ক্রীড়া প্রতিবেদক
লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটা উঁচিয়ে ধরে আছে চ্যাম্পিয়ন ফ্রান্স। ফুটবল ভক্তদের চোখের সামনে এখনও সেই স্মৃতি তরতাজা। ২০১৮ সালের ১৫ জুলাই, ঐতিহাসিক সেই মুহূর্তের ঠিক দুই বছর পর আরেকটি বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি প্রকাশ করল ফিফা- কাতার বিশ্বকাপ ২০২২।
কাতারের বিশ্বকাপটি নজিরবিহীন এক ঘটনার সাক্ষী হবে। সমর্থকরা একদিনে দেখতে পাবেন চারটি করে ম্যাচ, মাত্র ১১ ঘন্টার ব্যবধানে। স্থানীয় সময় দুপুর ১টায় প্রথম ম্যাচ শুরু হবে। চতুর্থ ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। টুর্নামেন্ট শুরু হবে ২০২২ সালের ২১ নভেম্বর। বুধবার নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে বিশ্বকাপের চূড়ান্ত সূচি ও শুরুর তারিখটি জানিয়েছে ফিফা। দোহার আশেপাশে স্টেডিয়ামগুলোর দূরত্ব কম হওয়ায় একই দিনে চাইলে মাঠে গিয়ে কয়েকটি ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। ৩২ দলের টুর্নামেন্টের প্রথম ম্যাচ ২১ নভেম্বর আল বাইত স্টেডিয়ামে, যেখানে দর্শক ধারণ ক্ষমতা ৬০ হাজার। ১৩ ও ১৪ ডিসেম্বর হবে সেমিফাইনালের লড়াই। ১৭ ডিসেম্বর স্থান নির্ধারণী ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল হবে ২০২২ সালের ১৮ ডিসেম্বর ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতার লুসাইল স্টেডিয়ামে। আল বাইতের মতো এখানেও একটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতের জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজনের কাজ দারুণ গতিতে এগিয়ে চলছে এবং রাস্তা ও অবকাঠামোর ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
তৃণমূল ফুটবলে আরও জোর দিতে চান স্মলি
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান পল স্মলি। আগামী দুই বছর দেশের ফুটবলের উন্নয়নে কাজ করবেন তিনি। নতুন মেয়াদে বাফুফের সঙ্গে যুক্ত হয়ে তৃণমূল ফুটবলে আরও জোর দিতে চান স্মলি।
২০১৬ সালে প্রথমবার বাফুফে নিয়োগ দিয়েছিল স্মলিকে। তিন বছর বাংলাদেশের ফুটবলে কাজ করে মাঝে সময় কাটিয়েছেন ব্রুনাইতে। আবারও তিনি ফিরেছেন বাংলাদেশ। দ্বিতীয় দফায় দায়িত্ব পেয়ে স্মলি বেশি গুরুত্ব দিচ্ছেন তৃণমূল ফুটবলে, ‘আমি আধুনিক ও যুগোপযোগী পদ্ধতি অনুসরণ করেছি। সবাইকে নিয়ে কাজ করতে চেয়েছি, যা ছিল দৃশ্যমান। যে উপায়ে কাজ করলে ফুটবলের উন্নয়ন হবে, সেসব ক্ষেত্রে কাজ করেছি। তবে এটাও দেখতে হবে পাশের দেশগুলোর চেয়ে ফুটবলে আমাদের বাজেট কম ছিল। এ কাজে ধারাবাহিকতাও দরকার ছিল, কিন্তু তাও হয়নি। তবু তৃণমূল ফুটবলে বেশ কিছু কাজ হয়েছে। ভবিষ্যতে এ কাজে আরও মনোযোগ দিতে হবে।’ দ্বিতীয় দফায় দায়িত্ব পেয়ে খুশি স্মলি, ‘ব্রুনাইতে আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে। আর আমার হৃদয়ে সবসময় ছিল বাংলাদেশ। এখন এই দেশের ফুটবলে আবার অবদান রাখার সুযোগ পেয়েছি। আমি বেশ শিহরিত যে বাফুফে সভাপতি, টেকনিক্যাল কমিটি ও কার্যনিবার্হী সদস্যদের দেওয়া একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।’
টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে চ্যালেঞ্জ থাকলেও বেশ উপভোগ করেন তিনি, ‘বাংলাদেশে এসে প্রথম ধাপে যা কিছু করেছি, তাতে আমি সন্তুষ্ট। কিন্তু বাংলাদেশের জন্য এখনও দক্ষিণ এশীয় অঞ্চল ও আরও বড় পরিসরে অনেক কাজ করা বাকি আছে। টেকনিক্যাল ডিরেক্টরের পক্ষে সবকিছু করা অসম্ভব। আমি অজুহাত খুঁজছি না, কিন্তু অনেক সময় অনেক ভূমিকায় কাজ করতে হয় টেকনিক্যাল ডিরেক্টরকে। তবে আমি বলব এ কাজটা আমি বেশ উপভোগ করি।’
ঈদের পর যুবাদের নিয়ে আবাসিক ক্যাম্পের ভাবনা
ক্রীড়া প্রতিবেদক
আকবর-ইমন-শরিফুলরা দেখিয়েছেন বিশ্বজয়ের পথ। তাদের দক্ষতা ও অদম্য ইচ্ছাশক্তির কাছে পরাজিত হয়েছে শক্তিধর সব প্রতিপক্ষ। যুবাদের মঞ্চে বাংলাদেশের ‘চ্যাম্পিয়ন’ তকমা ধরে রাখার দায়িত্ব বর্তাবে আকবরদের পরবর্তী ব্যাচের উপর, যারা ২০২২ সালে খেলবে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে।
বিশ্বকাপ শুরু হতে মাত্র ১৬ মাস বাকি থাকলেও এখনো অনূর্ধ্ব-১৯ দল গঠন করতে পারেনি বিসিবি। করোনাভাইরাসের কারণে পুরো প্রক্রিয়া স্থবির হয়ে ছিল চার মাস। অনেকটা সময় অলস চলে যাওয়ায় গতকাল বুধবার জুনিয়র লেভেলের নির্বাচকদের নিয়ে জরুরি বৈঠক করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। করোনা পরিস্থিতির উন্নতি হলে আসছে ঈদের পর বিকেএসপিতে শুরু করার ভাবনা ক্যাম্পের।
বিশ্বকাপ দল গঠন ছাড়াও আকবরদের নিয়ে কীভাবে কাজ করা যায় সেটিও হয়েছে আলোচনা। খালেদ মাহমুদ বললেন, ‘মূলত পরবর্তী বছরের পরিকল্পনা নিয়ে বসেছিলাম। বিশ্বকাপ মাত্র ১৬ মাস দূরে, ওটা মাথায় রেখে পরিকল্পনা করা যে আমরা কীভাবে আগাব। কারণ বেশ কয়েকমাস পিছিয়ে গেছি। মাঠে যেতে পারছি না, অনুশীলন শুরু করতে পারছি না। আজ একটা পরিকল্পনা হয়েছে, কী করতে পারি সামনের দিনগুলোতে। পরিকল্পনা আছে ঈদের পরে যদি পরিস্থিতি ভালো হয়, সরকারের অনুমতি পাই, অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু করতে চাই আমরা।’
প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম-রিয়াদ-মুস্তাফিজ
ক্রীড়া প্রতিবেদক
সবকিছু ঠিক থাকলে আসছে মাসেই জমবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। ভেন্যু ত্রিনিদাদ প্রস্তুত। সূচিও প্রায় চূড়ান্ত। এই আয়োজনে খেলার প্রস্তাব পেয়েছিলেন তিন বাংলাদেশি ক্রিকেটার। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের এই সময়ে সিপিএলের প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান। যদিও জীবাণুমুক্ত পরিবেশে মাত্র দুটি ভেন্যুতে হবে এবারের লড়াই। আগামী ১৮ আগস্ট শুরু হয়ে শেষ ১০ সেপ্টেম্বর। সব মিলিয়ে ম্যাচ ৩৩টি।
নিলামে দল না পেলেও বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে দারুণ আগ্রহ ফ্র্যাঞ্চাইজিদের। এ অবস্থায় ৯০ হাজার ডলারে খেলার জন্য প্রস্তাব দিয়েছে একটি ফ্র্যাঞ্চাইজি। প্রায় ৭৬ লাখ টাকার সেই লোভনীয় সেই প্রস্তাবে মন গলেনি তামিমের। তামিমের মতো মাহমুদউল্লাহও সিপিএল খেলতে যাচ্ছেন না। ২০১৭ সালে জ্যামাইকা তালাওয়াশের হয়ে পাঁচটি ম্যাচে খেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। তিনি প্রস্তাব ফিরিয়ে বলছিলেন, ‘প্রস্তাব পেয়েছিলাম দুটি দল সেইন্ট লুসিয়া ও সেইন্ট কিটসের কাছ থেকে। কিন্তু পরিবারের কথা ভেবে না করে দিতে হয়েছে।’ এদিকে একই কারণে সিপিএলে যাচ্ছেন না মুস্তাফিজুর রহমান। করোনার এই সময়ে দেশেই থাকতে চান তিনি। যদিও কোন দল থেকে প্রস্তাব এসেছিল তা জানাননি এই পেসার।
ক্রিকেটার নাফিজের মায়ের ইন্তেকাল : জেলা ক্রীড়া সংস্থার শোক
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলের খেলোয়াড় মো. আশিক আল নাফিজ এর মাতা খুরশিদা আক্তার চম্পা গত ১৩জুলাই দিবাগত রাত আনুমানিক ১টায় ইন্তেকাল করেছেন (ইন্না –রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংস্থার সহ-সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, আলহাজ্ব এস এম মোর্ত্তজা রশিদী দারা, মুস্তাফিজুর রহমান বাবলু, আজমল আহম্মেদ তপন, সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, অতিরিক্ত সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ মোতালেব মিয়া, যুগ্ম-সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, জি এম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, কার্যনির্বাহী পরিষদ সদস্য এস এম খালেদীন রশিদী সুকর্ন, মোঃ মোমতাজ আহমেদ তুহিন, মোল্লা খায়রুল ইসলাম, ফরহাদ নেওয়াজ শিমু, মোঃ সুজন আহম্মেদ, মনোয়ার আলী মনু, শরীফ মোঃ বদরুজ্জামান মামুন, নাজমুস সাদাত সুমন, এস এম ইনামুল কবীর মন্নু, কনক রহমান, ফয়সাল আহম্মেদ পপা, এস ওয়াহিদুর রহমান বাবু, খান নজরুল ইসলাম, এ বি এম কামরুজ্জামান, শাহানাজ ফাতেমা আজাদ মৌরী, পারভীন রহমান।
বোনাসের হাতছানি হোল্ডারদের সামনে
ক্রীড়া প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অর্থের টানাটানি বেশ পুরোনো সমস্যা। করোনা লকডাউনের পর প্রথম সিরিজ খেলার জন্যও ঋণ করতে হয়েছে ক্রিকেট উইন্ডিজকে। স্বাগতিক ইংল্যান্ডই দিয়েছে সেই ঋণ, যাত্রা শুরুর আগে ইসিবির কাছ থেকে ২৪ লাখ পাউন্ড ধার করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
তবে এ সিরিজ থেকে বড় অঙ্কের বোনাস পেতে পারে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। এরই মধ্যে প্রথম টেস্ট জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ক্যারিবীয়রা। আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় টেস্ট। ওল্ড ট্র্যাফোর্ডে এই ম্যাচ জিতে গেলেই প্রায় ২৫ লাখ টাকা বোনাস পেতে পারে জেসন হোল্ডারের দল। ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী তিন ম্যাচের সিরিজটি যেকোন ব্যবধানে জিতলেই স্কোয়াডের সদস্যরা পাবেন ১৮৭৫ (প্রায় দুই লাখ টাকা) পাউন্ড করে উইনিং বোনাস। পুরো স্কোয়াডের সবাই মিলে যা দাঁড়ায় ২৩ হাজার ৮০০ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ২৫ লাখ টাকার বেশি।
দুবাইয়ে হবে ভারতের প্রস্তুতি ক্যাম্প
ক্রীড়া প্রতিবেদক
করোনা লকডাউনের পর অনুশীলন শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট দল টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলে গেছে পাকিস্তান। উপমহাদেশের বাকি দুই দেশ বাংলাদেশ ও ভারত এখনও লড়ে যাচ্ছে করোনাভাইরাসের বিরুদ্ধে। ফলে ক্রিকেট তথা খেলাধুলা মাঠে ফেরানো সম্ভব হয়নি এখনও।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগামী সপ্তাহের শুরু থেকেই একক অনুশীলনে ফিরতে পারবেন ক্রিকেটাররা। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে ভারতের জন্য নেই কোন সুখবর। এখনই তারা নিজেদের দেশে খেলা দূরে থাক, অনুশীলন শুরুর কথাও ভাবতে পারছে না। যার ফলে ভারতের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের ভাবনায় রয়েছে দেশের বাইরে অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা। আগামী ডিসেম্বরে তারা যাবে অস্ট্রেলিয়া সফরে। তার আগে কথাবার্তা চলছে সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজনের ব্যাপারে।
এ দুই বড় সিরিজের জন্য প্রয়োজন যথাযথ প্রস্তুতি। কিন্তু দেশের মাটিতে এখন তা ঠিক সম্ভব নয়। তাই দুবাইয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্পের কথা ভাবা হচ্ছে। উল্লেখ্য, আইপিএল যদি দেশের বাইরে হয়, তাহলে প্রথম পছন্দ হিসেবে এগিয়ে রয়েছে আরব আমিরাত।
দুই সপ্তাহ এগিয়ে এলো বিগ ব্যাশ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে সব সিরিজ ও টুর্নামেন্ট যেখানে একের পর এক স্থগিত হচ্ছে, তখন উল্টো পথে যাত্রা অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের। পেছানোর বদলে উল্টো এগিয়ে আনা হয়েছে বিগ ব্যাশের সূচি। গত আসরের চেয়ে দুই সপ্তাহ আগেই শুরু হবে এবারের লিগ। বিগ ব্যাশের নবম আসরের প্রথম ম্যাচ হয়েছিল গত বছরের ডিসেম্বরের ১৭ তারিখে। এবার সবকিছু ঠিকঠাক থাকলে ৩ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের দশম আসরের খেলা। বুধবার বিগ ব্যাশের দশম আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আয়োজকরা। তবে জানিয়েছে, করোনা পরিস্থিতির কারণে বদল আসতে পারে এই সূচিতে। দুই মাসের বেশি সময় ধরে চলা এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের সম্ভাব্য তারিখ দেয়া হয়েছে ৬ ফেব্রুয়ারি ২০২০। মাঝের ৬৫ দিনে খেলা হবে টুর্নামেন্টের ৬১টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে লড়বে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডস।
ব্রাজিলের মাইয়া খেলবেন বার্সেলোনায়
ক্রীড়া প্রতিবেদক
ফুটবল বিশ্বে একের পর এক বিস্ময়কর প্রতিভা উপহার দিতে জুরি নেই ব্রাজিলের। জন্মের পর থেকেই ব্রাজিলের শিশুরা বেড়ে ওঠে ফুটবল পায়ে নিয়ে। যার সুবাদে দেখা মেলে নেইমার, রবিনহো, উইলিয়ান, গ্যাব্রিয়েল হেসুস, ভিনিসিয়াস জুনিয়রদের মতো প্রতিভাবান খেলোয়াড়দের।
সে তালিকায় সম্ভাব্য নাম সাও পাওলোর ১৯ বছর বয়সী উইঙ্গার গুস্তাভো মাইয়া ডি সিলভা। গত জানুয়ারিতে নিজের পায়ের জাদুতে মাতিয়েছেন সাও পাওলোর ইয়ুথ ফুটবল কাপ। যার সুবাদে তিনি নজর কাড়েন স্প্যানিশ কাব বার্সেলোনার এবং সুযোগ পেয়ে গেলেন সেই দলে খেলার। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মাইয়াকে কিনে নিয়েছে বার্সেলোনা। তাকে দলে নেয়ার জন্য শুরুতে ৯ লাখ ইউরো দিয়ে ‘অগ্রিম বুকিং’ দিয়ে রেখেছিল স্প্যানিশ কাবটি। তবে চুক্তি ছিল মোট ৪১ লাখ ইউরোর। যা জমা দেয়ার শেষ তারিখ ছিল ১৫ জুলাই। শেষদিনই বাকি অর্থ পরিশোধ করেছে বার্সেলোনা।
প্রিমিয়ার লিগের দলবদল ২৭ জুলাই
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে ওলটপালট ফুটবল ক্যালেন্ডার। ইউরোপিয়ান ফুটবল মৌসুম শেষ হয়ে এতদিনে চলতো নতুন মৌসুমের প্রস্তুতি। দলবদলের বাজার সরগরম থাকতো ইউরোর ঝনঝনানিতে। অথচ মৌসুমই শেষ হয়নি এখনও! তবে শেষ হওয়ার পথে থাকা প্রিমিয়ার লিগ ইতিমধ্যে সামনের মৌসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে। জানিয়ে দেয়া হয়েছে ইংলিশ ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলের সময়। ২৭ জুলাই থেকে ৫ অক্টোবর- ১০ সপ্তাহ ধরে কাবগুলো সুযোগ পাবে নিজেদের দল গোছানোর।
গতকাল বুধবার নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। যদিও তাদের এই দলবদলের সময়কাল নির্ভর করছে ফিফার অনুমতি সাপেক্ষে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা থেকে সবুজ সংকেত এলে আরও কোনও বাধা থাকবে না। এমনিতে মে থেকে দলবদল শুরু হয়ে যায় ইংল্যান্ডে, চলে আগস্ট পর্যন্ত। কিন্তু করোনাভাইরাসের কারণে এবার লম্বা সময় খেলা বন্ধ থাকায় যেহেতু মৌসুম শেষ করা যায়নি, তাই দলবদলের সময়কালও পিছিয়ে গেছে। আজ গ্রীষ্মকালীন দলবদলের নতুন সময় জানিয়ে দেওয়া হয়েছে। প্রিমিয়ার লিগের চলতি মৌসুম শেষ হবে ২৬ জুলাই, পরদিন ২৭ জুলাই থেকে শুরু হবে দলবদল। শেষ হবে ৫ অক্টোবর।
অবস্থান আরও সুসংহত চেলসির
ক্রীড়া প্রতিবেদক
আগের ম্যাচে শেফিল্ডের কাছে হেরে গিয়ে সেরা চারে নিজেদের অবস্থান নড়বড়ে করে ফেলেছিল চেলসি। ভাগ্যভালো যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড সে সুযোগ নিতে পারেনি। উল্টো পরের ম্যাচ জিতে নিজেদের অবস্থানকে সুসংহত করার সুযোগ পেয়েছে ব্লুরা। প্রিমিয়ার লিগে তারা নরউইচ সিটিকে হারিয়েছে ১-০ গোলে।
জয়ের জন্য মুখিয়ে থাকা চেলসি শুরু থেকেই আক্রমণ শাণিয়ে খেলছিল। যদিও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না। শেষ পর্যন্ত প্রথমার্ধের যোগ হওয়া সময়ে একমাত্র গোলটি এসেছে জিরুদের হেড থেকে। ক্রিস্টিয়ান পুলিসিকের ক্রস থেকে গোলটি করেছেন এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধেও এই জুটি গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু জিরুদের চিপ লক্ষ্য বরাবর রাখতে পারেননি পুলিসিক।
এই জয়ের ফলে চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে নিজেদের আরও সুসংহত করেছে চেলসি। চার পয়েন্টের ব্যবধান রেখেছে নিকটতম লিস্টার ও ম্যানইউর কাছ থেকে। ৩৬ ম্যাচে চেলসির সংগ্রহ ৬৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা লিস্টারের সংগ্রহ ৫৯। ম্যানইউর চেয়ে গোল গড়ে এগিয়ে তারা চারে অবস্থান করছে। ম্যানইউ ৫৯ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচে।
স্থগিত হতে যাচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজ
ক্রীড়া প্রতিবেদক
আন্তর্জাতিক ক্রিকেটের সূচি অনুযায়ী সেপ্টেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টির সিরিজ খেলার কথা ভারতের। তবে উপমহাদেশের সবচেয়ে বড় ক্রিকেটীয় পরাশক্তি ভারতে করোনাভাইরাসের পরিস্থিতি এখনো শোচনীয়। দেশটিতে ইতিমধ্যে সাড়ে নয় লাখের মতো মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুর মিছিলও বেশ দীর্ঘ প্রায় পঁচিশ হাজারের কাছাকাছি। এমন অবস্থায় ইংল্যান্ড ক্রিকেট দল ভারতে সিরিজ খেলতে আসার কোনো সম্ভাবনা নেই। আর তাই স্থগিত হতে যাচ্ছে সিরিজটি।
‘পিটিআই’-কে এমন তথ্য নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের বিশ্বস্ত এক সূত্র। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই আসতে যাচ্ছে সিরিজ স্থগিতের ঘোষণা। বিসিসিআইয়ের সেই কর্মকর্তা বলেন, ‘ইংল্যান্ড ভারতের মাটিতে ছয় ম্যাচের রঙিন পোষাকের ম্যাচ খেলার কথা (তিন ম্যাচ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি)। তবে ভারতে এখন যে পরিস্থিতি এমন অবস্থায় ইংল্যান্ড এখানে সফরে আসবে না।’ শুক্রবার বিসিসিআইয়ের কর্মকর্তাদের নিয়ে এক সভার আয়োজন করা হবে। যেখানে এফটিপির ম্যাচগুলোর ভবিষ্যৎ কি হতে পারে, সে নিয়ে আলোচনা করা হবে। আর সেখানে ইংল্যান্ড সিরিজ নিয়েও কথা হবে। এরপরই সিরিজ স্থগিতের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে জানিয়ে সে কর্মকর্তা আরও যোগ করেন, ‘আগামী শুক্রবার (১৭ জুলাই) বিসিসিআইয়ের কর্মকর্তাদের মধ্যে এক আলোচনা সভা হওয়ার কথা। সেখানে এফটিপির খেলা নিয়ে আলোচনা হবে। আর এরপরে ইংল্যান্ড সিরিজ স্থগিতের ঘোষণা আসতে পারে।’
সম্মানসূচক ডক্টরেট উপাধি পাচ্ছেন রাশফোর্ড
ক্রীড়া প্রতিবেদক
সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে সম্মাননা পাচ্ছেন মারকাস রাশফোর্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফরওয়ার্ডের অর্জনে যোগ হচ্ছে সম্মানসূচক ডক্টরেট ডিক্রি।
শিশু দারিদ্র্য দূরীকরণে ক্যাম্পেইন চালিয়েছেন ইংল্যান্ডের এই তারকা ফুটবলার। মহতী এই কর্মকা-ের স্বীকৃতি হিসেবে রাশফোর্ডকে সম্মানসূচক ডক্টরেট খেতাব প্রদান করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। ২২ বছরের রাশফোর্ড সরকারের হয়ে শিশুদের জন্য ক্যাম্পেইন চালিয়ে গেছেন। যাতে গ্রীষ্মকালীন ছুটিতে ইংল্যান্ডের ১.৩ মিলিয়ন শিশু ফ্রি স্কুল মিল ভাউচার পায়। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুরস্কার হিসেবে সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করতে চলেছে।











































