Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

184
তালের ডোঙায় চড়ে রান্নার জন্য বাড়ির পাশে বিল থেকে শাপলা তুলছেন এক কৃষক। প্রতাপপুর এলাকা, কৈজুরী ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর

সজীব তালুকদার কৃষকদল খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক মনোনিত
।। খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের খুলনা মহানগর শাখার আহবায়ক আখতারুজ্জামান তালুকদার সজীবকে জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব অর্পণ করা হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন শনিবার (৫ অক্টোবর) এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এদিকে জাতীয়তাবাদী কৃষকদল খুলনা মহানগর শাখার আহবায়ক আখতারুজ্জামান তালুকদার সজীব জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিএনপি খুলনা মহানগর শাখার আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন সজীব তালুকদারের গতিশীল নেতৃত্বে সংগঠন আরো সুসংগঠিত, গতিশীল ও মজবুত হবে।

শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ নারী-পুরুষ আটক
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।এরমধ্যে ৩ জন নারী ও একজন পুরুষ রয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সকালে সীমান্তের পাচঁভূলট এলাকার একটি মাঠের তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মাগুরা জেলার শ্রীপুর থানার কুপোরিয়াগ্রামের বিনয় জোয়ারদারের মেয়ে দিঘি জোয়ারদার (১৪), একই জেলার কুপোরিয়াগ্রামের গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জুশ্রী জোয়ারদার (৩৭), বাগেরহাট জেলার পাতিলাখালীগ্রামের সঞ্জয় শিকদার মেয়ে অর্পিতা শিকদার (৩০) ও একই জেলার কচুয়া থানার শাখারগাজীগ্রামের শচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস (২০)।
বিজিবি জানায়, তারা গোপন সংবাদে জানতে পারেন চারজন নারী-পুরুষ অবৈধভাবে পাচঁভূলট সীমান্তের একটি মাঠ দিয়ে ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকার গোপনে অবস্থান নেয়। এসময় ওই মাঠ দিয়ে ভারতের যাওয়ার সময় তাদেরকে আটক করে বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার (পিএসসি) জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিনজন নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

ইন্দুরকানীতে কাজ না করে পালিয়েছে ঠিকাদার
ইন্দুরকানী প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের মাধ্যমে বাস্তবায়িত রেইন ওয়াটার হারভেস্টিংয়ের দুটি প্যাকেজের কাজ শুরু না করে পালিয়েছে ঠিকাদার। জানা যায়, উপকূলীয় জেলা সমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের আওতায় ইন্দুরকানী উপজেলায় ৫টি প্যাকেজের মধ্যে ৩টির কাজ চলমান। বাকি দুটি প্যাকেজের টেন্ডার হলেও কাজ করছে না ঠিকাদার। আরএফএল প্লাস্টিক লিঃ এন্ড আবির এন্ড ব্রাদার্স জেপি ৪৫ প্যাকেজের অনুকূলে ৬০৯টি ট্যাংকি ১৮/১০/২০২৩ তারিখে ওয়ার্ক অর্ডার পায়। কাজ শেষ হওয়ার তারিখ ১২/১২/২০২৪ ইং তারিখ। এমইএই (জেবি) মহাখালী, ডিওএসএইচ, ঢাকা এর অনুকূলে ৬০৯টি যাহার ওয়ার্ক অর্ডার ২৭/১১/২০২৩ ইং তারিখ কাজ শেষ হওয়ার সময় ২৬/১২/২০২৪ তারিখ থাকলেও এখন পর্যন্ত কাজ শুরু করেনি সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। এমনকি অফিসের সাথেও তারা কোন যোগাযোগ করেননি।
এব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী শিমুল বড়াল জানান, এ উপজেলায় ৫টি প্যাকেজের মধ্যে ৩টির কাজ শেষ হওয়ার পথে। বাকি দুটি প্যাকেজের টেন্ডার হলেও ৪৬ প্যাকেজের ঠিকাদার কাজ না করার জন্য জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আবেদন করেন। ৪৫ প্যাকেজের ঠিকাদারকে কাজ শুরু করার জন্য ৪ সপ্তাহের সময় দিয়ে চিঠি দেয়া হয়েছে। শীঘ্রই এ দু্িট প্যাকেজের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিদেশে উচ্চশিক্ষার জন্য জার্নাল পেপার লেখায় দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আয়োজনে ‘এক্সিলিং ইন জার্নাল পেপার রাইটিং- এ কমপ্লিট গাইড টুওয়ার্ডস পাবলিকেশন’ শীর্ষক এক কর্মশালা ০৫ অক্টোবর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। সকাল ১০.৩০ মিনিটে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, একাডেমিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি গবেষণালব্ধ জ্ঞান একজন শিক্ষার্থীকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে। এতে অনেক বড় বড় প্রতিষ্ঠানে কর্মস্থানের সুযোগ তৈরি হয়। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য উন্নত বিশ্বের দেশগুলোতে গেলে একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি তাদের জার্নাল পেপার আছে কি না সে বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়। সেসব দেশে সার্টিফিকেটের মতোই জার্নাল পেপারের মর্যাদা। এজন্য কিভাবে নিজেদের গবেষণাগুলো জার্নাল পেপারে তুলে ধরা যায় সেটা নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে গবেষণা, গবেষণা বিশ্লেষণ ও উপস্থাপন আমাদের আত্মস্থ করতে হবে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণামুখী। তাদের সুনাম জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে আছে। এই সুনাম আমাদের ধরে রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য গবেষণাকেন্দ্রিক অনেক প্রশিক্ষণ/কর্মশালা আয়োজন করা হয়েছে। আগামীতে ওবিই কারিকুলা অ্যাসেসমেন্ট, জার্নাল পেপার রাইটিং, রিসার্চ আর্টিকেল রাইটিং ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের জন্য কর্মশালা আয়োজন করা হবে। এ ছাড়া ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আলাদা গবেষণা ফান্ড করা যায় কি না সে বিষয়টিও ভেবে দেখা হচ্ছে। তিনি জার্নাল পেপার লেখায় শ্রেষ্ঠত্ব অর্জনে এ ধরনের একটি অংশগ্রহণমূলক কর্মশালা আয়োজনের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনিক্যাল সেশনের কি-নোট স্পিকার এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির সভাপতি ফজলে রাব্বি শাকিল। সঞ্চালনা করেন রুকাইয়া বিনতে সুজাউদ্দিন। পরে কি-নোট স্পিকার প্রফেসর ড. মো. মতিউল ইসলাম ‘এক্সিলিং ইন জার্নাল পেপার রাইটিং- এ কমপ্লিট গাইড টুওয়ার্ডস পাবলিকেশন’ বিষয়ে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন।
এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী ও খুবি অধিভুক্ত কেসিসি উইমেন্স কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কেন্দ্রীয় দাবি দিবস উপলক্ষে নগরীতে জেএসডি’র বিক্ষোভ সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আইন-শৃঙ্খলার উন্নতি, সীমান্ত হত্যা বন্ধ এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে দেশব্যাপী দাবি দিবস উপলক্ষে ৫ অক্টোবর, শনিবার দুপুর ১২টায় স্থানীয় খুলনা শহীদ হাদিস পার্কের দক্ষিণ গেটে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি খুলনা জেলা ও মহানগর আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জেএসডি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসডি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও নগর সভাপতি লোকমান হাকিম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর সাধারণ সম্পাদক এ এম রাশিদুল আহসান বাবলু, নগর নেতা মাহাতাব উদ্দিন কুদ্দুস, নগর নেতা ডাঃ এলপি গাইন, নগর নেতা কামরুজ্জামান সাদ, ছাত্রনেতা মা-আজ। যুবনেতা মমিনুদ্দিন মামুনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন রাইসুল ইসলাম রাফি, ছাত্রনেতা মাহিন হোসেন প্রমুখ।
বক্তারা রাষ্ট্রের সকল পর্যায়ে সংস্কার করার উপর জোড় তাগিদ দেন। সংস্কারবিহীন জাতীয় নির্বাচন হলে পুনরায় জাতি ফ্যাসিবাদের খপ্পরে পরতে পারে। সেকারনে বর্তমান উপদেষ্টা পরিষদ যতদিন প্রয়োজন রাষ্ট্রের সর্বস্তরে সংস্কার সাধনের পর একটি জাতীয় নির্বাচন জাতি প্রত্যাশা করে। দ্রব্যমূল্য আশু নিয়ন্ত্রণে আনার দাবি এবং দেশে অন্যায়-অবিচার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রনে আনার আহবান জানান।

মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কুটক্তির প্রতিবাদে দাকোপে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দাকোপ প্রতিনিধি
মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ভারতীয় হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভুতিতে আঘাত এবং তাতে বিজেপি নেতা বিধায়ক নিতিশরানের সমর্থনের প্রতিবাদে দাকোপে উপজেলা সমমনা ইসলামী দল সমুহের আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা হেডকোয়াটার জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মুফতি মাওলানা শফি আহম্মেদের সভাপতিত্বে এবং খেলাফত মজলিশ দাকোপ উপজেলা শাখার সেক্রেটারি মুফতি মাওলানা মোঃ ইকবাল হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস হুসাইন, খেলাফত মজলিশের উপজেলা সভাপতি মাওলানা মোঃ ফারুকুজ্জামান,জামায়াতে ইসলামী বাংলাদেশ উপজেলা শাখার আমীর মাওলানা আবু সাঈদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ¦ জাহিদুল ইসলাম, মাওলানা তাবারক হুসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রফেসর জি এম ওহিদুজ্জামান, পৌর সভাপতি আলহাজ¦ আবু দাউদ, সেক্রেটারি অবঃ সেনা কর্মকর্তা আকতারুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি হাফেজ ওসমান করিম, শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, খেলাফত মজলিশের পৌর সভাপতি মুফতি খালিদ হোসাইন, সেক্রেটারী মুফতি সাইফুল ইসলাম, যুব মজলিশের সভাপতি মাওলানা মাওলানা সোহরাব হোসাইন, সেক্রেটারি মুফতি মুস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জি এম ইমদাদুল হক, পৌর সভাপতি মাওলানা জি এম আকতারুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুল করিম, পৌর সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মুরসালিন, ছাত্র মজলিশের আহবায়ক মোঃ জোবায়ের ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি ইয়াসিন আরাফাত, সেক্রেটারী মেহেদী হাসান।

প্রধান শিক্ষক অখিল মন্ডলের একমাত্র পুত্রের মৃত্যু
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপ প্রেসক্লাবের সম্মানিত সদস্য প্রবীর রায় বাপীর ভাগ্নে ও বাজুয়া রায়পাড়া গ্রামের অধিবাসী ও হরিণ টানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল মন্ডলের একমাত্র পুত্র সন্তান অয়ন মন্ডল (২২) ০৫ অক্টোবর রোজ শনিবার সকালে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। অয়ন মন্ডল তার বাবা মায়ের একটি মাত্র সন্তান। সে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যায়নরত ছিলো। তার পিতা প্রধান শিক্ষক অখিল মন্ডল ও মাতা মুন্না রায়ের স্বপ্ন ছিল তাদের একমাত্র ছেলে অয়ন মন্ডলকে ইন্জিনিয়ার বানাবে কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। হার্টের সমস্যা জনিত রোগে আক্রান্ত হয়ে সে শনিবার মৃত্যু বরণ করে। পরিবার সূত্রে জানা যায় অয়ন মন্ডল পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই তার হার্ট ছিদ্র ছিল তাই শিশু বেলায় অয়নকে ভারতে নিয়ে যেয়ে হার্ট অপারেশন করা হয়েছিল। তারপর থেকে সে সুস্থ হয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলো। ছাত্র হিসাবে সে ভালো ছিলো। হঠাৎ সে কয়েকদিন অসুস্থ হয়ে পরে এবং সাথে সাথে অয়নকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হলো না অয়নের সে সৃষ্টিকর্তার ডাকে সারা দিয়ে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল। দুপুরে অয়নের মৃত দেহ বাজুয়া চড়ার বাঁধে রায় পাড়ায় তার নিজ বাড়িতে আনলে হাজার হাজার মানুষের ঢল নামে তাকে শেষ বার দেখার জন্য। এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক শিক্ষিকা, সহপাঠী ছাত্র – ছাত্রী ও এলাকার সর্বশ্রেণীর মানুষ তাকে দেখতে আসে এবং কান্নায় জড়িয়ে পড়ে। তার হঠাৎ এই আকষ্মিক মৃত্যুতে এলাকার সকলে শোকাহত এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

রামপালে হামলায় বিএনপি-ছাত্রদল নেতাদের আহতের ঘটনায় থানায় অভিযোগ
রামপাল প্রতিনিধি
রামপালে অধ্যক্ষের অপসারণ দাবীতে মিছিল করায় প্রতিপক্ষের হামলায় বিএনপি ও ছাত্রদলের ৫ আহতের ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গুরুতর আহত মনি ফকির (৪৮) কে খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগটি করেছেন রবিউল ইসলাম।
অভিযোগে জানা গেছে, বুধবার (০২ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলার গৌরম্ভা বাজার সংলগ্ন শুভদিয়া শেখ হেলাল উদ্দিন সরকরি ডিগ্রী কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশের অপসারণ দাবীতে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করে। এ সময় জামায়াতের নেতা ও গৌরম্ভা ইউপি সদস্য মুছা আকুন্জীর নেতৃত্বে জামায়াত শিবিরের মুক্তাদির শেখ, আশিক শেখ, মুরসালিন, আল ইমরান গাজী, নকিব তালুকদার, লাবিব শেখ, এহসান শেখ, জসিম শেখ, সজীব তালুকদার, আজমীর আকুন্জীসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জন হামলা করে। তারা হাতুড়ি, লোহার রড, ছুরি ও খুর নিয়ে হামলা করে। এ সময় বিএনপি কর্মী মনি ফকির (৫০) ছাত্রদল নেতা রাকিব শেখ (২০), মেহেরব হোসেন (২০), অভি জোয়ার্দার (২১) ও জামাল হোসেন (২২) আহত হন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মুসা আকুন্জীর কাছে জানতে চাইলে তিনি জানান, তাদের মারপিটে আমি, বাপ্পি, ইমাম হাসান, সালেহ আহমেদ সহ বেশ কিছু মানুষ আহত হই। তারা মিছেলে যোগ দেয়ার জন্যে চাপ দিলে শিবিরের সদস্যরা নেতৃবৃন্দের অনুমতি ছাড়া মিছিলে যেতে অস্বীকৃতি জানায়, এ সময় তারা সজিবের উপর হামলা করে। বিষয়টি মিমাংশার জন্যে বাজারে গেলে আমাদের উপর হামলা করে আহত করে।
এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

পদ্মপুকুর ইউনিয়নে বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা পেল প্রায় ১০০ জন সুবিধাবঞ্চিত নারী
খবর বিজ্ঞপ্তি
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে দুরে্যাগ দিন দিন বাড়ছে। বেড়েছে লবণাক্ততাও। লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলে নারীদের জরায়ুসহ বিভিন্ন রোগের হার পূর্বের চেয়ে তুলনামুলকভাবে বৃদ্ধি পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ০৫ অক্টোবর ( শনিবার ) সকাল ১০ টায় জলবায়ু ঝুঁকিপুর্ণ শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের ঝাঁপা গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় দিন ব্যাপী ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করেন ১১ নং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব তপন কুমার মণ্ডল। মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন জনাব রনজিত কুমার রপ্তান, সভাপতি, এভারগ্রীন যুব সংঘ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রভাষ কুমার রায়। বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে দিন ব্যাপী সেবা দেন ডাঃ রীমা আক্তার ( এমবিবিএস ), আরএমও, ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং লিডার্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দীপক কুমার গাইন। এছাড়া এই বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন লিডার্সের মনিটরিং অফিসার জয়দেব জোদ্দার সহ আরো অনেকে।
উপকূলের নারীদের লবণ পানি পান করতে হয়, লবণ পানিতে গোসল করতে হয়। এছাড়া জীবন চালাতে উপকূলের নারীরা নদীতে মাছ ধরে এবং চিংড়ি ঘেরে শ্রমিক হিসাবে কাজ করছে। ফলে সারাদিন লবণ পানিতে থাকার কারনে বিভিন্ন বয়সী নারীদের স্ত্রীরোগ ও প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে বহুবিধ সমস্যা দেখা দিয়েছে। এছাড়া আরো বেড়েছে চর্ম জাতীয় রোগ। তাছাড়া এসব নারীদের নারী সংক্রান্ত রোগের চিকিৎসা সেবা নিতে পুরুষ ডাক্তারের নিকট সবকিছু খুলে বলতে দ্বিধাবোধ করেন। ফলে সঠিক চিকিৎসা সেবা নিতে ব্যর্থ হন। তাই উপকূলীয় অঞ্চলে মাতৃস্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবং সরকারের উন্নয়নকে ত্বরান্বিত করতে এই মেডিকেল ক্যাম্পের উদ্যোগ গ্রহণ করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন যে সরকারের পাশাপাশি লিডার্স এই সুবিধাবঞ্চিত নারীদের পাশে দাঁড়িয়েছে। উপকূলের নারীরা টাকার অভাবে, যাতায়াত সুবিধার অভাবে যারা বাইরে ডাক্তার দেখাতে যেতে পারেন না তাদের ফ্রি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে লিডার্সের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই মেডিকেল ক্যাম্পে প্রায় ১০০ রোগীকে বিনামূল্যে প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ প্রদান করা হয়।

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শের নাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে।। এদেশ আমাদের, এদেশ কাউকেও ইজারা দেওয়া যাবে না। জীবন দিয়ে হলেও আমাদের শ্রমিকসহ সবার অধিকার রক্ষা করব ইনশাআল্লাহ। তিনি বলেন, বাংলাদেশে সত্য ও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমরা শ্রমিকরা এক হয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে শক্তিশালী করবো। একটি সুখী সমৃদ্ধিশালী ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সকল পর্যায়ের শ্রমিকদের ঐক্যবদ্ধ ভুমিকা রাখতে হবে। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সোনাডাঙ্গা থানা সভাপতি মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে ও থানা সাধারণ সম্পাদক মু. নুরুল হকের পরিচালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগরী সভাপতি মো. আরাফাত হোসেন মিলন, জামায়াতে ইসলামী সোনাডাঙ্গা থানা আমীর মাওলানা শাহারুল ইসলাম। বক্তব্য রাখেন ১৮ নং ওয়ার্ড আমীর মশিউর রহমান রমজান, ফেডারেশনের খুলনা মহানগরী সাধারণ সম্পাদক এস এম মাহফুজুর রহমান, সহ- সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক আল-হাফিজ সোহাগ। এ সময় প্রমিক নেতা গাজী গোলাম মোস্তফা, মাওলানা আব্দুল কুদ্দুস, শুকুর আলী, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম, শাহীন, কামরুল ইসলাম, পরিবহন শ্রমিক নেতা কামাল হোসেন, আসলাম সরদার, আব্দুল বারেক, মারুফুল হক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের কলিজার টুকরো শহীদদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের দিল্লিতে পালিয়ে গেছে। তার শাসনামলে সাধারণ শ্রমিকদেরকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। ইসলামী আন্দোলনের কর্মীদের উপর করা হয়েছে নির্যাতন। দেওয়া হয়েছে হাজার মামলা। যা থেকে রেহায় পায়নি গণমাধ্যম কর্মীরাও। সত্য কথা লিখলে তাদের উপর করা হয়েছে হামলা, দেওয়া হয়েছে মামলা। করা হয়েছে গ্রেফতার। তিনি আরও বলেন, তৃণমূলের শ্রমজীবী মানুষরা ঐক্যবদ্ধ আন্দোলনে সকল জুলুমের অবসান হয়েছে। শ্রমজীবী মানুষদের হাত ধরে আন্দোলনের বিজয় সূচিত হয়েছে।
তিনি বলেন, সব শ্রেণী-পেশার মানুষকে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়ার সেই কাজটি করে যাচ্ছে। দাওয়াতি কাজ বেশি বেশি করতে হবে। কারণ বিগত সময়ে আমাদের কোন কার্যক্রম প্রকাশ্যে করতে দেয়নি আওয়ামী স্বৈরাচার সরকার। এ সময় আমাদের দাওয়াতি কাজের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে হবে।

দিঘলিয়ার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আঃ রউফ গ্রেফতার
দিঘলিয়া প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাখোহাটি নিবাসী গাজী আঃ রউফকে পুলিশ গ্রেফতার করেছে। দিঘলিয়া থানার ৪ আগষ্ট দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্ররণ করা হয়েছে। দিঘলিয়া থানার মামলা নং ৩ তাং ৪/০৯/২০২৪ ইং।
দিঘলিয়া থানা পুলিশ শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) রাতে তাকেগ্রেফতার করে। মামলার বিবরণে জানা যায়, গত ২০২২ সালে বিএনপি নেতা-কর্মীরা ট্রলার যোগে ফুলতলার শিকিরহাট নদী ঘাট থেকে খুলনা বিভাগীয় সমাবেশ যোগদানের উদ্দেশ্য রওয়ানা করলে দিঘলিয়ার চন্দনীমহল কাটাবন নামক স্থানে পৌঁছালে উল্লেখিত আসামীরা স্বদলবলে অস্ত্রশস্ত্র, লাঠিসোটা নিয়ে ট্রলারে হামলা করে। এ হামলায় তাদের অনেকে নদীর ভেতর পড়ে যায়। মালামালসহ তাদের ডেকভর্তি খাবার ও থালাবাটি নদীতে ফেলে দেয়। অনেকে তাদের আাঘাতে আহত হয়। খুলনার আনোয়ার হোসেন বাবু নামে জনৈক নেতা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

পিরোজপুর বিএনপি’র দোয়া ও আলোচনা সভা
পিরোজপুর প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উত্তর সুটিয়াকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুটিয়াকাঠী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ সাইফুল ইসলাম নিপু এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সদস্য ও নেছারাবাদ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ ফকরুল আলম। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবদুল্লাহ্ আল বেরুনী সৈকত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক বলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহিন আহম্মেদ, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন নান্টু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ এমাম আকন ও মোঃ রাজীব রায়হান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তাদের নেতা কর্মীরা বিএনপি’র নেতাকর্মীদের বিভিন্নভাবে হামলা মামলা করে নির্যাতন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর এইসব নির্যাতনকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে। তবে আইন হাতে তুলে না নিয়ে তাদেরকে কোথাও পেলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

লোহাগড়ায় আওয়ামীলীগের রাজনীতি থেকে সরে দাঁড়ালেন অধ্যক্ষ মোশাররফ হোসেন
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় আওয়ামীলীগের রাজনীতি থেকে সরে দাঁড়ালেন নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মোল্যা। শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় লোহাগড়া আল্লাহর দান ক্লিনিকের হলরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি পারিবারিক এবং শারীরিক সমস্যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিলাম। এখন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে আমার কোন সম্পর্ক নাই এবং এই দলের বিভিন্ন পদ থেকে অব্যহতি নিলাম। এখন থেকে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ও মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখবো। উল্লেখ্য, মো. মোশারফ হোসেন মোল্যা লোহাগড়া পৌর আওয়ামীলীগের সদস্য ও লোহাগড়া পৌর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক পদে ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল্লাহর দান ক্নিনিকের স্বত্বাধিকারী মো. গোলাম কিবরিয়া মোল্যাসহ আরও অনেকে।

চার লাখ নকল আকিজ বিড়িসহ আটক ১
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দারোগামোড় এলাকায় অভিযান চালিয়ে চার লাখ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একটি ইঞ্জিন চালিত নসিমন জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে কুষ্টিয়া দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি), বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় অভিযুক্ত নসিমন চালককে আটক করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে নকল আকিজ বিড়ি ও কমদামী অবৈধ বিড়ি উৎপাদন করে আসছে। দৌলতপুর উপজেলার দারোগামোড় এলাকা থেকে একটি ইঞ্জিন চালিত নসিমনে করে নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি), বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী দৌলতপুর উপজেলার দারোগামোড় এলাকায় অভিযান ও তল্লাশি চালায়।
এসময় একটি ইঞ্জিন চালিত নসিমন থেকে ১৫ বস্তায় চার লাখ (৪,০০,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়। অভিযানকালে নসিমন চালক ইমারুলকে (৫৫) আটক করা হয়। অভিযানে জব্দকৃত নকল আকিজ বিড়ি প্রথমে বিজিবি ক্যাম্প এবং পরবর্তীতে দৌলতপুর থানায় পাঠানো হয়। অভিযান শেষে চালক ইমারুল (৫৫) এবং নকল বিড়ির মালিক কাবিল মোল্লার (৪০) বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে দৌলতপুর থানায় মামলা করা হয়েছে। আটককৃত আসামী ইমারুলকে আদালতে হাজির করা হয়েছে।
দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এবং বিজিবির নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলাম অভিযানে উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ জানান, অভিযানে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দেওয়া নকল আকিজ বিড়িসহ একটি নসিমন জব্দ করা হয়েছে। নসিমন চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ডুমুরিয়ায় শরাফপুর ইউনিয়ন পরিষদে সমন্বয় সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় শরাফপুর ইউনিয়ন পরিষদে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারি উন্নয়ন সং¯’া কমিউনিটি এ্যাকটিভিটিস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট’র আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে ইউনিয়ন পরিষদ অফিস কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন দাশ। এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য বাবুল সরদার, শেখ কামরুল ইসলাম,বিএম মাসুদ, শেখ ফিরোজ আহমেদ,আজিজুর রহমান সরদার,লাকী সুলতানা, সেলিনা বেগম, রোকেয়া বেগম,বিএনপি নেতা হেমায়েত রশিদ খান, সমাজসেবক শেখ আব্দুর রশিদ,প্রকল্পের ম্যানেজার শিল্পী গাইন, সুপারভাইজার মারুফ সরদার, মাঠ কর্মকর্তা রামপ্রসাদ দাস,রুমা আক্তার প্রমূখ । সমন্বয় সভায় বক্তারা স্বল্প খরচে স্বা¯’্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য বিস্তারিত আলোচনা হয়।

ফকিরহাটে পিপিআর রোগ নির্মূলে বিনামূল্যে টিকা প্রদান
ফকিরহাট প্রতিনিধি
সারাদেশের ন্যায় বাগেরহাটের ফকিরহাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের “পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের” আওতায় বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচি চলছে।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে ১ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। মঙ্গলবার ফকিরহাট সদর ইউনিয়নের সাতশৈয়া গ্রামে ছাগল ও ভেড়ার টিকা প্রদান করার মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো: জাহিদুর রহমান। এ কর্মসূচি ফকিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চলমান থাকবে বলে জানান কর্মকর্তারা। ফকিরহাট প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে উদ্বোধনী দিনের টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়নে ওই দিন মাঠপর্যায়ে ডিএফএ সুকান্ত মন্ডল, এলএফএ রেজাউল হাসান, সিইএ খান জিবাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান জানান, ছাগল ভেড়ার পিপিআর রোগ নির্মূল করার লক্ষ্য নিয়ে ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ফকিরহাট উপজেলার ৮ টি ইউনিয়নে ছাগল ও ভেড়ার বিনামূল্যে টিকা প্রদানের পাশাপাশি স্থানীয়দের মাঝে পিপিআর রোগ নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে।

ফকিরহাট আদর্শ বিদ্যালয়ে ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ
ফকিরহাট সংবাদদাতা
মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত ফকিরহাট আদর্শ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে ফলাফলের মোড়ক উন্মোচন করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন।
ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ মাও. মোফাজ্জেল হায়দারের সভাপতিত্বে ও শিক্ষক মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শোভা রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদুল রহমান, সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, কাজি আজহার আলি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বারী, ম্যানেজিং কমিটির সদস্য শহীদুল আহসান পান্না, শেখ নাসির উদ্দীন, শেখ রফিকুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক, শেখ তৈয়াবুর রহমান, সাংবাদিক এ্যাড. কাজী ইয়াসীন প্রমূখ।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শতাধিক ছাত্র-ছাত্রীসহ বিপুল সংখ্যাক অভিভাবক উপস্থিতি ছিলেন। প্রসঙ্গত ফকিরহাট আদর্শ বিদ্যালয়ে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অধ্যয়ন করে থাকে।

পাইকগাছায় শত বছরের পূজা মন্দিরের জায়গা দখল করে গাছ কাটার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার চাঁদখালী ইউনিয়নে শত বছরের সার্বজনীন পূজা মন্দিরের জায়গা দখল ও গাছ পালা কেটে নেয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ হয়েছে। জানাগেছে,উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী বাজারস্হ সনাতন ধর্মাবলম্বীদের দেবত্তর ১শতক জমির উপর শত বছর পূর্বে সার্বজনীন পূজা মন্দির গড়ে ওঠে। সেই থেকে ওই মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন পূজা অর্চনা করে আসছে। কিন্তু গত ২৬ সেপ্টেম্বর উপজেলার কালিদাসপুর গ্রামের শাহাজান সরদারের ছেলে সোহেল সরদার(৪৫),শাহিন সরদার(৪২) ও চক-কাওয়ালী গ্রামের জাকির হোসেন (৪২) মন্দিরের
জায়গা ইট বালি দিয়ে ভরাট করে দখল করে নেয়।ইতিপূর্বে তারা মন্দিরের জায়গার গাছপালা কেটে নিয়েছিলো। এসময় মন্দির কমিটির সভাপতি বাঁধা দিলে প্রতিপক্ষরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেয়। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যক্তি কে অবহিত করা হলে তার কোন সুরাহ হয়নি। সেকারনে বিষয়টির ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ওই মন্দিরের সভাপতি হারান চন্দ্র অধিকারী বাদী হয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন বলে জানান তিনি। তিনি আরো জানান,বিগত ২৬ বছর আগে ওই দেবত্তর জমি নিয়ে প্রতিপক্ষদের সাথে লিখিত একটি আপোষ মিমাংসা হয়। তবে বর্তমানে তারা তা না মেনে ওই দেবত্তর জমির গাছ পালা কেটে নিচ্ছে। এ বিষয়ে সোহেল সরদার জানান,আমরা মন্দিরের জায়গার কোন গাছ পালা কাটিনি। আমার দোকানের সামনে বালি ভরাট করে কাচামাল বিক্রির জন্য পরিবেশ করেছি।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।

কালীগঞ্জের ওদু চেয়ারম্যান আটক
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জের সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদুকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে শহরের নলডাঙ্গা ভ্যানস্ট্যান্ড এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সাবেক সাংসদ আনোয়ারুল আজিম আনারের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা ছিলেন।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু শহরের থানা রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও পূর্বাশা পরিবহনের কাউন্টার ভাংচুরের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশ তাকে আটকের চেষ্টা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে একদল পুলিশ শহরের নলডাঙ্গা রোডস্থ তার নিজ বাড়ি থেকে আটক করে।

রায়েরমহলে ময়লার ডাম্পিং বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন
খবর বিজ্ঞপ্তি
নগরীর ১৬ নং ওয়ার্ডের বয়রা রায়েরমহল এলাকার মীরের ঘাট রোডের আসর খাঁ মোড়ের ময়লা ফেলার ডাম্পিং বন্ধের জন্য মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তৃতা করেন,মোল্লা কবির, মো: মশিউর রহমান, মো: আরিফ হোসেন, মো: মফিজুর রহমান, ইকবাল হোসেন, খান হাফিজুর রহমান, শেখ হাসান, সাবিনা ইয়াসমিন, কামরুল ইসলাম, সমীর বিশ্বাস সহ আরো অনেকে।
এসময় বক্তারা দ্রুত ময়লার ডাম্পিং বন্ধের দাবি জানিয়ে ভুক্তভোগী এলাকাবাসীরা বলেন, এখানে ডাম্পিং স্টেশন তৈরি করলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে। কারণ,ডাম্পিং স্টেশনের কয়েকশো গজের মধ্যেই রয়েছে মসজিদ, মাদ্রাসা ও বিদ্যালয় সহ অসংখ্য ঘরবাড়ি। যে কারণে পরিবেশ দূষণের পাশাপাশি কাক ও কুকুরের মাধ্যমে ময়লার উচ্ছিষ্ট্যাংশে বাড়িঘর নোংরা হওয়ার সম্ভাবনা বেশি। ময়নার দুর্গন্ধে মসজিদের মুসল্লিদের নামাজ পড়া, আশপাশের বাসিন্দাদের বসবাস করা, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। তাই জনস্বাস্থ্যের দিক বিবেচনা করে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা। ইতোমধ্যে ডাম্পিং স্টেশন বন্ধের দাবিতে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, কেসিসি সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছেন বলে জানান তাঁরা।

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে একটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড গুলি জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে একটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি। শনিবার সকালে সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে এগুলো জব্দ করা হয়। তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, সাতক্ষীরা তলুইগাছা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অস্ত্র পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এসময় সীমান্তের মেইন পিলার ১২ ও সাব পিলার ৬ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তলুইগাছা নামক স্থান থেকে উক্ত অস্ত্র ও গুলি জব্দ করা হয়। তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি। তিনি আরো জানান এ ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নগরীর দৌলতপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
খবর বিজ্ঞপ্তি
ভারতের পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে অবমাননা এবং তাতে বিজেপি নেতার সমর্তনের প্রতিবাদে খুলনা দৌলতপুর মুকুল ভান্ডার মোড়স্থ দেয়ানা পাবলা ঈদগাহ ময়দানে দেয়ানা পূর্বপাড়া নবীপ্রেমিক যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় দৌলতপুর সুলতানিয়া জামে মসজিদ এর পেশ ইমাম ও খতিব মুফতি নাজমুল হাসান এর সভাপতিত্বে ও হাফেজ মুহা: মিরাজুল এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে বক্তব্য রাখেন মাও: মুফতি জাকারিয়া,মুফতি ফয়সাল আহমাদ,মুফতি আল আমিন,মুফতি হুসাইন মোহাম্মদ জুম্মান,মুফতি আবু হুরায়রা,মাও: আবুল কালাম, মুফতি মুজাহিদুল ইসলাম,মাও: নাসির উদ্দীন,মাও: গোলাম মোস্তফা বাঙ্গালি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ আরিফ বিল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি বি এল কলেজ শাখার সাধারণ সম্পাদক মুহা.শোয়াইব আলম ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার সাধারণ সম্পাদক মুহা.শাহরিয়ার তাজ সহ প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি পাবলা মুকুল ভান্ডার মোড় থেকে শুরু করে দেয়ানা-পাবলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সামনে দেয়ানা পাবলা ঈদগাহ ময়দানে দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

কপিলমুনি প্রেসক্লাবের কমিটি গঠন
আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব মোস্তাক আহম্মেদ

কপিলমুনি প্রতিনিধি
কপিলমুনি প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভা শনিবার দুপুরে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সাবেক সহ-সভাপতি মুন্সি রেজাউল করিম মহব্বত। সর্বসম্মতিক্রমে এস এম আব্দুর রহমান (দৈনিক প্রবাহ) কে আহবায়ক ও জি এম মোস্তাক আহম্মেদ (দৈনিক যশোর) কে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক কমিটির অন্য তিনজন সদস্য হলেন ক্লাবের সাবেক সভাপতি শেখ আব্দুল গফুর (দৈনিকগ্রামের কাগজ) সাবেক সহ-সভাপতি মুন্সি রেজাউল করিম মহব্বত (দৈনিক অনির্বাণ) সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন (দৈনিক স্পন্দন)। ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক আগামী তিন মাসের মধ্যে এই আহবায়ক কমিটি একটি সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করবেন বলে সাধারণ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সাবেক এমপি হাবিবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ
সাতক্ষীরা প্রতিনিধি
শনিবার সকাল ১১টায় জিয়া উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রায়ত শহীদ প্রেসিডেন্ট বীরউত্তম জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহিদুল আলম,কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৃনাল কান্তি রায়, শেখ তারিকুল হাসান, বিএনপি নেতা আব্দুর রকিব মোল্লা, আশরাফ হোসেন, আব্দুল কাদের বাচ্চু, তামিম আজাদ মেরিন, আক্তারুল ইসলাম, মাষ্টার মনিরুজ্জামান, সাবেক ছাত্রনেতা মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ। পুষ্পস্তবক অর্পণ শেষে মাজার জিয়ারতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

কেশবপুরে বানভাসি মানুষের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে বানভাসি মানুষের মাঝে যশোর জেলা বিএনপি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল ও আলতাপোল নামক স্থানে টোঙ ঘরে, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া বানভাসি মানুষের মাঝে চাল, ডাল, সয়াবিন তেল, আলু, চিড়া, মুড়ি ও লবণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির যুগ্ম -আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম -সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, সাগরদাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার কেএম খলিলুর রহমান, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, উপজেলা যুবদল নেতা আলমগীর সিদ্দিকী,আব্দুল গফুর, মেহেদী হাসান হিমেল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব কেএম আজিজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাহাতুল ইসলাম সুজন প্রমুখ।

নৌবাহিনীর অভিযানে তেরখাদায় দুই মাদক ব্যবসায়ীকে আটক
খবর বিজ্ঞপ্তি
‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক প্রতিহত করতে নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কমান্ডার হাসিব এর নেতৃত্বে শনিবার ভোর রাতে খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের কাটেঙ্গা এলাকা থেকে মোঃ মেজবা উদ্দিন এবং মোঃ বাহারুল শিকদারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে ইয়াবা, ২ কেজি ২০০ গ্রাম গাঁজা, দেশীয় মদ, দেশীয় অস্ত্র (০৯ টি রামদা, চাকু ০১টি, বল্লম ০৮টি), নগদ ৩৫,৬৯০ টাকা এবং ১১টি মোবাইল ফোনসহ আটক করা হয়। এদের নামে তেরখাদা থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়। পরবর্তীতে উদ্ধারকৃত টাকা, গাঁজা, মোবাইল ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।

সার্চ মানবাধিকার সোসাইটি খানজাহান আলী থানা শাখার প্রস্তুতি সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আগামী ১০ অক্টোবর শুক্রবার সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ খানজাহান আলী থানা শাখার উদ্যোগে সদস্য রেজুলেশন কার্ড বিতরণ ও বিভাগীয় নের্তৃবৃন্দদের সম্মাননা প্রদান অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে গতকাল এক প্রস্তুতি ও মতবিনিময় সভা সংগঠনের শিরোমনিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। থানা কমিটির সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নাজমুল হক অয়নের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিটির সহ-সভাপতি- এ এইচ এম শাহিন । এছাড়াও থানা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।

হত্যা মামলার বাদীকে অপহরণ, গুম ও জীবননাশের হুমকি
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে হত্যা মামলার বাদীকে অপহরণ, গুম ও জীবননাশের হুমকির অভিযোগ করেন শ্যামনগর উপজেলার গাবুরার ডুমুরিয়া গ্রামের মৃত শেখ আব্দুল আজিজ এর কন্যা আজমুন নাহার কুইন (৩৫)। শনিবার (০৫ই অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে এসে অপহরণ, গুম ও জীবননাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।
আজমুন নাহার কুইন বলেন, আমার পিতা শেখ আব্দুল আজিজ এর হত্যা কান্ডের ঘটনা মামলা দায়ের করার পর থেকে আমি জীবন হানির শংকার মধ্যে রয়েছি। আমার পিতাকে বিগত ২৯শে সেপ্টেম্বর রবিবার সকাল আনুমানিক বেলা সাড়ে ১১টায় সময় শেখ আব্দুর রশিদ, শেখ আব্দুল হাকিম, শেখ আব্দুল বারিক, শেখ আব্দুল আলিম, শেখ আব্দুর রউফসহ কয়েক জন পিটিয়ে গুরুত্বর আহত করে। পরবর্তীতে শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। উক্ত ঘটনায় আমি বাদী হয়ে ৩০শে সেপ্টেম্বর পাঁচ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করি। ইতি মধ্যে মামালার প্রধান আসামী শেখ আব্দুর রশিদ গ্রেফতার হওয়ার পর থেকে ০২নং আসামী শেখ আব্দুল হাকিম সহ অন্য আসামীরা প্রতিনিয়ত মোবাইল ফোনে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় গালিগালাজ সহ হুমকি ধামকি দিচ্ছে। মামলাটি তুলিয়া না নিলে জীবননাশ সহ হয়রানী মুলক মামলায় জড়ানোর পাশাপাশি অপহরণ পূর্বক গুমের হুমকি দিচ্ছে। ০২নং আসামী শেখ আব্দুল হাকিম আমার পিতার ময়না তদন্ত রিপোর্ট উল্টে দিয়ে মামলা খেয়ে ফেলার হুমকিও দেয়। ময়না তদন্ত প্রতিবেদন ও হত্যা মামলার ভবিষৎ নিয়ে দুঃচিন্তায় আছি।
আমার পিতার হত্যা কান্ডের পর একমাত্র মেয়ে- ও বৃদ্ধা মা কে নিয়ে পিতার বসত বাড়িতে বসবাস করিছি। এমতাবস্থায় আসামীদের হুমকি- ধামকির ঘটনায় মারাত্মক নিরাপত্তাহিনতায় ভুগছি। বাকী আসামীদের কে গ্রেফতার দাবি জানাই। এবং আমি সহ আমার মেয়ে ও মায়ের জীবনের নিরাপত্তা জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

বিএনপি নেতা শামীমের পূজা মন্দির পরিদর্শন, মতবিনিময় ও অনুদান প্রদাণ
মোংলা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশনায় কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শামীমুর রহমান শামীম বাগেরহাটের মোংলা ও রামপালের বিভিন্ন পূজা মন্দির এবং মন্ডপ পরিদর্শন করেছেন। শনিবার সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তিনি মন্দিরগুলো পরিদর্শনের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানও তুলে দেন। এছাড়া তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে পৃথক মতবিনিময়ও করেন। এ সময় তিনি বলেন, দেশনায়ক তারেক জিয়ার নির্দেশনায় রয়েছে দুর্গাপূজা যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় সেজন্য সকল ধরণের সাহায্য-সহযোগিতাসহ নিরাপত্তার দায়িত্বে থাকবে বিএনপি। এ সময় তার সাথে মোংলা ও রামপালের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রশাসনে লুকিয়ে থাকা স্বৈরাচারীর প্রেত্মাতা চিহ্নিত করতে হবে
মাগুরা প্রতিনিধি
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রশাসনের মধ্যে স্বৈরাচারীর যেসব প্রেতাত্মা লুকিয়ে আছে তাদের অবিলম্বে চিহ্নিত করতে হবে। সব হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, স্বৈরাচারের সুবিধাভোগীরা দেশের ভেতরে ও বাইরে থেকে উঁকি দেওয়ার চেষ্টা করছেন বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য। এখনো ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় আছেন তারা।
শুক্রবার ( ৪ অক্টোবর) মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, একটি সুখী-সমৃদ্ধ ও বাসযোগ্য সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সব দেশপ্রেমিক নাগরিকদের জামায়াতের হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানাই।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য, সাবেক ছাত্র নেতা অধ্যাপক এম বি বাকের।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÍ কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসেন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ও জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল মতিন, কুষ্টিয়া জেলার সাবেক আমির অধ্যক্ষ খোন্দকার মহসিন আলী, নড়াইল জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ওবাইদুল্লাহ কায়সার ও কর্মপরিষদ সদস্য মাওলানা মারুফ কারখী, ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. আশিকুর রহমান প্রমুখ।

চেয়েছিলেন পরিবারের দারিদ্র্য ঘোচাতে, গুলিতে সব স্বপ্ন শেষ
মাগুরা প্রতিনিধি
২৪ বছরের তরুণ রাজু আহমেদ ঢাকায় জননী কুরিয়ার সার্ভিসে বুকিং অফিসার হিসেবে কাজ করতেন। তিন বছর আগে মা নাসিমা খাতুন বাড়িতে পাওয়ার টিলার দুর্ঘটনায় আহত হন। মায়ের চিকিৎসা করাতে গিয়ে পড়াশোনা ঠিকমতো চালাতে পারেননি রাজু। বাবা কালাম মোল্লা পেশায় একজন দিনমজুর। অন্যের জমিতে কাজ করেন।
পরিবারের অভাব দূর করতে দেশের বাইরে যেতে চেয়েছিলেন রাজু। আশা ছিল ভালো আয় করে পরিবারের দারিদ্র্য ঘোচাবেন।

এর মাঝে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে প্রতিদিনই রাজু কাজের ফাঁকে আন্দোলনে অংশ নিতেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা। গত ১৯ জুলাই রাজু কালো পাঞ্জাবি গায়ে দিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। সেখানেই গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। রাজুর বাড়ি মাগুরা সদর উপজেলার আজমপুর গ্রামে।
গ্রামবাসীরা জানান, রাজু জগদল সম্মিলনী কলেজ থেকে এইচএসসি পাস করে মাগুরা আদর্শ কলেজে ডিগ্রিতে ভর্তি হন। কিন্তু পারিবারিক অসচ্ছলতার কারণে লেখাপড়ায় নিয়মিত হতে পারেননি।
অভাবের সংসারে অসুস্থ মায়ের চিকিৎসার ব্যয় নির্বাহ করতে গিয়ে ডিগ্রি পড়াটা তার আর হয়ে ওঠেনি। দিনমজুর বাবার একার আয়ে ধারদেনা করে রাজুর বড় ভাইকে মালয়েশিয়ায় পাঠানো হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতা নিয়ে তিন মাস আগে দেশে ফিরে আসেন তিনি। ফলে নিরুপায় হয়েই তিন মাস আগে ঢাকায় জননী কুরিয়ার সার্ভিসে কাজ নিয়ে বাড়ি ছাড়েন রাজু। গত ১৯ জুলাই ঢাকা মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান রাজু।
রাজুর মা নাসিমা খাতুন বলেন, মৃত্যুর আগের দিন রাতেও রাজুর সঙ্গে আমার কথা হয়েছে। মোবাইলে সবার খবর নিয়েছে। সৌদি আরব যাওয়ার জন্য চেষ্টা করছিল সে। আমার ছেলের সে ইচ্ছা আর পূরণ হলো না। এক ছেলে পৃথিবী ছেড়ে চলে গেলো, আরেক ছেলে অসুস্থতা নিয়ে বিদেশ থেকে বাড়িতে এসেছে। আমি নিজেও খুব অসুস্থ। এখন আমরা কীভাবে চলবো?

চুয়াডাঙ্গায় ছাত্রলীগসহ ৭৭ জনের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের মামলা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রায় দুই মাস পর মামলা দায়ের হয়েছে। ছাত্র আন্দোলনের নারী শিক্ষার্থী হাসনা জাহান খুশবু বাদী হয়ে ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি করেন।
শুক্রবার (৪ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী ঢাকা পোস্টকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হক জোয়ার্দ্দার আনিককে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়াও এই মামলার অন্যতম আসামিরা হলেন, সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, সাবেক সহসভাপতি শাহাবুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভিনসহ ৭৭ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে গত ৪ আগস্ট চুয়াডাঙ্গায় আন্দোলনে নামেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় সদর হাসপাতাল সড়কের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সনো সেন্টারের কাছে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ধারালো অস্ত্র, রামদা, কুড়াল, হকস্টিক ও জিআই পাইপ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এতে তিন নারী শিক্ষার্থী মারাত্মকভাবে জখম হন। পরে হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যান। এ ঘটনার ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এরপর প্রায় দুই মাস পর আহত শিক্ষার্থী হাসনা জাহান খুশবু মামলা দায়ের করেন।

পুলিশকে অপরাধের তথ্য দিন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেছেন, ৫ আগস্টের পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে স্বাভাবিকভাবেই পুলিশ কাজে ফিরতে একটু সময় নিয়েছে। বর্তমানে পুলিশের কার্যক্রম অনেকটাই স্বাভাবিক রয়েছে, দ্রুতই পুরোপুরি স্বাভাবিক হবে। বর্তমানে অপরাধের অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশকে অপরাধের তথ্য দিন, দ্রুত ব্যবস্থা নেয়া হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, সাংবাদিক ও পুলিশ একে অন্যের সহযোগী। গণমাধ্যমকর্মীরা যে কোনো ধরনের তথ্য আমাদের জানাতে পারেন। কুষ্টিয়ায় অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তিশৃঙ্খলা রক্ষাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
তিনি আরও বলেন, কুষ্টিয়ায় পুলিশের অফিসার ও ফোর্স চেঞ্জ হয়েছে। এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে যেতে একটু সময় লাগে। সরকারি বিধি অনুয়ায়ী বদলির ক্ষেত্রে ৮ থেকে ১০ দিন জয়নিং লিভ পায়। কুষ্টিয়া থেকে যে পরিমাণ ফোর্স বদলি হয়ে চলে গেছে, সে পরিমাণ ফোর্স কুষ্টিয়ায় যোগদান করেননি। পুলিশের কার্যক্রম দ্রুতই পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।
সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, হত্যা, হত্যাচেষ্টা, গুরুত্বপূর্ণ মামলা, চোরাচালান, মাদক, জুয়া, ডাকাতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, তথ্য প্রাপ্তিতে পুলিশের সহযোগিতাসহ পুলিশের সঙ্গে সংবাদকর্মীদের সম্পর্ক বৃদ্ধির বিষয়ও তুলে ধরেন গণমাধ্যমকর্মীরা।
এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান দ্রুত সময়ে তথ্য প্রাপ্তি নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলার উন্নয়নসহ, সার্বিক বিষয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। একইসঙ্গে সাংবাদিকদের কাছে তথ্য চেয়ে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
মিজানুর রহমান বলেন, পূজামণ্ডপগুলোতে ও লালন মেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে পুলিশ। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। যাতে নির্বিঘ্নে দর্শনার্থীরা পূজামণ্ডপ ও লালন মেলায় ঘুরতে পারেন। সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা করা সকল নাগরিকের নৈতিক, সামাজিক ও আইনি দায়িত্ব। এ বছর মাল্টি-লেয়ার্ড নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে পুলিশ। শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. তারেক জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) পলাশ কান্তি নাথ, কুষ্টিয়া মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী, সাংবাদিকদের মধ্যে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা সীমান্তে পূজামণ্ডপে ১৬ স্তরের নিরাপত্তায় বিজিবি
সাতক্ষীরা প্রতিনিধি
দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে ১৬ স্তরের নিরাপত্তায় থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে বিজিবির ভোমরা ক্যাম্পে পূজা উপলক্ষে মতবিনিময় শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. আশরাফুল হক।
তিনি বলেন, ২ অক্টোবর থেকে বিজিবির টহল দলকে দুটি টাক্সফোর্সে বিভক্ত করে পূজামণ্ডপসমূহ ও তার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে কার্যক্রম চলানো হচ্ছে। সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মধ্যে ৪০টি পূজামণ্ডপ রয়েছে। বিজিবি ১৬ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে এবং বিজিবির দুই শতাধিক সদস্য এ কাজে নিয়োজিত থাকবেন।
লেফট্যানেন্ট কর্নেল মো. আশরাফুল হক আরও বলেন, সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের দায়ে অভিযুক্ত রাজনৈতিক, ব্যবসায়ী পেশাজীবীসহ ২৮ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে মোবাইল ও স্ট্যাটিক টহল পরিচালনাসহ গোয়েন্দা নজরদারি ব্যাপক হারে বাড়ানো হয়েছে।

আটা ও ডিমের মূল্য উল্লেখ না থাকায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরের পৌর বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। এসময় আটা ও ডিমের মূল্য উল্লেখ না থাকায় তিন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া পৌর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে লালন শাহ অটো ফ্লাওয়ার মিলের আটার প্যাকেটে মূল্য না থাকায় ১৫ হাজার টাকা, মিতুল ডিমের আড়তে বেশি দামে ডিম বিক্রির দায়ে ৫ হাজার টাকা এবং মেসার্স এ হাই এন্ড সন্সকে বেশি দামে ডিম বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সুচন্দন মন্ডল জানান, পণ্যের মোড়কে নির্ধারিত দাম উল্লেখ না থাকা এবং ডিমের দাম বেশি দামে বিক্রি করার দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে তিন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুলতানা রেবেকা নাসরিন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সুন্দরবনে বাঘ গণনার ফলাফল ৮ অক্টোবর
স্টাফ রিপোর্টার
সুন্দরবনে ১ হাজার ২০০টিরও বেশি ক্যামেরা ট্র্যাকিংয়ের মাধ্যমে বাঘ গণনা শেষ হয়েছে। আগামী ৮ অক্টোবর প্রকাশ করা হবে ফলাফল। জরিপে সুন্দরবনের বাঘ বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
৪৮৪ টি ট্র্যাকিং ক্যামেরার মাধ্যমে ৩৬ কোটি টাকা ব্যয়ে বাঘ গণনা ও বাঘ সংরক্ষণ এই দুইটি মেগা প্রকল্পের মাধ্যমে টানা তিন বছর ধরে গণনার কাজ করা হয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, ইতোপূর্বে বিশ্ব ব্যাংকসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে বাঘ জরিপ হলেও ,এ বছর দেশীয় প্রযুক্তি ও দেশের অর্থায়নে খুলনার চারটি রেঞ্জেই ক্যামেরা ট্রাকিংয়ের মাধ্যমে জরিপ পরিচালনা করা হয়। ২০১৫ এবং ২০১৮ সালের তুলনায় এ বছর বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।
তিনি আরও বলেন, ঝড়, বন্যা ও জলোচ্ছ্বাস থেকে বাঘ রক্ষার জন্য বাঘের কেল্লা নির্মাণ করা হচ্ছে সুন্দরবনে।
এর আগে, ২০১৫ সালের বাঘশুমারি অনুযায়ী, সুন্দরবনে বাঘ ছিল ১০৬টি। ২০১৮ সালের শুমারিতে ছিল ১১৪টি। সর্বশেষ তৃতীয়বারের মতো খুলনা বন বিভাগ সুন্দরবনের বাঘ গণনা শুরু করে ২০২২ সালে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা খুলনার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল বলেন, আমরা বাঘের সংখ্যা শুনে আগে হতাশ হয়েছি। এবার আমরা আন অফিসিয়ালভাবে জেনেছি যে বাঘের সংখ্যা সুন্দরবনে বেড়েছে। এখন মানুষ অনেক সচেতন হয়েছেন । বাঘ যে আমাদের উপকারে আসে তা সাধারণ মানুষ বুঝেছে। এজন্য বাঘ দেখলে এখন আর মানুষ পিটিয়ে মারে না। যে কারণে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর জাতীয় পরিষদ সদস্য ও বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন, প্রতি তিন বছর অন্তর বাঘ গণনার জন্য কোটি কোটি টাকা অর্থ ব্যয় করার প্রয়োজন আছে বলে মনে হয় না। সুন্দরবন বাঁচাতে ১০ বছর পর পর একবার গণনা করলে বনের ওপর চাপ কমবে।

কাঁচা খাওয়া যায় যে কচু!
স্টাফ রিপোর্টার
কচুর নাম শুনলেই অনেকের হাত ও গাল চুলকাতে শুরু করে। অথচ সেই কচু দিব্বি কাঁচা চিবিয়ে খাওয়া যায়। এমনই এক আশ্চর্যজনক কচু চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন খুলনার কৃষক নিউটন মণ্ডল। নিজের ঘেরের পাড়ে উঁচু স্থানে থাই অগ্নিস্বর নামে কচু চাষ করছেন এই কৃষক। এখন তার স্বপ্ন এই সবজির চারা সারা দেশে ছড়িয়ে দেওয়া।
এদিকে, নিউটনের দেখাদেখি অনেকেই শুরু করেছেন থাই অগ্নিস্বর কচুর চাষ। মাংসের সঙ্গে রান্না করলে এ কচুর স্বাদ অনেক বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিউটন জানান, দুই বছর আগে কৃষি বিভাগের সহায়তায় ডুমুরিয়া উপজেলার ঘোনা মাদারডাঙ্গা এলাকায় ঘেরের পাড়ে থাই অগ্নিস্বর কচু চাষ শুরু করেন তিনি। এটি উচ্চমূল্যের কচু। এই কচু উঁচু ও শুষ্ক জায়গায় লাগাতে হয়। গাছের নিচে বা ছায়া জায়গাতেও লাগানো যায় সবজিটি। লাইন থেকে লাইন ২ হাত কচুটি লাগাতে হয়। কচু লাগানোর সময় জৈব সার দিতে হয়। থাই অগ্নিস্বর কচু এক বছরের নিচে হার্বেস্ট করা যায় না। দেড় বছর পর্যন্ত রাখলে ২০ কেজি পর্যন্ত কচুর মূল পাওয়া যায়। কচুটি ১২ মাসই লাগানো যায়। ঘের পাড় ও পরিত্যক্ত জায়গা, ঘরের আঙিনায় এই কচু লাগানো যায়।
কচুটি কাঁচা চিবিয়ে খাওয়ার পর স্থানীয় চাষি দশোরত মণ্ডল বলেন, ‘কচু ধরলে বা কাটলে হাত চুলকায়। সেখানে থাই অগ্নিস্বর কচু কাঁচাই খাওয়া যায়। কোনো দিন কাঁচা কচু খাইনি। তবে এ কচু খাইতে খুব স্বাদ লাগলো।’
কৃষক নিউটন মণ্ডল বলেন, ‘এই কচুর গোড়া, বাকল ও পাতা খেলে মুখ চুলকায় না। কাঁচা খেতে মিষ্টি আলু, শাক আলু, কলার থোড়, নারকেল ও খেজুরের মাথির মতো লাগে। এর ভেতরের কালার একেবারে ক্রিমের মতো হালকা হলুদ। তবে এটি কাঁচা খাওয়ার জন্য নয়। গরু, খাসি, মুরগি বা হাঁসের মাংসের তরকারিতে এই কচুর স্বাদ অতুলনীয়। শুধু মাংস নয়, মাছ কিংবা শুধু কচুটি রান্না করলেও খেতে দারুণ লাগে। এই কচুর এতোই স্বাদ যে একবার যিনি খাবেন তিনি আবারও খুঁজবেন।’
তিনি বলেন, ‘আমি শুরুতে ৬০০ চারা লাগাই। ২০টির মতো কচু বিক্রি করেছিলাম। বাকিগুলো কেটে কেটে চারা তৈরি করেছি।’
এই কৃষক বলেন, ‘এই কচুর চারার কদর অনেক। দেশে এই চারার চাহিদা মেটানোর মতো কোনো লোক নেই। অনেকেই আমার কাছ থেকে কচুটির চারা নিচ্ছে। প্রতি পিস চারা ৫০ টাকা করে বিক্রি করছি। এখন পর্যন্ত ৩ হাজার চারা বিক্রি করেছি। চারা যদি টিস্যুকালচার পদ্ধতিতে করতে পারতাম, তাহলে খরচ কম পড়তো। এই কচুর চারা তৈরি করা খুব কঠিন। চারা তৈরি করলে কচু বিক্রি করা যায় না। আমি এই কচুর গোড়া ২০ কেজি পর্যন্ত বড় করেছি। খেতে দারুণ সুস্বাদু। তাই চাহিদা ভালো। এ জন্য চারা তৈরি করছি। আমার কাছে ৫০০ গাছ এবং ৩ হাজার চারা আছে।’
ডুমুরিয়া উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. ওয়ালিদ হোসেন বলেন, ‘থাই অগ্নিশ্বর কচুর বিশেষত্ব হচ্ছে এ কচুতে গাল চুলকায় না। কারণ এতে ক্যালসিয়াম অক্সালেটের পরিমাণ কম অথবা নেই। এই কচুর চারা উৎপাদন বেশ কষ্টসাধ্য। ফলে এর সম্প্রসারণ কম। এই কচু নিয়ে গবেষণা করে চারা উৎপাদন সহজলভ্য করা সম্ভব হলে সম্প্রসারণ দ্রুত করা সম্ভব বলে মনে করছি।’

পালানোর পর স্কুলছাত্রী উদ্ধার, উধাও পুলিশ সদস্য
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যান সুমন হোসেন নামে এক পুলিশ সদস্য। পরে মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হলেও সুমন পলাতক রয়েছেন।
সুমন হোসেনের বাড়ি যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে। চাকরিসূত্রে তিনি চুয়াডাঙ্গায় কর্মরত। তিনি আগে থেকেই বিবাহিত। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল সুমন হোসেন জীবননগর থানাধীন রায়পুর পুলিশ ক্যাম্পে কর্মরত থাকাকালীন ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে কনস্টেবল সুমন হোসেনকে রায়পুর ক্যাম্প থেকে সরিয়ে জেলা পুলিশ লাইন্সে পাঠানো হয়। এরপর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন জামজামি পুলিশ ক্যাম্পে বদলি করা হয়। সেখানে মোবাইল ফোনে ৬-৭ মাস যাবত যোগাযোগ অব্যাহত রাখেন তারা। গত ৩০ সেপ্টেম্বর তারা ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় চলে যান। এরপর ওই স্কুলছাত্রীর বাবা জীবননগর থানায় বিষয়টি জানালে স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও কনস্টেবল সুমন হোসেনের কোনো হদিস মেলেনি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিষয়টি জানতে পেরে রায়পুর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপরও তারা যোগাযোগ অব্যাহত রাখে। গত ৩০ তারিখ তারা কোটচাঁদপুর এলাকায় চলে যায়। স্কুলছাত্রী আমাদের হেফাজতে আছে। কনস্টেবল সুমন হোসেনের হদিস পাওয়া যায়নি। তাকে র্যাবে বদলি করা হলেও যোগদান করেনি। তাই বর্তমানে পুলিশ সদস্য বলা ঠিক হবে না। স্কুলছাত্রীর বাবা মামলা করলে আমরা মামলা নেবো।

নগরীতে সিপিবি’র সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা কমিটির উদ্যোগে ৫ অক্টোবর বিকেল ৫টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে সমাবেশ ও নগরীর গুরুত্বপূর্ণ সড়কে পদযাত্রা অনুষ্ঠিত হয়। সিপিবি খুলনা জেলা সভাপতি কমরেড ডা. মনোজ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, সহকারী সাধারণ সম্পাদক কমরেড শেখ আব্দুল হান্নান, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও মহানগর সভাপতি কমরেড এইচ এম শাহাদাৎ, কমরেড এ্যাড. চিত্ত রঞ্জন গোলদার, কমরেড মিজানুর রহমান বাবু, কমরেড অশোক সরকার, কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী, কমরেড গাজী আফজাল হোসেন, কমরেড এ্যাড. প্রীতিশ মণ্ডল, কমরেড কিংশুক রায়, কমরেড এস এম চন্দন, কমরেড আব্দুল হালিম, কমরেড এ্যাড. প্রশান্ত মণ্ডল, কমরেড নিতাই পাল, কমরেড শিশির সরকার, কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, কমরেড পূর্ণেন্দু বিশ্বাস, কমরেড মৃণাল পাল, কমরেড তোফাজ্জল হোসেন, কমরেড মানুন খান প্রমুখ। সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছিল, এখনও পর্যন্ত তার উন্নতি হয়নি। এই সুযোগে মানুষ গণপিটুনিতে গণহত্যার শিকার হচ্ছে। গার্মেন্টস শ্রমিকদের হত্যা করা হচ্ছে। দ্রব্যমূল্য ক্রমবর্ধমানভাবে বেড়েই চলেছে, নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই। নির্বাচন পদ্ধতি আমূল সংস্কারসহ বিভিন্ন বিভাগে সংস্কারের রোড ম্যাপ ঘোষণা, শারদীয় দুর্গা উৎসবের সময় সামাজিক সম্প্রীতি রক্ষার জোর দাবী জানান বক্তারা। সমাবেশ শেষে এক পদযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার পিকসার প্যালেস মোড়ে এসে শেষ হয়।

খুলনা অঞ্চলে বিশ্ব শিক্ষক দিবস পালিত
খুলনাঞ্চল ডেস্ক
খুলনাসহ বিভিন্ন স্থানে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বিভিন্ন সংগঠন, উপজেলা শিক্ষা পরিবারসহ নানা সংগঠনের উদ্যোগে এই দিবস পালিত হয়েছে।
॥ জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগর ও জেলা ॥
শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২ টায় পাওয়ার হাউস মোড়স্থ আইএবি কার্যালয়ে জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা ও মহানগর শাখার আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগর সভাপতি মুফতী রবিউল ইসলাম রাফের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা মাহবুবুল আলম এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।
সভায় আরো উপস্থিত ছিলেন মুফতি নাঈমা আশরাফ, মাওলানা ফজলুল করিম, মাওঃ মুফতি দেলোয়ার হোসেন, মাওঃ আশরাফুল আলম, মুফতী আঃ কুদ্দুস, মাওঃ আঃ রাজ্জাক প্রমূখ।
॥ মাগুরা ॥
মাগুরার শালিখাতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা শনিবার অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় একটি শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে আড়পাড়া বাজারের যশোর মাগুরা মহাসড়ক হয়ে আড়পাড়া শালিখা সড়কের শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এসে শেষ হয়।পরে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। স্বাগত বক্তব্য রাখেন শালিখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম।
এ সময় বক্তব্য রাখেন আড়পাড়া ডিগ্রি কলেজ সভাপতি সাবেক উপাধ্যক্ষ মোঃ মফিজুর রহমান,শালিখা উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান আনিচুর রহমান মিলটন,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, জামাওয়াতী ইসলামী বাংলাদেশে শালিখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী,
অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাস,প্রধান শিক্ষক এবিএম খাইরুল ইসলাম,প্রধান শিক্ষক মোঃ বাহারুল ইসলাম,সুপার আবুল হাসান,শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো মশিউর রহমান,প্রধান শিক্ষক অরুন চক্রবর্তী, সহকারী শিক্ষক শাহিনুর রহমান,সহকারী মৌলভী জাহাঙ্গীর হোসেন,শিক্ষক জাহিদুর রহমান প্রমুখ।
বক্তব্যরা শিক্ষকদের সম্মান ও বৈসম্য দূরিকনের বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের সঞ্চালক ছিললন শতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম।
আয়োজনে ছিলো শালিখা উপজেলা শিক্ষা পরিবার।
॥ পিরোজপুর ॥
অন্যান্য দেশের মতো বাংলাদেশে ও যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয়, ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে পালিত হয় ‘বিশ্ব শিক্ষক দিবস , ২০২৪’ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পিরোজপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সার্কিট হাউস থেকে র্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এরপরে দিবসটি পালন উপলক্ষে শনিবার ০৫ অক্টোবর সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক -সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পিরোজপুর মো: আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। আরও বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি,জেলা শিক্ষা অফিসার,মো: ইদ্রিস আলী আযিযী, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ফিরোজ রব্বানী,সিভিল সার্জনের পক্ষে ডাঃ মোঃ আরিফ হাসান সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ হাবিবুল্লাহ হাওলাদার,সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম,পিরোজপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াসুর রহমান, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ, মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আরজু প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষা অফিসার, সাংবাদিক ও বিভিন্নস্তরের নেত্রীবৃন্দ।
এছাড়াও পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার ৫ অক্টোবর সকাল সাড়ে দশটায় শিক্ষকদের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকার, কাউখালী সরকারি কলেজের অধ্যাপক নজরুল ইসলাম, শিয়ালকাঠি দারু সুন্নাত ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত মাওলানা মিজানুর রহমান, কাউখালী এস বি সরকারী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক এসএম গিয়াস উদ্দিন, কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জলিল, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, কেউন্দ্রীয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুল্লাহ ফকির, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, শিক্ষকদের বৈষম্য দূর করতে হবে। শিক্ষার পরিবেশ তৈরি করে শিক্ষকদের মর্যাদা না বাড়ালে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়বে। শিক্ষক আরো বলেন, শিক্ষকদের শাসন ব্যবস্থা তুলে নেবার ফলে ছাত্র-ছাত্রীরা লেখাপড়ায় মনোযোগ হারিয়ে ফেলেছে।
॥ ফকিরহাট ॥
“শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় র্যালি উপজেলা অডিটোরিয়াম থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আছাদুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির ফকিরহাট শাখার সাধারন সম্পাদক মল্লিক আ. সাত্তার, প্রধান শিক্ষক মো, মনিরুজ্জামান ফকির, মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, শিক্ষক, মোতালেব হুসাইন, মো. মোজ্জাফফর হোসেন, মনিমোহন পাল, বিথি রানী সরকার, মো. মিজানুর রহমান প্রমূখ।
সভায় সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, কোন সভ্য দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রাখা হয় না। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি-বেসরকারি নামে চরম বৈষম্য রাখা হয়েছে। বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল শিক্ষা ব্যবস্থা সরকারিকরণ, শিক্ষা কমিশন গঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানানো হয়।
এসময় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও ফকিরহাট উপজেলার ১৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি একযোগে পালিত হয়েছে।
॥ পাইকগাছা ॥
পাইকগাছায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলার জিরোপয়েন্টে মাধ্যমিক শিক্ষা সমিতিতে আলোচনা সভা হয়। মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি সরদার বদিউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, কল্যান সমিতির সাধারণ সম্পাদক দীপক চন্দ্র সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, মাজেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম হোসেন, মোঃ হাফিজুর রহমান, বাবর আলী গোলদার, বরুন কান্তি বিশ্বাস, শিব শংকর রায়, শামছুর রহমান, সুদিপ কুমার সরকার, বিধান চন্দ্র মন্ডল, স্বপন কুমার ঢালী, দিলিপ কুমার গাইন, সুব্রত কুমার সানা, সুব্রত দাশ, সজ্ঞয় কুমার মন্ডল, উদয় কুমার, আবুল হাসান, ওবায়দুল্লাহ, রাবিন্দ্র নাথ বিশ্বাস, রফিকুল ইসলাম, শংকর কুমার বিশ্বাস, আমিনুল ইসলাম।
॥ চুয়াডাঙ্গা ॥
দামুড়হুদা ও দর্শনায় “শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় দামুড়হুদা উপজেলা অডিটোরিয়াম থেকে র্যালি বাহির হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা হলরুমে দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা একাডেমি সুপারভাইজার রাফিজুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দামুড়হুদা পাইলট সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক আব্দুল মমিন, বখতিয়ার হোসেন, নাসির উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম।
অপরদিকে, দর্শনা পৌরসভার দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হুমায়ুন কবির, শিক্ষক হাসমত আলী, মাহমুদা খাতুন, শামসুল নাহার তুলি,শামসুল নাহার হীরা, আরিফুল ইসলাম, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, মেহবুব, সুমিতা খাতুন, নাসরিন আক্তারী প্রমুখ।
॥ তালা ॥
“শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে বিশ^ শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে সকালে তালা-উপশহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ। প্রভাষক গাজী আছাদুজ্জামানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, সুভাষিনী কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ এম এম আসাদুজ্জামান, অধ্যক্ষ মোঃ আব্দুল কুদ্দুস, সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সরকার, শহীদ আলী আহম্মেদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামনা কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জগদীশ হালদার, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওঃ শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সূর্য্য পাল, উপজেলা স্কাউটস এর সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মিজানুর রহমান, তালা থানার এসআই মোঃ শাহিন, শিক্ষার্থীদের মধ্যে সুবর্ণা ফিরোজ ঐশী ও আফসানা আলম মৌ প্রমুখ। আলোচনা সভা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর পুরষ্কার বিতরণ করা হয়।

বাগেরহাটে প্রেসক্লাবে বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রেসক্লাবে বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(০৫ অক্টোবর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে এ বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীন সাংবাদিক অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন। এ সময় বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, আহসানুল করিম, শেখ হেমায়েত উদ্দিন, সাংবাদিক মোঃ কামরুজ্জামান, শওকত আলী বাবু, আলী আকবর টুটুল, মোয়াজ্জেম হোসেন মজনু, মোল্লা আব্দুর রব, মোঃ রবিউল ইসলাম, মোল্লা মাসুদুল হক, মোঃ লিটন, ইয়ামীন আলী, ফকির হাসান আলী, মোঃ শামসুর রহমান, আবু সাঈদ শুনু, মোঃ আবু সাঈদ, এস এম রাজ, আকমাল উদ্দিন সাখি, আমিরুল আলম বাবু, আরিফুল ইসলাম, আল আমিন খান সুমন, এসএম সোহান, আব্দুল্লাহ আল ইমরান, মামুন আহম্মেদ, সৈয়দ শওকত হোসেন, সোহাগ হাওলাদার, সোহেল রানা বাবুল প্রমুখ।
বিশেষ সাধারন সভায় বাগেরহাট প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ প্রেসক্লাবের বর্তমান পরিস্তিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রত্যেক সদস্য তাদের অভিমত ব্যক্ত করেন।
এ সময় বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক চ্যানেল আই এর বাগেরহাট জেলা প্রতিনিধি ও অধ্যাপক মাহফিজুর রহমানের মাতা মোসা: সুফিয়া বেগম (৭২) মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

বেনাপোল দিয়ে সাত চালানে ভারতে গেল ৪১০ মেট্রিকটন ইলিশ
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল স্থলবন্দর দিয়ে সাত চালানে ভারতে গেল ৪১০ মেট্রিক টন ইলিশ। এর মধ্যে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ২০ ট্রাকে ৫৪ টন, শনিবার ১৫ ট্রাকে ৪৫ টন, রবিবার ৬ ট্রাকে ১৯ টন, সোমবার ৩০ ট্রাকে ৮৯ টন, মঙ্গলবার ২৩ ট্রাকে ৬৯ টন, বৃহস্পতিবার ৩০ ট্রাকে ৯২ টন এবং শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর ১৩ ট্রাকে করে ৪২ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।
প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার, যা বাংলাদেশি ১ হাজার ১৮০ টাকা দরে।
কম দামে ইলিশ রপ্তানি বিষয়ে বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজারদরের সঙ্গে মিল রেখে প্রতি কেজি ইলিশ ১০ ডলার রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে। এখনও সেই পরিপত্র অনুযায়ীই ইলিশ রপ্তানি হচ্ছে। তবে দেশীয় বাজারদরের সঙ্গে মিল রেখে ইলিশের দাম সমন্বয় হতে পারে।
বেনাপোল স্থলবন্দরের ডেপুটি ডিরেক্টর রাশেদুল সজিব নাজির জানান, বেনাপোল দিয়ে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত সাত চালানে ভারতে গেল ৪১০ মেট্রিক টন ইলিশ। তবে রপ্তানিকারকদের আগামী ১২ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।

মরহুম প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও মরহুম মাস্টার বদিয়ার রহমান এর স্মরণ সভা
খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে ০৫অক্টোবর শনিবার সন্ধ্যায় সংগঠনের দাতা সদস্য মরহুম প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সাবেক সহ-সভাপতি মরহুম বীরমুক্তিযোদ্ধা মাস্টার বদিয়ার রহমান এর স্মরণ সভা নগরীর যশোর রোডস্থ কাইফেং রেস্তোরায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম এর পরিচালনায় স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে মরহুমদ্বয়ের কর্মকান্ড ও জীবনের বিভিন্ন দিক তুলে ধরে এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন। সভায় বক্তারা প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ’র স্মৃতিচারণ করে বলেন তিনি ছিলেন একজন অত্যন্ত বিনয়ী, ভদ্র, সদালাপী, মেধাবী শিক্ষার্থী এবং দেশপ্রেমিক দানশীল ব্যক্তিত্ব। তাকে হারিয়ে আমাদের অপুরণীয় ক্ষতি হয়েছে। বক্তারা মরহুম বীরমুক্তিযোদ্ধা মাস্টার বদিয়ার রহমান এর স্মৃতিচারণ করে বলেন তিনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন উন্নয়ন কমিটির একজন আদর্শ কর্মী ও সুশীল সমাজের একজন সুশিক্ষিত শিক্ষক। স্মরণসভায় উপস্থিত বক্তারা হলেন সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাসার, যুগ্ম মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাস্টার, বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আযম খান, শেখ গোলাম সরোয়ার, শেখ আবুল কাসেম, আফজাল হোসেন রাজু, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, মতলুবুর রহমান মিতুল, ইলিয়াস মোল্লা, শিকদার আব্দুল খালেক,মোঃ শফিকুর রহমান, আলী রেজা, ক.ম সাহেদুর রহমান রনি এবং প্রমিতি দফাদার প্রমুখ।

খুবিতে তৃতীয় নৈয়ায়িক ন্যাশনাল্সে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব নৈয়ায়িক আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ‘তৃতীয় নৈয়ায়িক ন্যাশনাল্স-২০২৪’ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ০৫ অক্টোবর (শনিবার) প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দলটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর দলকে পরাজিত করে। প্রতিযোগিতা শেষে সন্ধ্যা ৭টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, শিক্ষাজীবনের শ্রেষ্ঠ সহশিক্ষা কার্যক্রম হচ্ছে বিতর্ক। একজন গুণী বিতার্কিক তার কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ও আন্তর্জাতিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন। তিনি তাঁর যুক্তিতর্কের মাধ্যমে সমাজের উচ্চতর শিখরে পৌঁছাতে সক্ষম হন এবং সকলের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেন। তিনি আরও বলেন, বিতর্ক মানুষকে সচেতন করে। যুক্তি প্রাধান্য পেলে সমাজ দ্রুত এগিয়ে যায়। যুক্তিতর্কের মাধ্যমে সমাজে শৃঙ্খলা ও স্থিতিশীলতা গড়ে ওঠে।
তিনি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডিবেটর্স অব চট্টগ্রাম ইউনিভার্সিটি ও রানার্সআপ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-১ দলকে আন্তরিক অভিনন্দন জানান। একই সাথে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহের দলগুলোকে ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজন এবং তার সফল সমাপ্তির জন্য নৈয়ায়িককে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এ ছাড়া আগামীতে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ কনে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, নৈয়ায়িক এর উপদেষ্টা সহকারী অধ্যাপক মো. জোবায়ের হোসেন, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মো. হাসান মাহমুদ, নৈয়ায়িক এর সভাপতি মনিরুজ্জামান রিয়াদ, সাধারণ সম্পাদক আবির হাসান ও আয়োজক কমিটির আহ্বায়ক মো. সোহেল আল সম্রাটসহ অংশগ্রহণকারী দলের প্রতিনিধিবৃন্দ ও প্রতিযোগিতার বিচারকমণ্ডলীসহ নৈয়ায়িকের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৬টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত বিতর্কের বিষয় ছিলো ‘এই সংসদ, জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সুন্দরবনে সকল প্রকার জীবিকা আহরণ ও পর্যটনের উদ্দেশ্যে প্রবেশ নিষিদ্ধ করবে।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস দলের মধ্যে চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রস্তাবনার পক্ষে অবস্থান নিয়ে ডিবেটর্স অব চট্টগ্রাম ইউনিভার্সিটি দল চ্যাম্পিয়ন হয়। ডিবেটর অব ফাইনাল নির্বাচিত হন বিরোধীদলীয় দলনেতা জিল জাসওয়ান। প্রতিযোগিতায় যৌথভাবে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের জাফরিন আনাম ও রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশনের সাধন মুখার্জি।

খুবিতে সীরাত কনফারেন্স উপলক্ষ্যে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও গজল প্রতিযোগিতা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সীরাত কনফারেন্স-২০২৪ উপলক্ষ্যে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ০৫ অক্টোবর (শনিবার) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ প্রতিযোগিতা শুরু হয়। বাদ মাগরিব এ প্রতিযোগিতা দেখতে আসেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, দুনিয়া ও আখিরাতের জন্য আমাদের কোরআন শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। কোরআন শিখলে আমাদের ইসলামী চেতনা জাগ্রত ও আত্মশুদ্ধি হয়। শনিবার শিক্ষক দিবসে একটি কথা বলতে চাই- আমাদের প্রথম শিক্ষাগুরু মা। মায়ের কাছ থেকেই আমরা কথা বলা শিখি। আর আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তাঁর চিন্তা-চেতনা ও দর্শন অন্তরে ধারণ করলে আমরা দুনিয়া ও আখিরাতে মুক্তি পাবো। তাঁর আদর্শ মেনে চললে সমাজে কোনো অশান্তি ও বিশৃঙ্খলা থাকবে না। এজন্য আমাদের কোরআন শেখা এবং মহানবী (সা.) এর আদর্শ মেনে চলা উচিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, বিচারকমণ্ডলী শিক্ষক ও দুই মসজিদের ইমাম, অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও মুসল্লিবৃন্দ।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের সীরাত কনফারেন্স-২০২৪ আগামী ০৮ অক্টোবর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এতে আলোচক হিসেবে থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ওই দিন এশার নামাজের পূর্বে এ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

খুলনা জেলা পরিষদ// অনিয়ম-দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তোলেন মাহবুব
স্টাফ রিপোর্টার
খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমান। তাকে বগুড়া ও চুয়াডাঙ্গা জেলা পরিষদে দুই দফায় বদলি করা হয়। সেই বদলিকে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখান। সেখানে যোগদান না করে দুবারই থেকেছেন খুলনা জেলা পরিষদে। পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় হয়ে ওঠেন দোর্দণ্ড প্রতাপশালী। পরিষদে গড়ে তোলেন অনিয়ম-দুর্নীতির স্বর্গরাজ্য। অবৈধভাবে উপার্জন করেন কোটি কোটি টাকা। দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হয়েও নিয়েছেন প্রথম শ্রেণির সুযোগ-সুবিধা। সেই ছিলেন জেলা পরিষদের অঘোষিত চেয়ারম্যান। পরিষদে তার কথাই শেষ কথা। তার দাপটে অফিসের কর্মচারীরা সব সময়ই থাকেন তটস্থ ও বদলি আতঙ্কে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরও রয়েছেন বহাল তবিয়তে।

স্থানীয় সূত্র জানায়, জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ। বয়সে বৃদ্ধ হওয়ায় তিনি থাকতেন অনেকটা নিষ্ক্রিয়। এ সুযোগে প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান ছিলেন ছায়া চেয়ারম্যান। ভৌতিক প্রকল্প তৈরি ও দরপত্রবিহীন উন্নয়নকাজসহ পরিষদের সব ক্ষেত্রেই চলছে চরম নৈরাজ্য ও স্বেচ্ছাচারিতা। স্থানীয় রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে কোটি কোটি টাকা লোপাটই ছিল তার মূল লক্ষ্য। এসব অপকর্ম ঠেকাতে ঢাল হিসাবে অবৈধভাবে বের করেন দৈনিক একটি পত্রিকা। যার সম্পাদক ছিলেন তিনি নিজেই। কোনো সাংবাদিক তার অবৈধ কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করলে তাকে নানাভাবে হয়রানি করতেন তিনি।
দুই দফা বদলি ঠেকিয়েছেন : খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমানকে ২০১৯ সালের ১৫ ডিসেম্বর বগুড়া জেলা পরিষদে বদলি করা হয়। কিন্তু তিনি বগুড়া জেলা পরিষদে যোগ না দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ম্যানেজ করে চাকরি করেন খুলনায়। এরপর তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২০২৩ সালের ১১ অক্টোবর চুয়াডাঙ্গা জেলা পরিষদে আবারও বদলি করে। কিন্তু সেখানে যোগ না দিয়ে খুলনা জেলা পরিষদে বহাল তবিয়তে আছেন।
টাকা কামানোর জন্য নিতেন প্রকল্প : জেলা পরিষদ মালিকানাধীন খুলনা সদরে পরিত্যক্ত ডাকবাংলোর জমিতে ২০২১ সালে বঙ্গবন্ধু কর্নার তৈরির উদ্যোগ নেওয়া হয়। দুই বছর পর সেখানে মার্কেট তৈরি করে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নেন মাহবুব। ডুমুরিয়ার চুকনগর ডাকবাংলোর জমি থেকে ব্যবসায়ীদের উচ্ছেদ করে সেখানে মার্কেট নির্মাণ করে। পরে সেই জমি ভুয়া ব্যক্তিদের নামে বরাদ্দ দিয়ে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নেয় মাহবুব।

এছাড়া পাইকগাছার কপিলমুনির ডাকবাংলোর জমি, দাকোপের ডাকবাংলোর জমি ও রূপসায় ডাকবাংলোর জমি অন্তত ৩৫০ ব্যক্তিকে একসনা ইজারা দেওয়া হয়। এদের প্রত্যেকের কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা হারে আদায় করেন মাহবুব। শুধু এসব জায়গা থেকে প্রায় ত্রিশ কোটি টাকা হাতিয়ে নেয় মাহবুব। যা জেলা পরিষদের কোষাগারে জমা হয়নি। প্রতি অর্থবছরে সামাজিক প্রকল্পের আওতায় মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ, মন্দির-গির্জা, কবরস্থান-শ্মশান সংস্কার ও উন্নয়ন এবং গভীর নলকূপ স্থাপনে বরাদ্দের অর্ধেক টাকা জেলা পরিষদে ঘুস দিতে হতো। এ নিয়ম তৈরি হয় মাহবুব খুলনা জেলা পরিষদে যোগদানের পর।
চুকনগরের ব্যবসায়ী মাসুদ ইসলাম জানান, ‘ডাকবাংলোর জায়গায় তার চাচা শেখ কেরামত ও শেখ নুরুজ্জামানের নামে দুটি দোকানঘর ছিল। তাই নতুন মার্কেটে দোকানঘর পাওয়ার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার ছিল। অথচ তারা দোকানঘরই পাননি। দুটি ঘরের জন্য প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান ৩০ লাখ টাকা চান। এত টাকা জোগাড় করতে না পারায় আমাদের বঞ্চিত করা হয়। পরে ওই দোকান দুটি ২৫ লাখ টাকার বিনিময়ে বরাদ্দ দেওয়া হয়।’
গড়েছেন সম্পদের পাহাড় : মাহবুবুর রহমান ক্ষমতার অপব্যবহার করে অফিস ভবনের পেছনে প্রকৌশলীদের ৩ তলা বাসভবনে সম্পূর্ণ একা বসবাস করেন। ফলে কমপক্ষে মাসিক ৫০ হাজার টাকা ভাড়া হিসাবে বছরে ২৪ লাখ টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে পরিষদ।
মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই পরিষদ কর্তৃক পরিচালিত ‘দৈনিক খুলনা’ পত্রিকার ছাপাখানা ক্রয় ও আনুষঙ্গিক কাজে ৪৫ লাখ টাকা ব্যয় করেন। এছাড়া সামাজিক প্রকল্প বিক্রি, ঘুস গ্রহণ, সংস্থার ডাকবাংলোর জায়গা ইজারার নামে মার্কেট নির্মাণ করে দোকান বিক্রি, খেয়াঘাট ইজারা, মেরামত প্রকল্প ও এক হাজার আসনের অডিটোরিয়াম প্রকল্পে লুটপাট করে কোটি কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছেন। এসব টাকায় ঢাকার কাঁঠাল বাগানে ২২০০ স্কয়ার ফিটের ফ্ল্যাট কিনেছেন। গ্রামের বাড়ি সাতক্ষীরায় পাঁচটি প্লট ও আলিশান বাড়ি।
এছাড়া খুলনার মোহাম্মদনগরে ১০ কাঠা জমির ওপর ভবন নির্মাণ করছেন। পুরো জায়গায় সীমানা প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে।

গতি পায়নি দুদকের তদন্ত : মাহাবুবের বিরুদ্ধে ২০১৯ সালের ৩০ জুন দুর্নীতির অভিযোগ তদন্তে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার পরিচালককে পত্র দেওয়া হয়। কিন্তু পরিচালক অদৃশ্য শক্তির ইশারায় তদন্তকাজ শুরুই করেননি। এছাড়া ২০২২ সালের ১১ আগস্ট মাহাবুবুর রহমানের বিরুদ্ধে খুলনার তৎকালীন বিভাগীয় কমিশনার একটি আবেদনপত্রের তদন্ত করেন। তদন্তে মন্ত্রণালয়ের অসম্মতি জ্ঞাপন করা পত্রে অ মুছে সম্মতি করে অর্থ আÍসাতের সত্যতা মেলে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র হয়েছে। আমার যা সম্পদ রয়েছে তা দিয়ে চাকরি ছাড়ার পর কোনোরকমে দিন পার করতে হবে। আমি তিনতলার দ্বিতীয় তলায় থাকি। বাকিগুলো ফাঁকা পড়ে আছে। কেউ আবেদন করে না।
তিনি বলেন, আমার সম্পদের হিসাব ইনকাম ট্যাক্স অফিসে দেওয়া রয়েছে। যারা আমার কাছ থেকে সুবিধা নিতে এসে পায়নি তারাই মিথ্যা তথ্য ছড়াচ্ছে। ফ্ল্যাট ও জমি কেনার বিষয়ে তিনি বলেন, ‘মোহাম্মদনগরে জমি রয়েছে। সেখানে ভবিষ্যতে ভবন নির্মাণ করা হবে। ঢাকার কাঁঠাল বাগানের ফ্ল্যাটটি আমার নামে নয়। সাতক্ষীরায় কিছু সম্পদ রয়েছে যেগুলো আমি কিনেছি।’ আমাকে বদলি করা হয়েছে অনিয়মের মাধ্যমে। যা নিয়ে আমি আদালতে মামলা করেছি। সেই মামলায় স্থিতাবস্থা জারি রয়েছে।’
কথা বলার এক পর্যায়ে তিনি বলেন, ‘লেখেন লেখেন আমার বিরুদ্ধে আজান দিয়ে লেখেন। লিখলে কিছু হয় না। মানুষের উপকার করলে দোষ হয়।’

কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
ঢাকা অফিস
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় রোহিতপুর বোডিং মার্কেটে একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শী মনসুর আলী জানান, রোহিতপুর ইউনিয়নের রামেরকান্দা বোর্ডিংয়ের কাছে মায়েল বিরিয়ানির দোকানে হঠাৎ বিকট শব্দ হয়। সেখানে গিয়ে দেখা গেছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। মায়েল বিরিয়ানির পার্শ্ববর্তী একটি কাবাবের দোকানের সামনে রাখা সিলিন্ডার নবাবগঞ্জ গামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কা লাগে। এসময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মুহূর্তেই আগুন ধরে যায়। এ সময় হোটেল কর্মচারী মারাত্মক আহত হন। সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার পরে লোকজন এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যায়। কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মো. কাজল মিয়া জানান, রোহিতপুর বোডিং মার্কেট এলাকার হোটেলের আগুনে এখন পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এক দোকান থেকে পাশে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। মৃতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ৮ গাড়িতে ঘণ্টাব্যাপী ডাকাতি
নিজস্ব প্রতিনিধি
মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় শ্যামলী পরিবহনের চালক ও চালকের সহকারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী অংশের আকুবপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

ডাকাতের কবলে পড়া শ্যামলী পরিবহনের যাত্রী হাফিজুর রহমান জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন, অ্যাম্বুলেন্স, হাইস, মাইক্রোবাস ও আলগামন নসিমনসহ বেশ কয়েকটি গাড়ির গতিরোধ করে ডাকাত দলের সদস্যরা। ২০-২৫ জনের ডাকাত দলের সদস্যরা ৬ থেকে ৮ গাড়িতে ডাকাতি করে প্রায় ২০-২৫ জন পথচারীর টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

তিনি আরো জানান, অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক শ্যামলী গাড়িতে ভেতরে প্রবেশ করতে চাই। এ সময় চালক মুস্তাফিজ ও তার সহকারী বাধা দেয়। একপর্যায়ে গাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে শ্যামলী পরিবহনের চালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং চালকের সহকারীকে পিটিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। চালক স্বপনের শারীরিক অবস্থার আরো অবনতি দেখা দিলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

শ্যামলী পরিবহনের চালক মোস্তাফিজুর রহমান স্বপনের ভাই হাফিজুল ইসলাম জানান, ডাকাত দলের সদস্যরা স্বপনের মুখ থেকে নাক বরাবর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরে পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের আটকে পুলিশ তৎপরতা শুরু করেছে।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৪৫০ গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর সোনাডাঙ্গা থানাধিন বানরগাতি এলাকার হাসান খানের মেয়ে স্বপ্না খানম (২৫),বটিয়াঘাটা থানাধিন ঝড়ডাঙ্গা মদিনাবাগ এলাকার আকুব্বর শেখের ছেলে নয়ন শেখ (২৪), দিঘলিয়া থানাধিন ফরমাইজখানা গ্রামের আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান,
৪ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে লবণচরা থানার বিশ্বরোড মোড় থেকে নয়ন শেখকে ২০০ গ্রাম গাঁজা, রাত সোয়া ৯টার দিকে দৌলতপুর মধ্যডাঙ্গা কৃষি কলেজের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ আনোয়ার হোসেনকে এবং সোনাডাঙ্গা থানার বানরগাতি কাশেমাবাদ এলাকা থেকে স্বপ্না খানমকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাগুরায় র্যাবের অভিযানে আশাশুনির জাকারিয়া হত্যা মামলার আসামি লাল্টু গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
মাগুড়া জেলা সদরের রাহাতপুর এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার চাঞ্চল্যকর মো. জাকারিয়া সরদার হত্যা মামলার প্রধান আসামী মো. নজরুল ইসলাম লাল্টুকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব-৬। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। নজরুল ইসলাম সাতক্ষীরা জেলার আশাশুনি থানার উত্তর চাপড়া গ্রামের মৃত. ইমান আলী সরদারের ছেলে
র্যাব-৬ জানায়, ভিকটিম মৃত মো. জাকারিয়া সরদার (৫০) পেশায় একজন কৃষক ছিলেন। নজরুল ইসলাম লাল্টুর সাথে ভিকটিমের গ্রাম্য দলাদলী নিয়ে পুরানো শত্রুতা ছিল। উক্ত শত্রুতার জের ধরে গত ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ভিকটিম এর চাচাতো ভাইয়ের বাড়িতে আসামীরা একত্রে মিলে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে ছালামকে মারতে তার বাড়িতে আক্রমন করে। চাচাতো ভাইয়ের ডাকচিৎকারে ভিকটিম বাধা দিতে গেলে নজরুল ইসলামসহ এজাহার নামীয় অন্যান্য আসামীদের সাথে ভিকটিমের কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয় । হাতাহাতির একপর্যায়ে আসামীরা লোহার রড ও লাঠি দিয়ে ভিকটিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি পিটানো শুরু করে। যার ফলে ভিকটিম গুরুতর আঘাত প্রাপ্ত হয়। উক্ত আঘাতের ফলে ভিকটিম ছটফট করতে থাকলে আসামীরা ভয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের আপন বড় ভাই ইউনুস আলী সরদার ঘটনাস্থলে গিয়ে তার ভাইকে উদ্ধার করে দ্রুত আশাশুনি উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করার পর ভিকটিম জাকারিয়া সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ভিকটিমকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত. ঘোষনা করেন। এঘটনায় ভিকটিম এর বড় ভাই ইউনুস আলী সরদার বাদী হয়ে আশাশুনি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত সোয়া ১১টার দিকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।