ঢাকা অফিস।।
আওয়ামী লীগের বর্তমান নেতাদের মধ্যে কতজন মুক্তিযোদ্ধা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে যারা আছেন, তাদের অধিকাংশই ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন না। অথচ, তারা সব সময় স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে আমাদের দিকে আঙ্গুল তোলেন।
বৃহস্পতিবার (৪ মে) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।
মির্জা ফখরুল বলেন, আমি আওয়ামী লীগের নেতাদের কাছে জানতে চাই, আপনারা কি জোর গলায় বলতে পারবেন, আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমানে যারা আছেন, তাদের কতজন মুক্তিযোদ্ধা ছিলেন? অথচ বিএনপির স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটিতে যারা আছেন, তাদের অধিকাংশই মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।
বিএনপির মহাসচিব বলেন, এটা সত্যি যে, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে অনেক পুরনো। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন এই দলের প্রতিষ্ঠাতা। যদিও পরবর্তী সময়ে তাকে আওয়ামী লীগ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারণ, তার চিন্তা-ভাবনার সঙ্গে পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্বে যারা এসেছেন, তাদের চিন্তার মিল ছিল না।
তিনি বলেন, গতকাল ওয়াশিংটনে বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন, কোনোমতেই স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। আমিও একই কথা বলি। কোনোমতেই স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। কিন্তু, দুঃখজনক ও লজ্জাজনক ব্যাপার হচ্ছে, আজকের আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সরকার এখন গণতন্ত্র ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
সরকারের দাম্ভিকতার কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, দেশের সকল মানুষ যখন ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখন তারা বলছে, এই আইন বাতিল করা হবে না। কেন হবে না? তাদের ক্ষমতায় থাকার সুবিধার জন্য। এই সরকার বর্তমানে পুরো জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু। আরও বক্তব্য রাখেন—জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।











































