তামিম আহমেদ মনির।।
যশোরের অভয়নগরে বাল্যবিবাহের অপরাধে এক ঘটক সহ তিন জনকে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের প্রফেসর পাড়া নামক এলাকায়। কারাদন্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন, বাল্যবিবাহ সম্পাদনকারী হৃদয় শেখ (২৪), বাল্যবিবাহের শিকার অপ্রাপ্তবয়স্ক এতিমশিশু জিনিয়া খাতুন (১৩) এর নানী রোজিনা(৪৫) এবং ঘটক হিসেবে এ অপরাধ বাস্তবায়নে কাজ করা সেলিনা (৪৫)।
জানা যায়, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডের প্রফেসর পাড়া নামক এলাকায় বাল্যবিবাহ সম্পাদন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ। অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ মোতাবেক তিন জনকে ০৬ (ছয়) মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এবং অভিযুক্তদের যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর বিশ্বাস জানান, বাল্যবিবাহের অপরাধে আজ দুপুরে ঘটক সহ তিন জনকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। বাল্যবিবাহের শিকার অপ্রাপ্তবয়স্ক এতিম শিশু জিনিয়া খাতুন এর পড়াশোনার দায়িত্ব আমি এবং আমার চাচাতো বোন নিয়েছি। মেয়েটির যেকোনো সমস্যা হলে আমরা দেখভাল করবো।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ এ প্রতিবেদককে জানান, মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহের সম্পাদনকারী,বাল্যবিবাহের শিকার অপ্রাপ্তবয়স্ক এতিমশিশু জিনিয়া খাতুন এর নানী এবং এক ঘটক সহ মোট তিন জনকে বাল্যবিবাহের অপরাধে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া বাল্যবিবাহের শিকার জিনিয়া খাতুনকে তার মামার দায়িত্বে দেওয়া হয় এবং তার পড়াশোনার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর বিশ্বাসকে। তিনি আরও জানান, আগামীতে এ ধরেনের অভিযান অব্যাহত থাকবে।










































