Home খেলাধুলা অস্ট্রেলিয়ার নেতৃত্বে মার্শ

অস্ট্রেলিয়ার নেতৃত্বে মার্শ

132

ক্রীড়া ডেস্ক।।

প্রথমবারের মতো নেতৃত্বে দেখা যাবে মিচেল মার্শকে। অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের অধিনায়ক বানানো হয়েছে তাকে। সবকিছু ঠিক থাকলে ওয়ানডে বিশ^কাপের পর সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণেই নেতৃত্বে দেখা যেতে পারে মার্শকে। নতুন অধিনায়কত্বে অজিদের পথচলা শুরু হবে এ মাসের শেষ দিকে। এ সময়ে দক্ষিণ আফ্রিকা সফর করবে অস্ট্রেলিয়া।

গতকাল প্রোটিয়াদের বিপক্ষের কুড়ি ওভারের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুই অলরাউন্ডার অ্যারন হার্ডি ও ম্যাথু শর্ট এবং বাঁহাতি পেসার স্পেন্সার জনসন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সিরিজে বড় একটি পরিবর্তন আসবে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে। ওপেনার হিসেবে খেলবেন অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ। বিগ ব্যাশ লিগে ওপেনিংয়ে সাফল্য পাওয়ার পর জাতীয় দলেও এই ভূমিকায় আসছেন তিনি। গতকাল এমনটিই জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি।

গত বছর ফেব্রুয়ারিতে অবসর নেন বিশ^কাপজয়ী অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এরপর আর টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি অজিরা। তাই নতুন অধিনায়ক বেছে নিতে লম্বা সময়ই পেয়েছে তারা। নেতৃত্বের দৌড়ে অবশ্য আগে থেকেই এগিয়ে ছিলেন মার্শ। আলোচনায় ছিলেন আরও তিনজন। দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি সিরিজে অবশ্য পূর্ণ শক্তির দল পাচ্ছে না অস্ট্রেলিয়া। বিশ্রাম দেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও ক্যামেরন গ্রিনকে। ওয়ানডে সিরিজে তাদের ফেরার কথা রয়েছে। আগামী ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর কুড়ি ওভারের ম্যাচ তিনটি মাঠে গড়াবে।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল : মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, স্টিভেন স্মিথ, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জ্যাম্পা।