নে ওয়াবদাবাধ নির্মাণে ইসলামী আন্দোলনের অংশগ্রহণ
খবর বিজ্ঞপ্তি
খুলনার দাকোপ উপজেলার ১নং পানখালি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড লক্ষীখোলা পিসের মাথায় ভয়াভহ নদী ভাঙ্গন রোধে বাধ নির্মাণ কাজে অংশ গ্রহন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। পাশা পাশি বাঁধ নির্মাণ কাজে সকল অংশগ্রহণকারীদের মাঝে শুকনো খাবার ও বিতরণ করেছেন উপজেলা শাখা নেতৃবৃন্দ। শুক্রবার গভীর রাতে প্রবাল পানির চাপে নদী ভাঙ্গনে সৃষ্টি হয়।জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ আল গালিব এর নির্দেশে ইসলামী আন্দোলন দাকোপ উপজেলা সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন এর নেতৃত্বে শুকনো খাবার সামগ্রী নিয়ে একটি টিম বাঁধ নির্মাণ কাজী অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন উপজেলা সহ সভাপতি মাওলানা তাবারক হুসাইন সেক্রেটারি আলহাজ্ব শফিকুল ইসলাম আলহাজ্ব জাহিদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি হাফেজ মোঃ ওসমান কারিম যুব আন্দোলন নেতা মোহাঃ শামীম আহমেদ, হাফেজ আঃ রহমান, আব্দুল হালিম শেখ আব্দুস সালাম বয়াতী,মেহেদী হাসান,মোঃ আব্দুর রহিম,জাহাঙ্গীর আলম, তরিকুল ইসলাম, হাফেজ আবুল কালাম, মারুফ আজম গাজী, মুঃ তারিকুল ইসলাম প্রমুখ।
বাজার সিন্ডিকেট ভাঙতে ‘বিনা লাভের দোকান’
স্টাফ রিপোর্টার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বাজার সিন্ডিকেটে ভাঙতে এবার সাশ্রয়ী দামে সাধারণ মানুষদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্দেশে খুলনায় ‘বিনা লাভের দোকান’ চালু করেছেন শিক্ষার্থীরা। ভিন্ন রকম এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা’র ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা এই উদ্যোগ গ্রহণ করেছে। নগরীর শিববাড়ির মোড়ে শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অস্থায়ী দোকান বসানো হয়।
এদিকে খুলনা নগরীতে ‘বিনা লাভের দোকান’ পেয়ে ক্রেতারা খুশি মনে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনছেন। দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতির চরম অস্থির সময়ে এমন দোকান করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন তারা।
সরেজমিনে দেখা যায়, বিনা লাভের দোকানে ডাল ১ কেজি ৯৯ টাকা, ডিম ১ পিস ১২ টাকা, আলু ১ কেজি ৫০ টাকা, পেঁয়াজ ১ কেজি ১০০ টাকা ও লাউ ৪০ টাকা ও লালশাক ১২ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।
এখানে বাজার করতে আসা ক্রেতারা বলছেন, বাজারের ঊর্ধ্বগতির সাথে দাম বাড়ানোর পাল্লা তাতে এই উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি দিবে। এখানে শিক্ষার্থীরা যে আলু বিক্রি করছে তার দাম ৫০ টাকা। অথচ বাজারে একই আলু বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা। এই দামের পার্থক্য কমাতে শিক্ষার্থীদের এই উদ্যোগ সফল হবে বলে আশা করি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, পাইকারি দামে যে পণ্য ক্রয় করা হয়েছে, সেই দামেই বিক্রি করা হয়েছে সাধারণ মানুষের কাছে। বৈরি আবহাওয়ার মধ্যেও ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। সবার সহযোগিতায় আগামীতেও এ ধরনের দোকান আরও বাড়ানোর ইচ্ছা আছে। যাতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য হৃদয় ঘরামী বলেন, বিনা লাভের দোকানে ৫ আগস্টের বিজয়ের পর সরকার পালালেও তাদের দোসররা এখনও এই দেশে রয়ে গেছে, যারা এই বাজার নিয়ন্ত্রণ করছে। যার ফলে হঠাৎ করে বাজারে অস্থিরতা দেখা গেছে। এরই ধারাবাহিকতায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাতে এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে আমাদের এই পদক্ষেপ।
তিনি আরও বলেন, আমরা এই মুহূর্তে শিববাড়িতে একটি দোকানের মাধ্যমে কার্যক্রম শুরু করেছি। আশা করি বিনা লাভের দোকান আমরা নগরীর ৩১টি ওয়ার্ডে খুব দ্রুতই ছড়িয়ে দেওয়া হবে। এর ফলে বিভিন্ন বাজারে যেসব সিন্ডিকেট গড়ে উঠেছে তা ভেঙে দেওয়া হবে।
নড়াইলে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১১
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ার উপজেলার নলদী ইউনিয়নের চর-বালিদিয়া গ্রামের ইছামতির বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে পুলিশ গ্রামটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
শনিবার (১৯ অক্টোবর) লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- চর বালিদিয়া গ্রামের মো. রউফ মোল্যা (৫৮), বশির মোল্যা (৬৫), ছবেদ আলী (৬২), মো. শফিকুল ইসলাম (৪০), মো. সুমন মিয়া (৪৫), রাজু মুন্সী (৩৪), মো. ইউনুস মোল্যা (৬০), আলাউদ্দিন (৩৮), মো. আশিক মোল্যা (২৫), মো. সজল মোল্যা (৩০) ও মো. জিল্লুর রহমান (৪১)।
এলাকাবাসী জানান, চর বালিদিয়া গ্রামের মাতুব্বর লিটন মোল্যা ও আবুল মুন্সির সমর্থকদের সঙ্গে শহিদুল ও পাখি মোল্যার সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত বৃহস্পতিবার বিকেলে ইছামতি বিলে ভেসাল জাল পাতাকে কেন্দ্র করে পাখি মোল্যা সমর্থিত শাহাবুদ্দিন মোল্যার সঙ্গে আবুল মুন্সি সমর্থিত হেলাল মুন্সির কথা কাটাকাটি হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার (১৮অক্টোবর) সকালে চর-বালিদিয়া বাজারে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়ান। এতে উভয় পক্ষের ২০ আহত হন।
লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান জানান, রাতে গ্রামটিতে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে কুটি মিয়া মোল্যা (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার লাহুড়িয়া গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কুটি মিয়া মোল্যা পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে ঘুমের মধ্যে তাকে বিষধর সাপে কামড় দিলে তিনি ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর শনিবার ভোর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় কুটি মিয়ার স্বজনরা তাকে মাগুরার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী জাকির মাস্টার জানান, সাপের কামড়ে নিহত কুটি মিয়া মোল্যা লাহুড়িয়া পশ্চিমপাড়ার মৃত তেজন মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং তার স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।
ফারুক আহমেদ ১০নং ওয়ার্ড বিএনপির সদস্য পদে পুর্নবহাল
খবর বিজ্ঞপ্তি
দলীয় সিদ্ধান্ত অনুযায়ি খালিশপুর থানার আর্ন্তগত ১০নং ওয়ার্ড বিএনপির সদস্য ফারুক আহমেদ এর শাস্তিমুলক অব্যাহতির আদেশ প্রত্যাহার করে তাকে পুর্বের পদে পুর্নবহাল করেছেন মহানগর বিএনপি। শনিবার (১৯ অক্টোবর) মিডিয়া সেল প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন’র বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
পরীক্ষা দিতে এসে তোপের মুখে ছাত্রলীগ নেতা, থানায় সোপর্দ
কুষ্টিয়া প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে তোপের মুখে পড়েছেন শাখা ছাত্রলীগের এক নেতা। শনিবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারি কক্ষে এ ঘটনা ঘটে।
পরে প্রক্টরিয়াল বডি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ক্ষুব্ধ শিক্ষার্থীদের হাত থেকে তাকে উদ্ধার করে থানায় সোপর্দ করেন। তোপের মুখে পড়া ওই ছাত্রলীগ নেতা বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র আব্দুল আলীম। তিনি শাখা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক।
এর আগে বেলা সাড়ে ১১টায় সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নেন আলীম। তার ক্যাম্পাসে আসার খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীরা রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে জড়ো হয়ে ছাত্রলীগ বিরোধী শ্লোগান দিতে থাকেন। পরে তাকে পরীক্ষার হল থেকে বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপস্থিতিতে থানায় সোপর্দ করা হয়। এসময় ক্ষুব্ধ শিক্ষার্থীদের অতর্কিত চড়-থাপ্পড়ের শিকার হন তিনি।
শিক্ষার্থীদের অভিযোগ, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী আলীম। তারই ছত্রছায়ায় হলে সিট বাণিজ্য, শিক্ষার্থীদের মারধর, মাদকসেবন, নারীদের উত্যক্ত করা ও কোটা আন্দোলনসহ বিভিন্ন সময় শিক্ষার্থীদের হুমকি দিতেন তিনি। এছাড়া তার ছত্রছায়ায় ক্যাম্পাসে কিছু ‘গ্যাং’ গড়ে ওঠে।
ছাত্রলীগ নেতা আব্দুল আলীম বলেন, ভেবেছিলাম দেরিতে এসে পরীক্ষায় অংশ নিয়ে পাস মার্কটা তুলে আগে আগে বের হয়ে যাবো। কিন্তু বুঝতে পারিনি বিষয়টা এতদূর গড়াবে।
তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তিনি বলেন, এসবের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই।
বিভাগের শিক্ষকরা বলেন, আমরা জানতামই না এমন কেউ পরীক্ষা দিতে এসেছেন। পরীক্ষা চলাকালে বাইরে হট্টগোল দেখে সেখানে গিয়ে তার কথা জানতে পারি। পরে তাকে প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা ও সমন্বয়কদের হাতে তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রক্টরিয়াল বডি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমন্বয়ে তাকে উদ্ধার করে থানায় সোপর্দ করি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ইবি থানার এসআই মেহেদী হাসান বলেন, অভিযুক্ত ওই ছাত্র এখন আমাদের হেফাজতে আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেবো।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, শিক্ষকদের সমন্বয়ে আমরা তাকে প্রটেকশন দিয়ে সেখানে থেকে নিয়ে এসে থানায় সোপর্দ করি। স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসরদের কোনো ছাড় দেওয়া হবে না। আর যারা এসব দোসরদের প্রশ্রয় দেবে তাদেরও ছাড় দেওয়া হবে না।
চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের কিশোরীকে (১২) ধর্ষণ মামলায় আহম্মদ আলী (৫৮) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) সকালে দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আহম্মদ আলী উপজেলার দর্শনা থানাধীন মদনা গ্রামের গ্রামের দক্ষিণপাড়ার জুড়ান মন্ডলের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে দর্শনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে মদনা গ্রামের মদনা দক্ষিণ পাড়াস্থ নসকদুয়া বিলে যাওয়ার শাপলা ফুল তুলতে যায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরী। এ সময় গ্রামের আহম্মদ আলী শিশুটিকে মরিচের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী হলুদ ক্ষেতে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করেন।
ওসি মুহম্মদ শহীদ তিতুমীর ঢাকা পোস্টকে বলেন, ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হবে।
১৯ বছর পর যশোরে জামায়াতের রুকন সম্মেলন
যশোর প্রতিনিধি
দীর্ঘ ১৯ বছর পর যশোরে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় ঈদগাহে এ সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।
সম্মেলনে তিনি বলেন, ছাত্র আন্দোলনে শহীদ ৭৫০ পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জামায়াত। আহতদের চিকিৎসার দায়িত্ব সরকারের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী গ্রহণ করেছে। আন্দোলনে আহত-নিহত ও বন্যার্তদের পাশে দাঁড়ানোর কারণে জাতি আজ জামায়াতে ইসলামীকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে।
মোবারক হোসেন বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছরের দুঃশাসনে হাঁপিয়ে ওঠা জনগণ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে। আবার যাতে কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার এই দেশের শাসন ক্ষমতায় না যায়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস প্রমুখ। দুপুরের পর রুকনরা নতুন জেলা আমির নির্বাচন করেন। এতে জেলার ২ হাজার ২০০ জন অংশ নেন।
ইবির টিএসসিসির নতুন পরিচালক অধ্যাপক জাকির হোসেন
কুষ্টিয়া প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন।
শনিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন।
নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, আমাকে নিয়োগ দেওয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি টিএসসিসির সার্বিক উন্নয়নের জন্য কাজ করব। অডিটোরিয়ামকে প্রোগ্রামের জন্য উপযোগী করে গড়ে তোলা চেষ্টা করব। এছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ক্যাফেটেরিয়াকে পুনরায় চালু করার চেষ্টা করব।
মেহেরপুরে শহীদ আবু সাঈদ ক্লাব উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে কাথুলি সড়কের পাশে ‘শহীদ আবু সাঈদ’ নামে একটি ক্লাবের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে ৪ নম্বর ওয়ার্ড নতুনপাড়ায় এই ক্লাবের শুভ উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।
উদ্বোধনকালে মাসুদ অরুণ বলেন, স্বৈরাচারী হাসিনা পালিয়েছে দেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। দেশের মানুষ এখন শান্তিতে থাকবে। মানুষ আর স্বৈরাচারী হাসিনাকে চায় না। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। তেমনি আমরা ছাড় দেব কিন্তু ছেড়ে দেব না। তাই আওয়ামী সন্ত্রাসীদের বলতে চাই বেশি লাফালাফি করবেন না। আর যদি আমাদের কর্মী বাহিনী ওপরে আরেকটি আঘাত হয়। তাহলে আমরা হাতে চুড়ি পরে বসে থাকবো না এর দাঁতভাঙ্গা জবাব দেব।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বলেন, আওয়ামী লীগ সরকার এতো দুর্নীতি করেছে যে দেশে থাকতে পারছে না। বিভিন্ন স্থানে ও বাইরে আত্ম গোপনে রয়েছে। এই সুযোগে যাতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক তৈরি করে আমাদের ভেতরে কোন্দল সৃষ্টি না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে সবাইকে।
জেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবায়দুল্লাহ সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু মোল্লা, কামরুজ্জামান বাবু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কাউন্সিলর, হাফিজুর রহমান হাফিজ, মাসুদ রানা. ফকির আলী আসকার আলী মনিরুজ্জামান মনিসহ নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
ভেনামি চিংড়ি চাষে ঝুঁকছেন চাষিরা
খুলনাঞ্চল রিপোর্ট
বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত চিংড়ি। কিন্তু উৎপাদন কমে যাওয়ায় ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এর রপ্তানি। আর এ জন্যই বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে বাগদা বা গলদার পাশাপাশি দেশে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ভেনামি চিংড়ির চাষ। খুলনা ও কক্সবাজার থেকে পরীক্ষামূলক চাষ শুরু করে এখন ভেনামি চাষ হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে।
খুলনা জেলায় ১২ জন চাষি ২৫ হেক্টর জমিতে এবার বাণিজ্যিকভাবে ভেনামি চিংড়ি চাষ করছেন বলে জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন। সাধারণ ঘেরে বাগদার চেয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভেনামি চিংড়ি চাষ করা গেলে অন্তত তিন থেকে চার গুণ উৎপাদন বেশি হয় বলেও মনে করছেন মৎস্য বিভাগের সঙ্গে সংশ্লিষ্টরা। তবে ভেনামি চাষে দেশের জিআই পণ্য বাগদা চাষে কোনো ক্ষতি করবে না বলেও সংশ্লিষ্টরা উল্লেখ করেন। মৎস্য বিভাগ বলছে, খুলনার পাইকগাছা নোনা পানি কেন্দ্রে ২০২১ সালে পরীক্ষামূলক চাষ শুরু করেন যশোরের একটি মৎস্য প্রক্রিয়াজাত কারখানার মালিক শ্যামল দাস।
পর পর দুই বছর পরীক্ষামূলক চাষে সফল হওয়ায় গত বছর থেকে সরকারের পক্ষ থেকে এর বাণিজ্যিক চাষের অনুমোদন দেওয়া হয়। ভেনামির পাশাপাশি আধা নিবিড় পদ্ধতির বাগদা চাষেও এগিয়ে যাচ্ছেন অনেক চাষি। কিন্তু ২০২১-২২ অর্থবছরে খুলনা অঞ্চল থেকে ২৪ হাজার ১০৪ টন হিমায়িত চিংড়ি রপ্তানি হলেও বিদায়ি অর্থবছরে (২০২৩-২৪) রপ্তানি হয় ১৫ হাজার ৪৫১ টন।
মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ বিভাগ বলছে, স্থানীয় বাজারে চিংড়ির চাহিদা পূরণ করেই বিদেশে রপ্তানি হচ্ছে।
বিশেষ করে এখনো তেমন পরিচিতি না পাওয়ায় ভেনামি চিংড়িই বাজারে চাকা হিসেবেই কিনছেন ক্রেতারা।
খুলনার পাইকগাছায় অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নোনা পানি কেন্দ্রের ছয়টি পুকুরে ২০২১ ও ২০২২ সালে পরীক্ষামূলক ভেনামি চাষ করে সফল হন শ্যামল দাস। তিনি দুই বছর ধরে বাণিজ্যিক চাষেও সফল হয়েছেন। এবার তিনি খুলনার বটিয়াঘাটার চকশৈলমারিতে ২০ বিঘা জমি লিজ নিয়ে ছয়টি পুকুরে ভেনামি চাষ করেন। তিনটি পুকুর থেকে এরই মধ্যে চিংড়ি আহরণ করে প্রতি হেক্টরে ১০ হাজার কেজি করে পাওয়া গেছে বলে জানিয়েছেন। ওই প্রকল্পের সার্বক্ষণিক তদারকির দায়িত্বে রয়েছেন প্রসেনজিত রায়। তিনি বলেন, ‘১০২ দিনে প্রতিটি ভেনামি চিংড়ির ওজন হয়েছে ২৪ গ্রাম। ১০ লাখ পোনা ছেড়ে শতকরা ৮৫ শতাংশ পাওয়া গেছে।’
খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, বহির্বিশ্বে ভেনামির চাহিদা থাকায় দেশে এর বাণিজ্যিক চাষ হচ্ছে। খুলনা জেলায় এবার ২৫ হেক্টর জমিতে ভেনামির চাষ হচ্ছে। হেক্টরপ্রতি ১০ টনেরও বেশি উৎপাদন হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যাবে। জেলার বটিয়াঘাটা, দাকোপ, কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া উপজেলার ১২ জন চাষি ভেনামি এবং ১৮৫ জন আধা নিবিড় পদ্ধতির বাগদা চাষ করছেন। সূত্র: কালের কণ্ঠ
খুবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারকে বৃহত্তর আমরা খুলনাবাসীর অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের জৈষ্ঠ শিক্ষক প্রফেসর ড. মো. রেজাউল করিম, ভাইস চ্যান্সেলর পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, প্রো-ভিসি ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নূরুন্নবি ট্রেজারার হিসাবে খুলনা বিশ্ববিদ্যালয়ে চার বছরের জন্য নিয়োগ পাওয়ায় তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সভাপতি. ডা. মো. নাসির উদ্দিন, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা.আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, কাওসারি জাহান মঞ্জু, মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক মো. সাকিল আহমেদ রাজা, আ রাজ্জাক, শেখ শহিদুল ইসলাম, মো.আরিফ আহমেদ, মো. জিসান রহমান, শেখ রফিকুল ইসলাম রফিক, মো. ইকবাল হোসেন তোকা, আ.মান্নান মুন্নাফ, মো. জয়নাল আবেদিন, মো. মনিরুজ্জামান মিলন, ডা. মোস্তাফিজার রহমান বাচ্চু, মো. তারেক রহমান, মো. জাভেদ আক্তার, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ ।
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফার লিফলেট সাতক্ষীরায় বিতরণ করলেন- আব্দুল মোনায়েম মুন্না
সাতক্ষীরা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফার লিফলেট সাতক্ষীরায় বিতরণ করলেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। শনিবার বিকেলে সাতক্ষীরার তালা বাজারে কেন্দ্রীয় বিএনপি’র ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা টিমের দায়িত্ব প্রাপ্ত নেতা কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না লিফলেট ও ধানের শীর্ষ প্রতীক বিতরণ করেন।
এ সময় উপস্থিত থেকে সহযোগিতা করেন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সদ্য সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, যুবনেতা তরিকুল ইসলাম কল্লোল, সুমনুর রহমান, তালা যুবদলের আহবায়ক আতিয়ার রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক খালিদ আহম্মেদ, সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাঈদ, আনিছুজ্জামান আনিস, জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু, সদস্য সচিব আবুল কালাম, যুগ্ন আহবায়ক জিএম আবু মুহিত, ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব এস কে ফারুক হোসেনসহ যুবদল,সেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ শেষে আব্দুল মোনায়েম মুন্না বলেন, ভয় দেখিয়ে নয়, মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। দলের ছোট একটি অংশ বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন পর্যন্ত সাধারণ নেতাকর্মীদের মাঠে রাখা ও দলকে সুসংগঠিত করাই আমাদের লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে জনগণের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে এই যৌথ কর্মীসভা সভা ও লিফলেট বিতরণ। পরে কথিত বন্দুকযুদ্ধে আহত ও কারানির্যাতিত জিয়াউল ইসলাম জিয়া ও আব্দুল মজিদকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
মিজান আহবায়ক, আব্বাস সদস্য সচিব
খানজাহান আলী থানা বিএনপির ৫১ সদস্যের পুর্নাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন
।। খবর বিজ্ঞপ্তি।।
কাজী মিজানুর রহমান মিজানকে আহ্বায়ক ও আবু সাঈদ হাওলাদার আব্বাসকে সদস্য সচিব করে ৫১সদস্যের পুর্নাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন মহানগর বিএনপি। শনিবার (১৯ অক্টোবর) বিএনপি মিডিয়া সেল মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা সদস্য সচিব শফিকুল আলম তুহিন শনিবার রাতে এ কমিটির অনুমোদন দিয়েছেন বলে নিশ্চিত করেছেন। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক যথাক্রমে মো. এমদাদুল হক, মোড়ল আতাউর রহমান, মো. জাহিদুল ইসলাম, হেলাল শরীফ, সদস্য যথাক্রমে সৈয়দ এনামুল হক ডায়মন্ড, ফকির রবিউল, মিনা মুরাদ হোসেন, ইকবাল হোসেন মিজান, আ. হাই শিকদার রুমি, শাহ আলম শিকদার মেম্বার, শেখ রফিকুল ইসলাম মাস্টার, ফরহাদ হোসেন, শেখ আবুল কালাম আজাদ, মো. জাহাঙ্গীর হোসেন খোকা, মোল্লা সোহাগ হোসেন, শেখ আজিজুর রহমান অরজু, মোঃ আনোয়ার হোসেন, মোঃ শফিকুল ইসলাম, শেখ আজিজুর রহমান, মীর শওকত হোসেন হিট্টু, শেখ তৈয়েবুর রহমান, সেখ মিজানুর রহমান, মুন্সি আজমল হোসেন, শাহাবুদ্দিন বুদ্ধি, মোঃ রফিকুল ইসলাম রফিক, মামুন শেখ (মেম্বার), মোঃ মোয়াজ্জেম হোসেন বাবু, বারেক হাওলাদার, মোঃ মারুফ হোসেন, মোঃ আবজাল হোসেন, শুকুর আলী হাওলাদার, মোল্লা সোহরাব হোসেন, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ জাকারিয়া মাহমুদ পিটু, মোঃ হুমায়ুন কবির জুয়েল, শেখ হাসিবুর রহমান উজ্জল, শরীফ ওবায়দুর রহমান চয়ন, বেল্লাল হাওলাদার, ডাঃ রইচ উদ্দিন, কাজী জামির হোসেন, মীর মনির হোসেন, মোঃ সেখ শাহজাহান, শেখ আসলাম হোসেন, আব্দুর রশিদ পাটোয়ারী, মোঃ আলতাফ হোসেন, বেগ আরিফ আল হাসান, মশিয়ুর রহমান তুষার, মোল্লা শরীফুল ইসলাম, খান মইনুল ইসলাম।
উল্লেখ্য, সোমবার (১৫ মে’২৩) বিকাল ৪টায় স্থানীয় মিরেরডাঙ্গা ক্রীড়া চক্র মিলনায়তনে খানজাহান আলী থানা বিএনপি যোগিপোল, আটরা গিলাতলা ইউনিয়ন ও কেসিসির ২ ওয়ার্ডের ৯৩ জন কাউন্সিলরের ভোটে আহবায়ক পদে কাজী মিজানুর রহমান মিজান ও সদস্য সচিব পদে আবু সাঈদ হাওলাদার আব্বাসকে নির্বাচিত ঘোষণা করা হয়।
নবগঙ্গায় বিলীন শতাধিক স্থাপনা
নড়াইল প্রতিনিধি
নবগঙ্গা নদীর তীব্র ভাঙনে বিলীন নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুরসহ বেশ কয়েকটি গ্রাম। ভাঙনের ঝুঁকিতে রয়েছে গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, মসজিদ, কবরস্থানসহ শতাধিক বসতবাড়ি। ১৫ দিনের অব্যাহত ভাঙনে নদীগর্ভে চলে গেছে বসতভিটা, ফসলি জমি, কাঁচাপাকা ঘর, গাছপালাসহ বিভিন্ন স্থাপনা। তবে পানি উন্নয়ন বোর্ডের দ্রুত পদক্ষেপে কিছুটা স্বস্তি ফিরেছে এলাকায়। কালিয়া উপজেলার নদীপাড়ের বিভিন্ন ইউনিয়নের হাজারো বাসিন্দাদের কাছে নদী ভাঙন একটি চিরচেনা বিষয়। প্রতি বছর বর্ষা মৌসুমে বসতবাড়ি তীব্র ভাঙনের কবলে পড়ে। এ বছরও পানি বাড়ার সঙ্গে সঙ্গে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় ভাঙনের তীব্রতা।
কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা আলেক শেখ বলেন, আমাদের বাড়িঘর সব নদীতে চলে গেছে। আমাদের মাথা গোঁজার এখন আর কিছুই রইলো না। এখন ছেলে-মেয়েদের নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছি।
একই গ্রামের বাসিন্দা আশরাফ মুক্তার বলেন, আমরা খুবই আতঙ্কে দিন পার করছি। আমাদের এই রাস্তা যদি ভেঙে যায় তাহলে আমাদের বসতবাড়িসহ গাছপালা নদী গর্ভে চলে যাবে। সেইসঙ্গে আমাদের এলাকার সব পুকুর-ঘেরসহ ফসলি জমি নদীতে চলে যাবে।
নদী ভাঙনে বসতবাড়ি হারিয়ে সর্বশান্ত ফুলি বিবি। তিনি বলেন, আমার বাড়ি নদীতে চলে গেছে। সর্বশান্ত হয়ে গিয়েছি। কোথায় থাকবো কি করবো কিছুই বুঝতে পারছি না। এই বাড়িটুকু ছাড়া আমার আর কোনো জায়গা জমি নেই। ছেলে-মেয়েদের নিয়ে কোথায় থাকবো তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছি।
তবিবুর শেখ বলেন, আমার সারাজীনের কষ্টের ফসল বাড়িঘর নদীতে চলে গেছে। অনেক কষ্টে আমি বাড়িটা করেছিলাম। বসবাস করার মতো আর কিছুই রইল না। জানি না এখন পরিবার নিয়ে কোথায় থাকব।
সবজি ক্ষেত ও বসতবাড়ি হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পথে আশ্রয় নেয়া হাসি বেগম। তিনি বলেন, আমার সব কিছুই নদীতে চলে গেছে। আশ্রয় নেয়ার মত রাস্তা ছাড়া আর কোথাও জায়গা নেই। রাতে ঘুম নেই, ঠিকমত খাবার নেই। কিভাবে রাত-দিন পার করছি আল্লাহ ছাড়া আর কেউ জানেন না।
এদিকে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের খুলনা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা বলেন, স্থায়ীভাবে ভাঙনরোধের জন্য সার্ভে করে প্রকল্প গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। একইসঙ্গে জরুরিভাবে ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।











































