মোরেলগঞ্জ প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের পেছনে মাঠে কৃষিকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শৌলখালী গ্রামের মনিরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)। তারা আপন দুই ভাই।
পুলিশ জানায়, বুধবার দুপুরে দুই ভাই মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। বজ্রপাতে দুই সহোদরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, খবর পেয়ে জেলা প্রশাসনকে অবহিত করে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাদের কিছু আর্থিক সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।










































