Home স্বাস্থ্য সন্ধ্যায় ও রাতে চা-কফি পান করা কি ক্ষতিকর, যা বলছেন পুষ্টিবিদ

সন্ধ্যায় ও রাতে চা-কফি পান করা কি ক্ষতিকর, যা বলছেন পুষ্টিবিদ

4

 

লাইফস্টাইল ডেস্ক।।

চা ও কফির প্রেমে কম-বেশি সবাই হাবুডু্বু খেয়ে থাকি আমরা। সকালে ঘুম থেকে উঠে বা নাশতার পর, দুপুরে খাবার খাওয়ার পর, বিকেল বন্ধু-সহকর্মীদের সঙ্গে আড্ডায় পান করা হয় চা-কফি। এর বাইরে রাতে বাসায় ফিরেও কারও কারও চা-কফি পানের অভ্যাস রয়েছে। কেউ কেউ আবার শুধু চা-কফি পানের জন্যই রাতে বাসা থেকে বের হয়ে থাকেন।

সম্প্রতি কিছু মাধ্যমে দেখা যাচ্ছে, রাতে চা-কফি পানে নাকি স্বাস্থ্যের খুব ক্ষতি হয়ে থাকে। কিন্তু আসলেই কি তাই? এবার এ ব্যাপারে ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কলকাতার বিশিষ্ট পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরী। এবার তাহলে এই পুষ্টিবিদের ভাষ্যমতে রাতে চা-কফি পানের ব্যাপারে জেনে নেয়া যাক।

গুণের রাজা চা : এক কাপ চায়ে ১৪ থেকে ১৭ গ্রাম ক্যাফিন থাকে। যা আপনার মুড বুস্ট করতে সহায়তা করে। এ জন্য চা পানের পর মন চাঙা হয়ে উঠে। চা হচ্ছে একাধিক উপকারী উপাদানের উৎস্য, যা হার্টের অসুখের ফাঁদ এড়াতে কাজ করে। আর নিয়মিত এই পানীয় পানে হাই ব্লাড প্রেশারের মতো সমস্যাও এড়িয়ে চলা সম্ভব। এ জন্য নিয়মিত চা পান করতেই পারেন।

কফিই সেরা : চায়ের মতো কফিও খুবই উপকারী পানীয়। প্রতি ১ কাপ কফি থেকে ৯৫ থেকে ২০০ মিলিগ্রাম ক্যাফিন মিলতে পারে। যা আপনার উৎকণ্ঠা, অস্থিরতা রোধে কাজ করে। আর নিয়মিত কফি পানে হার্ট সংক্রান্ত অসুখ থেকে শুরু করে টাইপ-২ ডায়াবেটিস, গলস্টোন, পার্কিনসনস ডিজিজের মতো অসুখের আশঙ্কা কাটে। এ জন্য কফি পান করা যেতে পারে।

চা-কফি কি রাতে খেতে নেই : পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরী জানান, রাতে চা-কফি এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ। এসব পানীয়তে মজুদ থাকা ক্যাফিন রাতের ঘুম নষ্ট করে দিতে পারে। বারবার প্রস্রাবের কারণও হতে পারে। এ জন্য রাতে চা-কফি এড়িয়ে চলা উচিত। তবে সন্ধ্যায় অনায়াসে চা-কফি পান করতে পারেন।

দিনে কত কাপ চা-কফি পান করা উচিত : চা-কফির মতো উপকারী পানীয় দিনে ২ থেকে ৩ বারের বেশি পান করা উচিত নয়। বেশি পরিমাণে পান করলে শরীরে বিপাকের হার বিঘ্নিত হতে পারে। ক্ষুধাভাব কমে যাবে। অতিরিক্ত চা-কফি পান করলে শরীরে আয়রণ শোষণও হবে না। অ্যানিমিয়ার ফাঁদে পড়ারও আশঙ্কা বাড়বে।

দুধ-চিনি কি মেশানো যাবে : পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরী বলেন, চা-কফিতে দুধ বা চিনি মেশালে এতে উপকারের থেকে বিপরীতে ওজন বেড়ে যায়। সুস্থ-সবল থাকার জন্য দুধ-চিনি ছাড়াই চা-কফি পানের অভ্যাসের চেষ্টা করুন।