Home খেলাধুলা গভীর রাতে ইডেনের ড্রেসিংরুমে আগুন

গভীর রাতে ইডেনের ড্রেসিংরুমে আগুন

66

স্পোর্টস ডেস্ক।।

কলকাতার ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে গতকাল বুধবার গভীর রাতে আচমকা আগুন লাগার ঘটনা ঘটে। চারদিক ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের দুটি ইঞ্জিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় সময় রাত সাড়ে ১২টা আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। খবর ইন্ডিয়া টুডের।

দমকল কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে বড়সড় কোনো ক্ষতি না হলেও খেলায়াড়দের সরঞ্জাম আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইডেনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

 

ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি ঠিক দুমাস। তার আগে গত শনিবার ইডেনে পরিদর্শন করতে এসেছিল আইসিসি-র প্রতিনিধি দল। ইডেনের কাজ পরিদর্শন করে ওই দল খুশিও হয়েছিল। তার পরে আগুন লাগার ঘটনায় ইডেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

এ নিয়ে দমকল সূত্রে খবর, ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ইডেনের সাজঘর মেরামতির কাজ চলছিল। বুধবার রাত ১১টা ৫০ নাগাদ আচমকা ধোঁয়ায় ভরে যায় ড্রেসিংরুম। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা তৎক্ষণাৎ দমকলে খবর দেন। সঙ্গে সঙ্গেই দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। রাত সাড়ে ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

ইডেন গার্ডেন্স বিশ্বকাপের মোট পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব পেয়েছে। সে জন্য সৌন্দর্যায়ন এবং মেরামতির কাজ চলছিল। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ইডেন গার্ডেন্স সম্পূর্ণ ভাবে সাজিয়ে ফেলার কথা।