স্পোর্টস ডেস্ক।।
জনপ্রিয়তা কিংবা মানের দিকে দিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ধারেকাছেও নেই মার্কিন যুক্তরাষ্ট্রের লিগস কাপ। তবে একটি দিক দিয়ে চ্যাম্পিয়নস লিগকে ছাড়িয়ে গেল লিগস কাপ। টুর্নামেন্টটির ফাইনালে টিকিটের মূল্য ছাড়িয়ে গেছে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের টিকিটের মূল্যকে।
মূলত, যুক্তরাষ্ট্রে লিওনেল মেসির জনপ্রিয়তার কারণেই টিকিটের মূল্য আকাশ ছুঁয়েছে। দেশটির ক্লাব ইন্টার মায়ামিকে একক যোগ্যতায় ফাইনালে তুলেছেন মেসি। করেছেন টানা ৬ গোল। আগামী শনিবার ফাইনালে মেসিদের প্রতিপক্ষ নাশভিল। তাই মেসিকে ট্রফি জিততে দেখার চাহিদাতেই টিকিটের দাম এমন উঠেছে।
ফাইনাল সেই ম্যাচে টিকিটের মূল্য উঠেছে ১২ হাজার মার্কিন ডলারেরও বেশি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৩ লক্ষাধিক। এত টাকার টিকিট ছিল না সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের ম্যাচেও।
তুরস্কের আতাতুর্ক অলিম্পিক গেমস স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল সাড়ে ৭৭ মার্কিন ডলার। আর নাশভিল ও ইন্টার মায়ামির মধ্যে অনুষ্ঠেয় এই ফাইনালের সবচেয়ে কম দামের টিকেট এখন পাওয়া যাচ্ছে ৪৮৪.৪৫ মার্কিন ডলারে।










































