Home আন্তর্জাতিক রাহুল গান্ধীর গাড়িবহরের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ

রাহুল গান্ধীর গাড়িবহরের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ

2


আন্তর্জাতিক ডেস্ক।।

ভারতের উত্তর প্রদেশে কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য রাহুল গান্ধীর গাড়িবহরের পাঁচটি গাড়ির সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়েছে। এতে কংগ্রেসের কয়েকজন কর্মী ও নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তবে রাহুল গান্ধী নিরাপদ আছেন বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সোমবার উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে হালিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি রাজ্যের রাজধানী লখনৌ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। পুলিশের বরাতে জানা গেছে, রাহুল গান্ধীর কনভয়ের পেছনের দিকে থাকা পাঁচটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক্সপ্রেসওয়ের ডান পাশের দ্রুতগতির লেনে চলছিল অ্যাম্বুলেন্সটি। অন্য লেনগুলোতে বেশ কয়েকটি গাড়ি কাছাকাছি অবস্থানে ছিল। সংঘর্ষের পর একটি স্করপিও গাড়ির সামনের অংশ দুমড়ে যায়। গাড়িটিকে অ্যাম্বুলেন্সের সামনে থেমে থাকতে দেখা যায়।

এদিন সকালে লখনৌ বিমানবন্দরে অবতরণের পর রাহুল গান্ধীর গাড়িবহর সুলতানপুরের উদ্দেশে রওনা হয়। লখনৌ থেকে সুলতানপুরের দূরত্ব প্রায় ১৩৫ কিলোমিটার। গন্তব্যে পৌঁছানোর প্রায় ৩৫ কিলোমিটার আগে দুর্ঘটনাটি ঘটে।

সুলতানপুরের একটি বিশেষ এমপি-এমএলএ আদালতে মানহানির মামলায় হাজির হওয়ার কথা ছিল রাহুল গান্ধীর। বিজেপির তৎকালীন সভাপতি অমিত শাহকে নিয়ে কথিত আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা এ মামলায় আদালতের রায় ঘোষণার কথা ছিল। রায় ঘোষণার সময় আদালতে রাহুল গান্ধীর সশরীরে উপস্থিতি প্রয়োজন ছিল।

মামলাটির সূত্রপাত ২০১৮ সালের ৪ আগস্ট। ওই দিন সুলতানপুর জেলা সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিজেপি নেতা বিজয় মিশ্র রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০১৮ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে বেঙ্গালুরুতে এক নির্বাচনী সমাবেশে অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা এবং আদালতে রাহুল গান্ধীর উপস্থিতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।