বিনোদন ডেস্ক।।
রেইনবো চলচ্চিত্র উৎসবে যোগ দিতে লন্ডনে গেছেন তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সোমবার ফেসবুকে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘হ্যালো লন্ডন’। জানা গেছে, রেইনবো চলচ্চিত্র সংসদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রজতজয়ন্তী পালন করছে। পূর্ব লন্ডনের জেনেসিস সিনেমা হলে ২ জুন শুরু হয়েছে উৎসবটি। আট দিনের এ উৎসব শেষ হবে ৯ জুন।
সমাপনী দিনে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনে অবস্থিত রিচ মিক্স সেন্টারে দেখানো হবে ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’। ছবিটি বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে। এ ছাড়া বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেবেন এই অভিনেত্রী।
এ উপলক্ষে চলচ্চিত্র-বিষয়ক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের উৎসবে মোট ৩৮টি সিনেমা দেখানো হবে। বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশের প্রতিনিধি এতে উপস্থিত থাকবেন।
ফারিণ অভিনীত ‘ফাতিমা’ সিনেমাটি গত ২৪ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। এ ছবিতে ফারিণ অভিনয় করেছেন ২৬ বছর বয়সী একজন গ্রামের মেয়ের ভূমিকায়, যে ঢাকায় এসে তার ক্যারিয়ার গড়ে তোলার চেষ্টা করে।
এই সিনেমা দিয়ে ইরানের ঐতিহ্যবাহী ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হিসেবে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার জিতেছেন ফারিণ। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই, আয়শা মনিকা প্রমুখ। এ ছাড়া অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন এ বি এম সুমন, তারিক আনাম খান, শাহেদ আলী ও শতাব্দী ওয়াদুদ।
ফারিণ বলেন, ‘রেইনবো চলচ্চিত্র উৎসব একটি মর্যাদাপূর্ণ উৎসব। নিজের কোনো সিনেমা নিয়ে উৎসবে হাজির হচ্ছি ভেবে ভালো লাগছে। প্রত্যাশা করছি কিছু অর্জনেরও। নিজের সিনেমা ছাড়াও আরও চারটি সিনেমা দেখানো হবে উৎসবে।’










































