Home আঞ্চলিক খুলনায় ছাত্রলীগের পদ পেতে মরিয়া ৪৪০ নেতা

খুলনায় ছাত্রলীগের পদ পেতে মরিয়া ৪৪০ নেতা

211

স্টাফ রিপোর্টার।।

দীর্ঘদিন পর খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় কমিটি। ইতোমধ্যে পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা নিয়েছেন তারা। মহানগর ও জেলা ছাত্রলীগের বিভিন্ন পদে আসার জন্য জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন অন্তত ৪৪০ জন। শিগগিরই কেন্দ্রীয় কমিটি সেগুলো যাচাই-বাছাই এবং কমিটি পুনর্গঠন করবে বলে জানা গেছে।


দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি গত ১৩ মার্চ বিজ্ঞপ্তি দিয়ে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের জন্য উদ্যোগ নেয়। গত ১৬ থেকে ২৫ মার্চ পর্যন্ত পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সেলে জমা নেয়া হয়।

খুলনা মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহীন আলম জানান, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদ পেতে আগ্রহী ২৩৭ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন জানান, পদ পেতে আগ্রহী ২০৩ জন জীবন বৃত্তান্ত পাঠিয়েছেন। তবে তারা সবাই শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী নয়, অন্যান্য পদ প্রত্যাশীরাও জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এখন কেন্দ্রীয় কমিটি সেগুলো যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেবে।

ছাত্রলীগ নেতারা জানান, সব পদ প্রত্যাশীর জীবন বৃত্তান্ত চাওয়ায় সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন পদে জীবন বৃত্তান্ত জমা পড়েছে। এছাড়া আবেদন উন্মুক্ত থাকায় ছোট-বড় সবাই আবেদন করেছেন। যার কারণে পদ প্রত্যাশীর সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৪৪০ জনে। তবে এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীর সংখ্যা ১৮ থেকে ২০ জনের মতো।


দলীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ জুন মহানগর ছাত্রলীগের সম্মেলনে শেখ শাহজালাল হোসেন সুজন সভাপতি ও আসাদুজ্জামান রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর প্রায় ৪ বছর পর ২০১৯ সালের ৩০ জুন ২১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

অন্যদিকে ২০১৭ সালের ২৯ জুলাই জেলা ছাত্রলীগের সম্মেলনে পারভেজ হাওলাদার সভাপতি ও ইমরান হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি ২২৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

এরপর দীর্ঘদিন সম্মেলনের উদ্যোগ নেয়া হয়নি। মহানগর ও জেলার কমিটির অনেকেই এখন ছাত্র রাজনীতিতে সক্রিয় নেই। মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন যুবলীগের পদ পেয়েছেন সাড়ে ৪ বছর আগে। আড়াই বছর আগে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হয়েছেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। ফলে নেতৃত্ব শূন্য মহানগর ছাত্রলীগে গত ৪ থেকে ৫ বছর ধরে চলছে স্থবিরতা। জেলা ছাত্রলীগের কমিটিরও বেশ কয়েকজন এখন আর ছাত্র রাজনীতিতে সক্রিয় নেই।

এদিকে পদ প্রত্যাশীরা শুধু জীবনবৃত্তান্ত জমা দিয়েই বসে নেই। তারা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা, আওয়ামী লীগের স্থানীয় ও কেন্দ্রীয় নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গিয়েও তবদির করছেন। ফেসবুকে নিজের কর্মকাণ্ড ও অবদানের কথা তুলে ধরছেন। তাদের অনুসারীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। এছাড়া দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের আনাগোনা বেড়েছে। কর্মসূচিতে বেড়েছে উপস্থিতি।

খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল বলেন, কমিটি পুনর্গঠন করা হলে দল আরও গতিশীল হবে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একজন নেতা জানান, জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই ও সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে খুব শিগগিরই কমিটি গঠনের বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।