Home আঞ্চলিক নড়াইলে সরকারি রাস্তার ইট বিক্রি করে দিলেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম

নড়াইলে সরকারি রাস্তার ইট বিক্রি করে দিলেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম

29

 

মোঃ তাহের, নড়াইল প্রতিনিধি।।
নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে রাস্তার সরকারি ইট বিক্রির অভিযোগ উঠেছে। সরজমিন ঘুরে জানা যায়, ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের একটি রাস্তা নির্মাণের জন্য টেন্ডার হয়েছে। উক্ত রাস্তাটি আগে থেকেই ইট দ্বারা নির্মিত ছিল। রাস্তার বেহাল অবস্থা হওয়ায় সংস্কারের জন্য সম্প্রতি টেন্ডার হয়েছে। টেন্ডারের বিষয়টি নিশ্চিত হয়ে সুচতুর ইউপি চেয়ারম্যান রাস্তার সকল ইট তুলে বিক্রি করছেন। আর এই বিক্রির কাজে সার্বিক ভাবে সহায়তা করছে স্থানীয় ইউপি মেম্বার ইমান।মানসম্মত ইট গুলো গ্রামের বাসিন্দারা কিনে নিচ্ছেন। সেই সাথে ইটের ভাঙ্গা অংশ বিক্রি করছেন পার্শ্ববর্তী বাজারের স্যানেটারী ব্যবসায়ী সবুজের নিকট। সবুজের দোকানে গিয়ে দেখা যায় সবুজ তার দোকানে রাস্তার ইট স্তুুপ করে রেখে দিয়েছেন।

ইউপি সদস্য ও চেয়ারম্যান এলাকায় প্রভাব বিস্তার করে নিয়মনীতির কোন তোয়াক্কা না করে রাস্তার ইট বিক্রি করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, রাস্তার সরকারি ইট উত্তোলন করে বিক্রি করা মোটেও ঠিক নয়। বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করি। এ বিষয়ে ইউপি মেম্বার ইমান বলেন, আমরা মাত্র ৪ হাজার ইট বিক্রি করেছি। রাস্তার সরকারি ইট বিক্রির বিষয়ে বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, কিছু ইট বিক্রি করা হয়েছে। ইট বিক্রি করে রাস্তার শ্রমিকদের টাকা দেওয়া হবে।

বাকি ইট গুলো দিয়ে এলাকায় রাস্তা সংস্কার করা হবে। সংশ্লিষ্ট অধিদপ্তরের অনুমতি ক্রমে ইট বিক্রি করছেন কিনা জানতে চাইলে তিনি আরও বলেন আমার ইউনিয়নের রাস্তার ইট আমি বিক্রি করছি অনুমতি লাগবে কার, আমি কেরও অনুমতি নেয়নি। নড়াইল সদর উপজেলার পি আই ও নাসরিন সুলতানা বলেন, রাস্তার ইট বিক্রি করছে চেয়ারম্যান এটা আমার জানা নেই। ঔ ইটের মালিক আমরা না, ইট চেয়ারম্যান কি করবে না করবে সেটা তার ব্যাপার তিনি আরও বলেন আপনি চেয়ারম্যানের সাথে কথা বলেন।