স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীকে যানজটমুক্ত ও সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের উপযোগী করতে আবারও কঠোর অবস্থানে নেমেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। নগরীর অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক এলাকা ডাকবাংলায় পরিচালিত হয়েছে এক জোরদার উচ্ছেদ অভিযান।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ঠিক ১২টায় কেসিসির উদ্যোগে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান। দীর্ঘদিন ধরে ডাকবাংলা এলাকার ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা সরিয়ে নিতে মাঠে নামে কেসিসির বিশেষ দল।
অভিযান চলাকালে স্থানীয় কিছু দোকানি ও ব্যবসায়ী উচ্ছেদে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং এলাকায় হট্টগোল সৃষ্টির চেষ্টা চালান। তবে কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তাৎক্ষণিক শক্ত হস্তক্ষেপে অসন্তোষ প্রকাশকারী ব্যবসায়ীদের বাধা ভেস্তে যায়। দ্রুতই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে এবং ফুটপাত দখলমুক্তকরণ কাজ সম্পন্ন হয়।
অভিযান শেষে কেসিসির পক্ষ থেকে জানানো হয়, সাধারণ পথচারীদের ভোগান্তি কমাতে এবং নগরীর প্রধান প্রধান সড়কগুলোকে যানজটমুক্ত রাখতে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। ফুটপাত ও সড়ক দখল করে কাউকে অবৈধ ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি প্রদান করা হয়।











































