Home Lead খুলনায় পৃথক স্থানে গুলিবিদ্ধ যুবদল নেতা ও বেসরকারি কর্মী, চাঞ্চল্য

খুলনায় পৃথক স্থানে গুলিবিদ্ধ যুবদল নেতা ও বেসরকারি কর্মী, চাঞ্চল্য

1


স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরী ও জেলার বটিয়াঘাটায় পৃথক দুটি স্থানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে বটিয়াঘাটায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল শেখ (৩৪) নামের এক সাবেক ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, নগরীর নিরালা আবাসিক এলাকায় বেসরকারি কোম্পানির এক কর্মীকে গুলি করে ল্যাপটপসহ ব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতের ও মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে এসব ঘটনা ঘটে।

বটিয়াঘাটায় যুবদল নেতা গুলিবিদ্ধ:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বটিয়াঘাটা উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলে বসে ছিলেন যুবদল নেতা সোহেল শেখ। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিতে তার ডান হাত ও পেটের ডান পাশে গুরুতর জখম হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত সোহেল শেখ বড় কড়িয়া গ্রামের গনি শেখের ছেলে এবং আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে যুবদল রাজনীতির সঙ্গে যুক্ত। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে পিস্তলের একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

নিরালায় গুলি করে ল্যাপটপ ছিনতাই:

এদিকে মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডে তামান্না টাওয়ারের দক্ষিণ পাশে নাসিম ট্রেডার্সের সামনে আরেক দফা গুলি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। জাপান টোব্যাকো কোম্পানির অফিস সহকারী সালমান (২৩) অফিস থেকে বের হয়ে মোটরসাইকেলে ওঠার সময় দুটি মোটরসাইকেলে করে আসা চারজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পেটের ডান পাশে গুলি লাগে। পরে তার কাছে থাকা ল্যাপটপের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

জাপান টোব্যাকোর কর্মকর্তারা জানান, প্রতিদিন ওই সময়ে টাকার ব্যাগ নিয়ে কর্মচারীরা ব্যাংকে গেলেও আজ ওই ব্যাগে ল্যাপটপ ছিল। আহত সালমান নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের সবুজবাগ এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

খবর পেয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি লোকমান হোসেন জানান, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একদিনের ব্যবধানে দুটি চাঞ্চল্যকর গুলি ও ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।