বিনোদন ডেস্ক:
করোনার এই সময়ে দোকানে বেশি পয়সা দিলেও মাস্ক মিলছে না। তাই এখন সবাই নিজেদের মাস্ক নিজেরাই বানানোর পরামর্শ দিচ্ছেন। আর যদি খুব দ্রুত কাজ চালানোর মতো মাস্ক তৈরি করে নিতে হয় তখন কী করবেন? নেটিজেনদের সে পথ দেখালেন বলিউড তারকা সানি লিওন। তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে গতকাল এমনই কয়েকটি ছবি পোস্ট করেছেন। সানি লিওন ইনস্টায় পাঁচটি ছবি পোস্ট করে লিখেছেন, যখন ৩০ সেকেন্ডে মাস্ক বানাতে হবে। অর্থাৎ দ্রুত মাস্ক জোগাড়ের উপায় বাতলেছেন তিনি। ছবিগুলিতে দেখা যাচ্ছে তিনি কখনও বাচ্চাদের ডায়াপারকে মাস্ক হিসেবে ব্যবহার করছেন আবার কখনও ওড়নার মতো কিছু দিয়ে মুখ ভাল করে ঢেকে নিয়েছেন। এগুলির সঙ্গে খেলার ছলে তাকে আবার স্পাইডারম্যানের মাস্ক পরতেও দেখা গিয়েছে। পাঁচটি ছবিতে সানি নানান ভাবে মুখাবরণ ব্যবহার করেছেন। আর প্রতিটি ছবির জন্য তিনি আলাদা আলাদা পোশাক ব্যবহার করেছেন। সানির এই ডায়াপারে মুখ ঢেকে তোলা ছবিটি বেশ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তার এই পোস্ট পাঁচ ঘণ্টাতেই প্রায় ছয় লাখ লাইক পরেছে। সেই সঙ্গে প্রচুর কমেন্ট ও শেয়ার হয়েছে। অনেকে তার এমন বুদ্ধি ও মজাদার কা-কারখানার জন্য প্রশংসা করেছেন। তবে বেশিরভাগই করেছেন সমালোচনা। কারণ করোনা মহামারীর এই নাজুক পরিস্থিতিতে মাস্ক নিয়ে তার এমন মজার পোস্ট করা উচিত হয়নি বলেই মত দেন অনেকে। আবার অনেকে সানিকে অযথা অযৌক্তিক পোস্ট করতে বারণ করেছেন। অনেকে বলেছেন, এই ধরনের মাস্ক করোনাভাইরাস সংক্রমণ আটকানোর ক্ষেত্রে কার্যকর নয়।









































