বিনোদন ডেস্ক।।
‘যতটুকু পাপ কামাইছি সব ধুয়ে-মুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কদিন বাঁচব আল্লাহ খোদার নাম করে যাব’— চিত্রনায়িকা পপির এমন একটি বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্যের ঝড় উঠেছে। মন্তব্য করেছেন সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই।
তবে পপি বলেন, ‘আমি কিন্তু আমার বক্তব্যে একটিবারের জন্যও বলিনি যে, আমি চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি। মানুষ কি তার নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান না? আমরা তো জেনে না জেনে অনেক পাপ করি, সেসব পাপের জন্য কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না? তো আমি আমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি স্বামী-সংসার নিয়ে সুখেশান্তিতে ভালো থাকতে পারি সেটা তো অন্যায়ের কিছু নয়। আমি তো একটিবারের জন্য বলিনি যে, আমি সিনেমাতে অভিনয় করে পাপ করেছি। যে সিনেমা আমাকে এত যশ, খ্যাতি, এত সম্মান এনে দিয়েছে, যে সিনেমা থেকে আমি অনেক কষ্ট করে টাকা রোজগার করেছি, যে সিনেমার কারণে আজও দর্শক আমাকে এত ভালোবাসেন সেই সিনেমা কিংবা সিনেমাশিল্পকে নিয়ে আমি খারাপ কিছু বলব, নেগেটিভ মন্তব্য করব— প্রশ্নই আসে না।
আমি আমার চলচ্চিত্রকে এখনও অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি। জীবনের প্রয়োজনে আমি আজ হয়তো দূরে আছি, কিন্তু ফেলে আসা দিনগুলো আমি ভীষণ মিস করি। যে চলচ্চিত্র থেকে আমার এতকিছু সেই চলচ্চিত্রকে কোনোদিনই অসম্মান করে কিংবা অভিনয় পেশাকে অসম্মান করে আমি কিছু বলব না। বিয়ের পর একটি মেয়েকে তার স্বামীর কথামতো চলতে হয়। আমার স্বামী আদনান আমাকে ভীষণভাবে আগলে রাখে, আমার একমাত্র ছেলে আয়াতকে নিয়েই আমার সময় কেটে যায়। আমার সুখের সংসার। অভিনয়ে অবসর আমি নেইনি। সিনেমা প্রযোজনায় আসারও ইচ্ছে আছে।’










































