ঢাকা অফিস
হঠাৎ করেই আবার আলোচনায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। পরিবার, ব্যবসাসহ নানা কাজে ব্যস্ত থাকলেও হঠাৎ করেই রাজনীতির মাঠে নেমে জানান দিয়েছেন বিদিশা। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রংপুরে ‘পল্লী নিবাস’-এ ছেলে এরিক এরশাদকে সঙ্গে নিয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিদিশা।
এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে এরশাদ ট্রাস্টি বোর্ডের সদস্যরা। এই অনুষ্ঠানে এরশাদের ছেলে এরিক এরশাদের সঙ্গে উপস্থিত ছিলেন তার মা বিদিশাও।
জাতীয় পার্টিকে পুরোনো চেহারায় ফেরাতে মাঠে নামার ইঙ্গিত দিয়ে বিদিশা বলেছেন, ‘আমি যুব ও তৃণমূলের মানুষদের দলে আনতে কাজ করবো। এতে করে জাতীয় পার্টিতে স্বঘোষিত চেয়ারম্যান ঘোষণা দেওয়ার আর জায়গা থাকবে না। ভবিষ্যতে পার্টিতে আর যেন স্বঘোষিত চেয়ারম্যান হতে না পারে সেদিকে খেয়াল রাখবো।’
বিদিশার ঘনিষ্ঠ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, খুব শিগিরিই রাজনীতির প্ল্যাটফর্মে যুক্ত হবেন বিদিশা। এরশাদের অবর্তমানে জাতীয় পার্টিতে বর্তমানে যে গৃহদাহ চলছে তাতে করে একটি অংশ নিয়মিত যোগাযোগ করছে বিদিশার সঙ্গে। তাদের অনেকেই জাতীয় পার্টির রাজনীতিতে তাকে সক্রিয় হওয়ার জন্য দাবি তুলেছেন।
হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ বলেন, এরশাদের অনুপস্থিতে জাতীয় পার্টিতে শূন্যতা বিরাজ করছে। সেটা পূরণ করতে বিদিশাকে জাতীয় পার্টিতে প্রয়োজন। জাতীয় পার্টিতে বিদিশা এলে দলের সাধারণ কর্মীরা মূল্যায়ন পাবেন।
এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘জাতীয় পার্টি আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে। আরো শক্তিশালী করতে দলটির সাংগঠনিক তৎপরতা বাড়নো হয়েছে। প্রতিষ্ঠাবাষির্কীতেও জাতীয় পার্টির নেতাকর্মীরা উজ্জীবিত আছে। জাতীয় পার্টি নিয়ে কে কী বললো তাতে কিছু যায় আসে না।’
বিদিশা সিদ্দিক বলেন, ‘আমি যা বলার মিডিয়ায় বলেছি। রাজনীতি অনেক বড় একটি জায়গা। আমি আমার স্বামীর হাত ধরে রাজনীতিতে এসেছিলাম। আমার তো এখনো প্রয়োজন ফুরিয়ে যায়নি। আবার রাজনীতিতে ফেরা এখন আমার সময়ের দাবি বলে মনে করি।’
তিনি বলেন, ‘জাতীয় পার্টিতে এখন অনেকেই আসতে চায়। আমার সঙ্গে অনেকে যোগাযোগ করছেন। অনেকে আমাকে বলেন, আপা আপনি রাজনীতিতে আসেন। আপনি সক্রিয় হন, আমরা আপনার সঙ্গে রাজনীতি করতে চাই। জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি। মহামারির কারণে দলটির সাংগঠনিক কার্যক্রম দৃশ্যমান হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলেই জাতীয় পার্টির ব্যানারে আমি মাঠে নামবো।’
বিদিশি আরো বলেন, তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে দুর্নীতিমুক্ত দেশের উন্নয়নই আমার লক্ষ্য। তরুণদের শক্তি এবং সিনিয়রদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের সেবা করতে চাই। আমি দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসেছি। যে কারণে একটু অন্যভাবে চিন্তা করি। পরিবেশবান্ধব সবকিছু করতে চাই। দেশের জলবায়ু এবং পরিবেশ রক্ষায় গাছ রোপণ, বৃষ্টির পানিকে সর্বত্র কাজে লাগাতে চাই। যেমন- ভারতের সিকিমে ঝরনার ও বৃষ্টির পানিকে কাজে লাগিয়ে খাওয়া-গোসল সবকিছুই করছে। এ ছাড়া গণতান্ত্রিক পরিবেশ, বাকস্বাধীনতা দিতে চাই।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মারা গেছেন ২০১৯ সালের ১৪ জুলাই। এরপর থেকেই দলটির নেতৃত্বে দেখা দেয় বিশৃঙ্খলা। এরশাদপত্নী রওশন বর্তমানে সংসদে বিরোধীদলের নেতা হিসেবে দায়িত্ব পালন করলেও তার সাংগঠনিক কোনো ক্ষমতা নেই। দলটির নেতৃত্ব দিচ্ছেন প্রয়াত এরশাদের ছোট ভাই জিএম কাদের।
জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের বিচ্ছেদ হয়েছে ১৬ বছর পার হয়ে গেছে। এরশাদের মৃত্যুর কিছুদিন পর ছেলে শাহতা জারাব এরিককে নিয়ে বারিধারার কূটনীতিকপাড়ার ‘প্রেসিডেন্ট পার্ক’-এ বসবাস শুরু করেন বিদিশা। সাবেক রাষ্ট্রপতি এখানেই থাকতেন। এরশাদ নিজের নামে যে ট্রাস্ট গঠন করেছিলেন তার থেকে অর্জিত আয়ে এরিকের খরচ নির্বাহ করা হয়। ২০১৯ সালে মৃত্যুর আগ মুহূর্তে এরশাদ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন এবং তার সম্পত্তি ট্রাস্টের নামে উইল করে যান।











































