চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গায় মাত্র দেড় হাজার টাকায় এসএসসির নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ সোমবার সকালে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা প্রকাশ্যে আসে।
খবর পেয়ে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত ‘জনি ফটোকপি’ নামের একটি দোকানে অভিযান চালান। সেখানে প্রশ্নফাঁসের সত্যতা পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার জানিয়েছেন, এ ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরীক্ষা কমিটির সদস্যদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হবে।
স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৩১ অক্টোবর
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, প্রশ্নফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থগিত হওয়া বাংলা প্রথম পত্রের পরীক্ষা আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।











































