পাইকগাছা প্রতিনিধি।।
খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানারা বিনতে আহমেদকে চাঁদা দাবির পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টার পর আসলাম সিকদার পরিচয়ে এক ব্যক্তি মোবাইল ফোনে তাঁকে এ হুমকি দেন।
পুলিশ ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, একটি মোবাইল নম্বর থেকে ফোন করে ওই স্বাস্থ্য কর্মকর্তাকে ভয়ভীতি দেখানো হয়। কথোপকথনের একপর্যায়ে তাঁকে বলা হয়, ‘হয় অর্থ, নয় রক্ত’—এই দুটির যেকোনো একটি দিতে হবে।
আহসানারা বিনতে আহমেদ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালে ওই ব্যক্তি আরও বেপরোয়া আচরণ করেন বলে জানা গেছে। ঘটনার পর তিনি স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানান। নিজের নিরাপত্তা নিশ্চিত করা ও আইনি সহায়তা পেতে থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল কবীর জানান, তাঁরা বিষয়টি নিয়ে কাজ করছেন। হুমকির ফোনটি গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে এসেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি আরও বলেন, ‘বিভিন্ন ব্যক্তিকে এভাবে হুমকি দিয়ে চাঁদা দাবি করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে একটি চক্র এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। হুমকিদাতাকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’











































