ঢাকা অফিস।।
ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপদ করতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে নির্বাচনী এলাকায় সব ধরনের প্রচারণা বন্ধ থাকবে।
বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মো. সুরুজ মিয়া জানান, সোমবার থেকে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধীনে তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনী এলাকার নিরাপত্তা জোরদারে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও কে-নাইন ডগ ইউনিট যুক্ত করা হয়েছে। সীমান্তসহ পুরো এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
কর্নেল সুরুজ মিয়া বলেন, ‘ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং প্রার্থীরা সমান সুযোগ পান, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সীমান্ত পারাপার, চোরাচালান ও যে কোনো নাশকতা রুখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।’
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে ৩১ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও সব ধরনের নির্বাচনী প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।











































